
টাক টাক শব্দ করে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি।
‘ওই ওই... ওই যে অ্যামিশ ভিলেজের ঘোড়ার গাড়ি যাচ্ছে।’ আমাদের মাইক্রোবাস থেকে চিৎকার করে উঠল একজন।
সাবেকি ধরনের ঘোড়ার গাড়ি। সহিস চালাচ্ছেন। পেছনে একজন পুরুষ ও একজন নারী। সঙ্গে ছোট দুটি ছেলেমেয়ে।
বুঝলাম, কোনো এক অ্যামিশ পরিবার বৈকালিক ভ্রমণে বের হয়েছে।
এদের প্রতিটি পরিবারের একটি করে ঘোড়াচালিত গাড়ি বা ওয়াগন আছে। পুরুষের পরনে প্লেন ফেব্রিক এবং ঘরে বানানো গাঢ় রঙের পোশাক। নারী পরেছিলেন ফুল হাতা শার্ট ও অ্যাপ্রোন দিয়ে ঢাকা ফুল স্কার্ট। মাথায় লম্বা চুল। তার ওপরে ক্যাপ ও কালো বনেট।

২.
অনেক আগে সাদা-কালো যুগে বিটিভিতে একটা সিরিয়াল দেখাত, ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’। মনে হচ্ছিল সেই ধারাবাহিকের কোনো দৃশ্য। কিংবা ওই সময়ের ওপর নির্মিত কোনো সিনেমার শুটিং চলছে।
কিন্তু না। সিনেমার সংলাপের মতো বলতে হয়, এই ঘোড়ার গাড়ি, আস্তাবল, সাদামাটা গ্রামীণ পোশাক, ঘরে ঘরে হারিকেনের বাতি, ভুট্টাখেতে চাষের কাজে ব্যস্ত কৃষক—সবই বাস্তব। ওরা অ্যামিশ জনগণ। যারা সিম্পল লিভিং, প্লেইন ড্রেস ও প্রযুক্তিবর্জিত জীবনে অভ্যস্ত।
কীভাবে ওদের নাম হলো অ্যামিশ? একটু পেছন ফিরে তাকানো যাক...।

৩.
অ্যামিশদের উৎপত্তি সুইজারল্যান্ডের অ্যানব্যাপটিস্ট গির্জা থেকে। ১৬০০ সালের দিকে হবে। জ্যাকব আম্মান নামে একজন অ্যানব্যাপটিস্ট তাঁর কিছু অনুসারী নিয়ে নিজের গোত্র থেকে আলাদাভাবে বাস করা শুরু করেন। আম্মানের নাম অনুসারে তাঁদের নামকরণ হয় অ্যামিশ। অ্যামিশদের প্রথম দলটি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ল্যাংকেস্টার কাউন্টিতে আসে ১৭৩০ সালে। বর্তমানে অ্যামিশ জনগণ ওহাইও, আইওয়া, ইন্ডিয়ানা ও কানাডার অন্টারিওতে ছড়িয়ে পড়লে বেশির ভাগই পেনসিলভানিয়ার ল্যাংকেস্টার কাউন্টিতে বাস করে।
বর্তমান পৃথিবীতে তারাই সবচেয়ে ঐতিহ্যপ্রিয় একটি জাতি। অ্যামিশরা কথা বলে পেনসিলভানিয়ান জার্মান, পেনসিলভানিয়ান ডাচও বলা হয় এমন একটি ভাষায়। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে অ্যামিশ জনসংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার। আর কানাডায় প্রায় দেড় হাজার। কিন্তু ২০০৮ সালে দেখা যায়, জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজারে। ২০১০ সালে এক সমীক্ষায় দেখা গেছে, শেষ দুই বছরে ১০ শতাংশ হারে বেড়ে মোট ২ লাখ ৪৯ হাজার হয়েছে।
আধুনিক সভ্যতা ও নিজেদের গোত্রের মানুষ ছাড়া বাকি দুনিয়া থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে ভালোবাসে অ্যামিশ জনগণ। গির্জা ও পারিবারিক সম্পর্কের ওপর এরা অত্যন্ত গুরুত্ব দেয়। গ্রামীণ জীবনযাপন, কায়িক শ্রম ও মানবিক জীবনবোধে বিশ্বাস তাদের। বেশির ভাগ অ্যামিশ জনগণ বিদ্যুৎ ব্যবহার করে না। টেলিফোন ও মোটরচালিত যানও ব্যবহার করে না তারা। তাদের বেশির ভাগই স্বাস্থ্যবিমা করে না। ‘সোশ্যাল সিকিউরিটি’ বা সামাজিক নিরাপত্তার নম্বরও নেই তাদের কাছে।

