যেখানে দেখি সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমা বানানোর ভূত মাথায় চেপে বসলে তা নামানো কঠিন হয়ে যায়। আমার মাথায় সেই ভূত স্কুলজীবনেই আসে। সেখান থেকে বিভিন্ন দেশের সিনেমা দেখা শুরু হয়ে যায়। আর বিভিন্ন ভাষা শেখা শুরু হয়, যাকে চলচ্চিত্রের ভাষা বলি। নিজে কাজ করতে এসে জীবনের নানা জটিলতায় সেই ভাষা শুদ্ধতা হারায়। কঠিন হতে থাকে গল্প বলার ভঙ্গি। সেই ভঙ্গিটা তার স্বভাবসুলভ স্বচ্ছতা হারায়। তাই খুদে চলচ্চিত্র নির্মাতার কাজগুলো প্রথম আলোর সুবাদে যখন দেখি, মনে হয় এখনো তাদের খুদে ছবিতে আছে গল্প বলার সেই সহজ ভঙ্গি। কিছু সীমাবদ্ধতাসহ তাদের ছবিগুলোর ভাষা অনেক সহজ, যা মানুষের সঙ্গে সহজে যোগাযোগ তৈরি করে। অ্যানিমেশনের ছবি, ব্যালান্স আমার অনেক প্রিয়। এ ছাড়া ফেসবুকের ছবিটাও আমার কাছে অনেক মজা লেগেছে। ফেসবুক ছবিটা দেখলে বোঝা যায়, ফেসবুকের সঙ্গে কীভাবে বর্তমান তরুণদের জীবনধারায় মিশে আছে। টিভি আর ইন্টারনেটের বেড়াজালে থেকেও এই কয়েকজন খুদে নির্মাতা তাদের স্বকীয়তায় নিজেদের ভাবনাকে চলচ্চিত্রের ভাষায় প্রকাশ করার ক্ষমতা রাখে, যা আমার মতো পচন ধরা নির্মাতাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমি জানি না, এই খুদে নির্মাতারা ভবিষ্যতে কী করবে, কিন্তু এদের মাধ্যমে আমি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অনেক চলচ্চিত্র নির্মাতার স্বপ্ন সাবালক হওয়ার সম্ভাবনা দেখি প্রতিনিয়ত।