যেখানে যুদ্ধ–সংঘাত, সেখানেই ফারাহ নাজ

বাংলাদেশি চিকিৎসক ফারাহ নাজ হোসেন। আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেদসাঁ সঁ ফ্রোঁতিয়েরের (এমএসএফ) এশিয়া অঞ্চলের স্বাস্থ্য উপদেষ্টা। বর্তমান কর্মস্থল জাপানের টোকিও। আফগানিস্তান, দক্ষিণ সুদান ও ইরাকের মতো যুদ্ধবিধ্বস্ত এলাকায় দায়িত্ব পালন করেছেন ফারাহ নাজ। তাঁর কাছ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা শুনলেন নাজনীন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের (এমএসএফ) বা ডক্টরস উইদাউট বর্ডারসের হয়ে তখন আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলের শহর কুন্দুজে কাজ করেন ফারাহ নাজ হোসেন। সময়টা ২০১৫ সাল। ২ অক্টোবর কুন্দুজে এমএসএফের হাসপাতালে কাজ শেষে কাবুলে ফিরেছেন। মধ্যরাতে হঠাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন। তিনি জানালেন, হাসপাতালের বাইরে বন্দুকযুদ্ধ চলছে। একটি কক্ষে গাদাগাদি করে আছেন ৪০ জন। বিমান হামলায় কুন্দুজের হাসপাতালটি ধসে গেছে। পরে খবর এল, সেখানে তাঁর ১৪ জন সহকর্মী, ২৮ জন রোগীসহ ৪২ জন মানুষের মৃত্যু হয়েছে। এখনো ফারাহ নাজের মনে দগদগ করে সেই দুঃসহ স্মৃতি। বললেন, ‘খবরটা জেনে অনেক কষ্ট পাচ্ছিলাম। এক সহকর্মী তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য কুন্দুজে থেকে গিয়েছিলেন। তিনিও মারা গেছেন। যে রোগীদের চিকিৎসা করেছিলাম, তাঁদের অনেকেরই মৃত্যু হলো। জরুরি অস্ত্রোপচার করছিলেন একজন চিকিৎসক, বোমার আঘাতে তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেল।’ হাসপাতাল শান্তির জায়গা, নিরাপত্তার জায়গা, সেখানেও হামলা হবে—ফারাহ নাজের ধারণাতেও ছিল না। কুন্দুজ ট্রমা সেন্টার নামে ৯২ শয্যার ইউরোপীয় মানের সেই হাসপাতালটি এক রাতের মধ্যে গুঁড়িয়ে গেল।

ফারাহ নাজ হোসেন
ছবি: সংগৃহীত

সুদানের স্মৃতি

২০১২ থেকে তিন বছর আফগানিস্তানে কাজ করেছেন ফারাহ নাজ। সেখান থেকে ২০১৬ সালে যান আরেক সংঘাতময় এলাকা দক্ষিণ সুদানে। ছিলেন ২০১৮ সাল পর্যন্ত। একদিন তাঁদের চিকিৎসাকেন্দ্রের বাইরে বন্দুকযুদ্ধ চলছিল। তাঁরা ৪০ জন একটি কক্ষে আশ্রয় নেন। ২৪ ঘণ্টা পর বন্দিদশা থেকে মুক্ত হন। তবে সুদানের আরেকটি ঘটনার কথা মনে পড়লে আনন্দে ভরে ওঠে মন। দুর্গম এলাকা পিবরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করতেন ফারাহ নাজ। সেখানে এমএসএফের একটি সাধারণ সেবাকেন্দ্র ছিল। একদিন মধ্যরাতে সেখানে অন্তঃসত্ত্বা এক নারীকে নিয়ে আসেন স্বজনেরা। ওই নারীর পেটের সন্তানের অবস্থা এমন ছিল যে অস্ত্রোপচার ছাড়া মা ও সন্তানকে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে। অথচ কেন্দ্রটিতে কোনো অস্ত্রোপচারকক্ষ ছিল না। কী করবেন ভেবে পাচ্ছিলেন না তাঁরা। একপর্যায়ে তাঁর যা যন্ত্রপাতি ছিল, সেগুলো জীবাণুমুক্ত করেই অস্ত্রোপচার করেন। বেঁচে যায় মা ও সন্তান।

যুদ্ধবিধ্বস্ত এলাকার এক শিশুর সঙ্গে ফারাহ নাজ
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ অনেক

