যেখানে সবাই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন আফরোজ, সিরাজুর রহমান, সাদিয়া শারমীন, মামুন সরকার, সজল মোল্লা, ফাতিমা ওয়াহিদা, সাবরিন আবদুস সামাদ, অনামিকা দত্ত—ভিন্ন আটটি নাম। ভিন্ন আটজন মানুষ। ভিন্ন তাঁদের স্বপ্ন। কিন্তু একটি জায়গায় সবারই মিল আছে। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া। বসন্তের এক পড়ন্ত বিকেলে আড্ডায় উঠে এল তাঁদের বন্ধুত্ব-সংগ্রাম-সাফল্যের স্বপ্নগাথা। সব মিলিয়ে এ বিভাগ থেকে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন আট জন। ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ফাতিমা ওয়াহিদা, সাবরিন আবদুস সামাদ ও অনামিকা দত্ত নরসিংদীতে প্রশিক্ষণে অংশ নেওয়ার কারণে আড্ডায় আসতে পারেননি। সিজিপিএর ভিত্তিতে প্রথম অবস্থানে রয়েছেন সাদিয়া শারমীন। তিনি জানান, মা, বাবা, বড় বোন—অর্থাৎ, পুরো পরিবারই তাঁর অনুপ্রেরণা। দ্বিতীয় অবস্থানে থাকা সিরাজুর রহমানের জীবনটা সংগ্রামের। ছোটবেলায় পুলিশ কর্মকর্তা বাবাকে হারান সিরাজ। রংপুর ক্যাডেট কলেজের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘আমি অত ভালো ছাত্র ছিলাম না। তবে যেটা পারতাম, সেটা হলো অক্লান্ত পরিশ্রম।’ তাঁর কেমিস্ট্রি ভালো লাগার শুরুটাও বেশ চমৎকার। ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষায় রসায়নে করলেন ফেল! তারপর? ‘স্যার রুমে ডেকে ওয়াদা করালেন পরবর্তী পরীক্ষায় যেন ভালো ফল হয়। তারপর রাত-দিন রসায়নের রসে মজে ছিলাম। তার ফল হিসেবেই বোধ হয় এই বিভাগে সুযোগ পেয়েছি।’গাজীপুরের প্রত্যন্ত গ্রাম বালিয়াপাড়ার ছেলে মামুন সরকার স্কুলেই পড়া শেষ করে ফেলতেন। বাসায় শুধু ঘুম আর ক্রিকেট খেলা। মেজো ভাইয়ের অনুপ্রেরণায় নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন। জেদ ছিল ঢাকার কোনো কলেজে পড়বেন। কিন্তু ঢাকার হাওয়া গায়ে লাগতেই বদলে গেলেন তিনি। সারা দিন চলত সিনেমা দেখা। ফলাফল কলেজে প্রথম বর্ষের পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ফেল! ঘোর কাটল তাঁর। মনে ভেসে উঠল কৃষক বাবার মুখ, যিনি খেয়ে না-খেয়ে টাকা ঢালছেন ছেলের পড়াশোনার পেছনে। ব্যর্থতাই যে সাফল্যের চাবিকাঠি—এর প্রমাণ দেখালেন উচ্চমাধ্যমিকে ভালো ফল করে। যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।এরপর কথা বলি রওশন আফরোজের সঙ্গে। আফরোজ বলেন, ‘শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। আবাসন সমস্যার কারণে প্রথম বর্ষে ফল খারাপ হয়ে যায়। পরে মা-বাবার উৎসাহে ঘুরে দাঁড়াই, ডিনস পুরস্কার অর্জন তারই প্রমাণ। অন্যের সঙ্গে নয়, প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে। নিজেকে কী করে আরও ভালো করা যায়, সে চেষ্টাই আমার সাফল্যের মূলমন্ত্র।’ আড্ডার সবচেয়ে মূল্যবান কথা বোধ হয় এটিই।প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে জিপিএ ৫—সজল মোল্লার অর্জনের খাতায় কোনোটিই নেই! সেই তিনিই সম্মানজনক ডিনস পুরস্কার পেয়েছেন, বিষয়টি তাঁকেও অবাক করে। তাঁদের এলাকার ইউনিয়নে তিনিই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবাই তাঁকে নিয়ে গর্ববোধ করে। ‘আমি আসলে খুব ফাঁকিবাজ’, এটুকু বলতে না-বলতেই সবাই টিপ্পনী কাটল, ‘তাই বুঝি সারা দিন রিডিং রুমেই পড়ে থাকিস!’পুরস্কার পাওয়া সবাই কিন্তু খুব ভালো বন্ধু। ‘ভালো ফলের পেছনে বন্ধুদের অবদান অনেক’, সাদিয়া বলেন। পরীক্ষায় নোট করে পড়া, পরীক্ষার আগে সবাই মিলে আলোচনা করে ক্লাস লেকচার সমাধান করা, এগুলোই তাঁদের ভালো ফলের নেপথ্য কারণ বলেজানান সাদিয়া। ‘ডিনস পুরস্কার কারও সঙ্গে ভাগাভাগি করতে বলা হলে আমি সৌমেন পোদ্দার আর লুৎফুল কবীর বাপ্পির সঙ্গেই ভাগ করতাম’, সিরাজের কণ্ঠে প্রিয় দুই বন্ধুর জন্য ভালোবাসা।নিজেকে আড্ডার মাস্টার হিসেবে দাবি করলেন সাদিয়া। কখনো সেই আড্ডা হয়ে যেত গ্রুপ স্টাডি। ‘শিক্ষকদের সহযোগিতা কোনো দিনই ভোলার নয়’, যোগ করলেন মামুন।রওশন আফরোজ আঁকাআঁকি করতে ভালোবাসেন। স্কাউটিংও করেছেন তিনি। কৃষির যাবতীয় কাজে দক্ষ মামুন পারেন ভালো নৌকা চালাতে।সাদিয়া কাজ করছেন ছিন্নমূল শিশুদের নিয়ে। সিরাজ চান দেশের জন্য গবেষণাধর্মী কাজ করতে। মামুনের স্বপ্ন তাঁদের গ্রামে একটা লাইব্রেরি করার। বইয়ের আলোতে গ্রামের অশিক্ষার অন্ধকার দূর করতে চান তিনি। সজলের ইচ্ছা ন্যানোটেকনোলজিস্ট হওয়ার। রওশন আফরোজের বৃদ্ধাশ্রম করার ইচ্ছা। এ ছাড়া চান গবেষণাভিত্তিক কাজে যুক্ত হতে।এরই মধ্যে সাদিয়া-মামুন লেগে গেলেন খুনসুটিতে। ‘জীবন একটাই, একে এভাবেই উপভোগ করা উচিত’, বলছিলেন সিরাজ। সময় গড়িয়ে গেল। সূর্য হেলে পড়ল পশ্চিমে। আড্ডা শেষ করতে হলো। কিন্তু তার রেশ রয়ে গেল সবার মনে।