যেটুকু সময় পাই, ডুবে থাকি বইয়ের রাজ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনসুর মুসা
মনসুর মুসা

আমার বই পড়া শুরু হয় কবিতা দিয়ে। কাজী নজরুল ইসলাম আর সুকান্ত ভট্টাচার্যের কবিতা কী ভীষণ ভালো লাগত! সেই থেকে শুরু। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। সদ্য কৈশোরে পা দিয়েছি। তারপর তো কত বই-ই পড়েছি। কলেজজীবনে বার্ট্রান্ড রাসেল ও রবীন্দ্রনাথ ঠাকুরের বই খুব ভালো লাগত। চট্টগ্রাম কলেজের পাঠাগার খুব সমৃদ্ধ ছিল। সেখানে গিয়ে বই পড়তাম। সেই সঙ্গে ইউএসএ ও ব্রিটিশ কাউন্সিলের পাঠাগারেরও দ্বারস্থ হয়েছি বিশ্বসাহিত্যের বই পড়ার জন্য। বলতে গেলে, আমার দিন কেটেছে বইয়ের পাতায় পাতায়! তারও বেশ কিছুদিন পর—জানি না কেমন করে—আমার আগ্রহ তৈরি হলো উপন্যাসের প্রতি। পড়তে শুরু করেছি বিভিন্ন লেখকের উপন্যাস। তারও অবশ্য একটা কারণ আছে। সে সময় আমি পূর্ব বাংলার উপন্যাস নামে একটি বই লিখি। আর বই লেখার কারণে তখনকার দিনে পূর্ব বাংলায় যাঁরা উপন্যাস লিখেছেন, তাঁদের রচনাগুলো পড়তে শুরু করি। আমরা বাংলাদেশের জাতীয় গ্রন্থনীতি প্রণয়ন করেছিলাম। বইয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়ার এটিও একটি কারণ। তারপর দিনে দিনে সময়ের আবর্তে কত শত বিষয় এসে জড়ো হয়েছে আমার আগ্রহের তালিকায়। তাই প্রিয় লেখকের তালিকাও হয়েছে বেশ লম্বা। বিশ্বসাহিত্যে আমার প্রিয় লেখকের নাম বলতে গেলে লিও টলস্টয়ের নাম বলতে হবে সবার আগে। তাঁর আনা কারেনিনা ও ওয়ার অ্যান্ড পিস আমার পছন্দের বই। শেক্সপিয়ারের লেখাও বিশেষভাবে মুগ্ধ করে আমাকে।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বেশ ভালো লাগে। এখনো আমার টেবিলে দুটো বই আছে। পড়ছি সেগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী ও মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা। আগেও এই বই দুটো পড়েছি। কিন্তু সময়ের পার্থক্যে মানুষটা পাল্টে গেছে। আগে ছাত্র হিসেবে পড়েছি। আর এখন ছাত্রদের পড়াতে হয়, তাই শিক্ষক হিসেবে পড়ছি। নতুন করে ভালো লাগছে।

আনা কারেনিনা বইয়ের প্রচ্ছদ
আনা কারেনিনা বইয়ের প্রচ্ছদ

বারবারা ওয়ার্ড এর ফাইভ আইডিয়াস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বিশেষভাবে ভালো লেগেছে। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর একটি লেকচারের বিষয় ছিল। এখানে দেখানো হয়েছে ভাবাদর্শগুলো পৃথিবীকে কীভাবে পরিবর্তন করেছে। এখন যেমন মুক্তবাজার অর্থনীতি পৃথিবীকে পরিবর্তিত করছে, তেমনি একটা সময় সমাজতান্ত্রিক দর্শনও পৃথিবীকে পরিবর্তিত করেছে। বইটিতে আন্তর্জাতিকতাবাদ, সমাজতন্ত্রসহ নানা দর্শন নিয়ে আলোচনা রয়েছে। আরেকটি বই—রবার্ট বি ডাউনসের বুকস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখানে বিশ্ববিখ্যাত ৫০টি বই এবং সেগুলোর লেখক সম্পর্কে আলোচনা করেছেন লেখক। বিষয়ের দিক থেকে বইটির বৈচিত্র্য রয়েছে। এখানে বলা হয়েছে, মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন করতে এই বইগুলো সহায়ক ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বলা হয়েছে, বই মানুষের চিন্তার জগৎকে এবং সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক জগৎকে পরিবর্তন করেছে। সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে মানুষের জিজ্ঞাসা, কথা ও প্রকৃতি।
ভাষাবিজ্ঞানে পড়তে গিয়ে সার্বিকভাবে মানুষের ভাষার প্রতি আমার আগ্রহ রয়েছে। বাংলা ভাষার প্রতি হূদয়ের গভীরে একধরনের মমতা তো কাজ করেই। এ কারণে আমার ঘরে রাজ্যের ভাষাবিজ্ঞানের বই রয়েছে। ভাষাবিজ্ঞানের ওপর আমার আগ্রহের বিষয় বাক্যতত্ত্বের ওপর। এখন আমার ভাষাবিজ্ঞানের বিভিন্ন বই ভালো লাগে। সেই তালিকায় যে বইটি খুব মুগ্ধ করেছে আমায়, সেটি উইম্যান, ফায়ার অ্যান্ড ডেনজারাস থিংস। লেখক জর্জ লেকঅফ। নামটি শুনলেই ভ্রুকুটি করবেন অনেক পাঠক। আসলে এটি অস্ট্রেলিয়ার আদিবাসীদের ওপর লেখা। সেখানে এই তিন ক্যাটাগরিতে ভাগ করে। কিন্তু মূলত বইটি সিমেনটিক্সের বই। এ ছাড়া নোয়াম চমস্কির ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ডও আমার প্রিয় বইয়ের একটি। আসলে এত এত বই রয়েছে, পড়ে শেষ করা যায় না। তাই যেটুকু সময় পাই, ডুবে থাকি বইয়ের রাজ্যেই।
অনুলিখন: সুচিত্রা সরকার