৪.
অ্যামিশদের জীবনযাপন প্রণালি সম্পর্কে জানার আগ্রহ হলো। জানা গেল, তাদের প্রধান পেশা কৃষি। তা ছাড়া কেউ কেউ কাঠমিস্ত্রি, কামার ও কুমার। এরা নিজেদের ফসল নিজেরাই জন্মায়। অতিরিক্ত ফসল সুপার মার্কেটে বিক্রি করে।
গ্রামে ঘুরে দেখতে পেলাম, অ্যামিশ পুরুষ-নারীরা কেউ খেতে কাজ করছেন। কেউ মাঠে সবজি তুলছেন। উঠানে রশি বেঁধে এমাথা-ওমাথা পর্যন্ত কাপড় মেলে দিয়েছেন শুকানোর জন্য। এঁরা ওয়াশার বা ড্রায়ার ব্যবহার করেন না।
অনেকে ভাবেন অ্যামিশরা নিরক্ষর। আসলে সেটা ঠিক নয়। একজন জানালেন, তারা পড়াশোনা করে। তবে সেটা অষ্টম শ্রেণি পর্যন্ত। এইটুকু পড়াশোনাই জীবন চালানোর জন্য যথেষ্ট বলে মনে করে তারা। ওদের ধারণা, বেশি পড়লে জীবন জটিল হয়ে যায় আর লোকজন নিজের এলাকা ছেড়ে দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। যে কারণে অ্যামিশ জনগণ মোটরযান ব্যবহার করে না।
অ্যামিশরা ধার্মিক। তবে তারা ব্যাপটাইস্ট হয় পরিণত বয়সে। কারণ তারা মনে করে, একমাত্র প্রাপ্তবয়স্করাই গির্জার প্রতি অনুগত থাকে।
তবে গির্জার প্রতি অনুগত হোক বা না হোক, সবাইকে বাইরের জগৎ থেকে আলাদা হয়ে সহজ সরল জীবনযাপন করতে হয়। তারা স্বনির্ভর হয়। সরকারের কাছ থেকে কোনো ধরনের সাহায্য নেয় না। কোনো লড়াই বা মারামারি পছন্দ করে না বলে সামরিক বাহিনীতে যোগ দেয় না। গাছের ফল পেড়েও খায় না। ফল মাটিতে পড়লে তবেই খায়।

৫.
অ্যামিশ ছেলেমেয়েরা ১৬ বছর হওয়ার পর থেকেই নিজেদের জন্য জীবনসঙ্গী খোঁজা শুরু করে। বয়স ২০ ছাড়াবার আগেই তারা বিয়ে করে ফেলে। তাদের বিয়েতে দীর্ঘমেয়াদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশাল ভোজ থাকে সেই আয়োজনে। আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়। তবে বিয়েতে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ পোশাক বা অলংকার পরে না কেউ। ছবি তোলার ব্যবস্থাও নেই। সাধারণত মেয়েদের বিয়ের গাউনের পোশাক হয় নীল। আর ছেলেরা কালো কোটের নিচে ভেস্ট জাতীয় পোশাক পরে। তবে তাতে কোনো বোতাম থাকে না। তারা পরিবার পরিকল্পনায় বিশ্বাসী নয়। যেকোনো পরিবারে কমপক্ষে সাতজন ছেলেমেয়ে থাকে।

৬.
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘নীললোহিত’ সিরিজের একটা বই পড়েছিলাম অনেক আগে। বইয়ের নাম নিরুদ্দেশের দেশে। বিভিন্ন ঘটনায় যাঁরা নিখোঁজ হন, তাঁরা কিন্তু আসলে হারিয়ে যান না। একটা গ্রামে গিয়ে থাকেন—যে গ্রামের ঠিকানা সভ্যজগতের কেউ রাখে না। নীললোহিত শুধু জানত। সেখানে বিদ্যুৎ নেই, মুদ্রার ব্যবহার নেই, আছে পণ্য বিনিময় প্রথা। কৃষিকাজই ওখানকার একমাত্র পেশা।
খেয়াল করে দেখুন, কেমন মিলে যাচ্ছে না অ্যামিশদের গ্রামের সঙ্গে?
তাই যদি কেউ সত্যি হারিয়ে যেতে চান, দেরি না করে এখনই চলে যেতে পারেন অ্যামিশপল্লিতে! ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটারের এই যুগে যেখানে সত্যিই সময় যেন থমকে দাঁড়ায়।