২০১৮ সালে ইরাকে চলে যান ফারাহ নাজ। সে সময়কার একটি ঘটনায় নিজেকে তাঁর বড় অসহায় মনে হয়েছিল। বলছিলেন সে ঘটনা, ‘মসুল শহরে এমএসএফের ট্রমা সেন্টারে বোমা হামলায় আহত এক তরুণের চিকিৎসা করছিলাম। তাঁর দীর্ঘ চিকিৎসার দরকার ছিল। কিন্তু তাঁকে কিছুতেই হাসপাতালে রাখা গেল না। জানালেন তিনি ট্যাক্সি চালান, পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। মাসের পর মাস হাসপাতালে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।’

কাজের জায়গাগুলো দুর্গম হওয়ায় অনেক সময় যথাযথ চিকিৎসা দেওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, জানান ফারাহ। দক্ষিণ সুদানে যেসব জায়গায় যেতেন সেখানে বিমানবন্দর ছিল না। উড়োজাহাজ অবতরণের জন্য কিছুটা জায়গাজুড়ে রানওয়ের মতো ‘এয়ার স্ট্রিপ’ করা থাকত। কখনো কখনো পানিতে আর কাদায় ডুবে থাকত সেসব এয়ার স্ট্রিপ। আঠালো কালো মাটিতে দেবে যেত উড়োজাহাজ। সেসব জায়গায় সপ্তাহের পর সপ্তাহ সামান্য খাবার খেয়ে তাঁদের কাজ করতে হতো। অনেক জায়গায় ওষুধ সরবরাহ করা কঠিন হতো।

২০১০ সাল থেকে এমএসএফে কাজ করছেন ফারাহ নাজ হোসেন

বাংলাদেশ এগিয়ে

২০১০ সাল থেকে এমএসএফে কাজ করছেন ফারাহ নাজ হোসেন। বর্তমানে তাঁর কাজের আওতাভুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ,পাকিস্তান, ফিলিপাইন ও পাপুয়া নিউগিনি। ৮৮টি দেশে এমএসএফের কার্যক্রম রয়েছে। এমএসএফের বাংলাদেশের কক্সবাজারে ৮টি এবং ঢাকার কামরাঙ্গীরচরে দুটি সেবাকেন্দ্র রয়েছে। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যে কমিউনিটিভিত্তিক অংশগ্রহণ অন্য দেশগুলোর তুলনায় অনেক শক্তিশালী। এখানে গ্রামের একজন মাও সন্তানকে টিকা দিতে নিয়ে যান। খাবার স্যালাইনের কথা ঘরে ঘরে সবাই জানেন।

মা-বাবা রেগে গেলেন

মোতাহার হোসেন ও হাজেরা হোসেন দম্পতির দুই মেয়ের মধ্যে ফারাহ নাজ বড়। ঢাকাতেই জন্ম ও বেড়ে ওঠা। ইচ্ছা ছিল স্থপতি হবেন। তবে মা-বাবার ইচ্ছায় চিকিৎসক হন। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে ২০০৩ সালে এমবিবিএস করেন। দ্বিতীয় বর্ষে থাকার সময় এমএসএফের (মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের) এক নিবন্ধে পড়েছিলেন সংঘাতময় এলাকায় কত ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন চিকিৎসকেরা। ওই নিবন্ধ পড়েই চিকিৎসক হওয়ার আগ্রহ পান। প্রথম চাকরি নেন বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশে পথশিশু ও বস্তির শিশুদের চিকিৎসক হিসেবে। দেশের বাইরে প্রথম চাকরি তানজানিয়ায় ২০০৮ সালে। বলছিলেন, ‘যুদ্ধ-সংঘাত এলাকায় কাজ করব শুনে আব্বু-আম্মু প্রচণ্ড রেগে গেয়েছিলেন।’

ফারাহ নাজের স্বামী আমিরুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। ফারাহর ঝুঁকিপূর্ণ কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে সব সময় পাশে পেয়েছেন স্বামীকে।

এত ঝুঁকি নিয়ে কেন কাজ করছেন। ফারাহ নাজের সহজ স্বীকারোক্তি, ‘প্রতিকূলতার সঙ্গে লড়তে থাকা মানুষের সেবা করার মধ্যে শান্তি খুঁজে পাই।’