কী, উচ্চমাধ্যমিকের ফল নিয়ে খুব একটা উত্তেজনার সময় কাটল? মিষ্টির ছড়াছড়ি, কলেজে গিয়ে দলবেঁধে হইচই, নাচানাচি? টেলিভিশনে, পত্রিকায় জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়েদের হাস্যোজ্জ্বল সব মুখ দেখে বাংলাদেশের মুখেই যেন ফুটে উঠেছে হাসি। তোমাদের খুশিতে আমরা সবাই খুশি। তবে সবাই নিশ্চয়ই জিপিএ-৫ পাওনি। যারা জিপিএ-৫ পাওনি, আমি তাদের দলে। জিপিএ-৫ পাওয়া খুব ভালো, আজকাল ভালো ফলের খুব দরকার হয়, তবে যারা খুব ভালো ফল করে না, পরবর্তী জীবনে তাদের অনেকেও খুব ভালো করে। আমাদের দেশের সফল মানুষের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে, তাদের অনেকের পরীক্ষার ফল খুব ভালো ছিল, অনেকের আবার রবীন্দ্রনাথ-নজরুল ইসলামের মতো ওসবের বালাই-ই ছিল না। তবে কিছুদিন আগে এই স্বপ্ন নিয়ে পাতায়ই অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, অসাধারণ প্রতিভাবানদের জন্য পরীক্ষার ফল দরকার হয় না, কিন্তু সবাই তো আর রবীন্দ্রনাথ কিংবা আইনস্টাইনের মতো মহাপুরুষ নয়। আবার ফল ভালো না করেও যে জীবনে বড় হওয়া যায়, সে উদাহরণ তোমাদের চারপাশেই অনেক আছে। তোমরা নিজেরাই খুঁজে নিতে পারো।উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার এই সময়টায় আমার মনে পড়ছে মার্কিন কবি রবার্ট ফ্রস্টের দুটো কবিতা। একটা কবিতার নাম দ্য রোড নট টেকেন—যে পথে কেউ যায়নি। একটা বনের সামনে এসে দাঁড়িয়েছেন একজন পথিক। তাঁর সামনে দুটো পথ। এখন দুটো পথের মধ্যে কোনটা বেছে নেবেন পথিক? কবি বলছেন, আমি সেই পথটাই বেছে নেব, যে পথে আগে খুব কমসংখ্যক পথিকই গেছে। তাতেই রচিত হয়েছে আসল পার্থক্য।Two roads diverged in a wood, and I, I took the one less traveled by, And that has made all the difference.(দুটো পথ বেঁকে গেছে শুরু হলো বনসে পথেই যাই আমিযে পথে গেছেন অল্প জনতাতেই পার্থক্য সব হবে বিরচন।)কেন এটা বলছি। সেটা জানতে হলে তোমরা তোমাদের প্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত—এই দুজনের সাক্ষাৎকার নিচে পড়ে নাও। দুজনই বলছেন, সবাই কেন একই দিকে যাবে? হ্যাঁ, উচ্চমাধ্যমিক পরীক্ষার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হচ্ছে। কে কোথায় ভর্তি হবে, তা নিয়েই কথা। কম প্রচলিত ভালো বিষয়ের ব্যাপারেও তোমরা খোঁজখবর করে দেখতে পারো।এরপর রবার্ট ফ্রস্টের যে কবিতাটা মনে পড়ছে, সেটা খুবই বিখ্যাত। এই পঙিক্তগুলো অনেক বিখ্যাত মানুষই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন।The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep,And miles to go before I sleep.(ঘন বন আঁধার মধুরআমারও রয়েছে কথা কথা রাখবারঘুমিয়ে পড়ার আগে যেতে হবে দূরঘুমিয়ে পড়ার আগে যেতে হবে দূর)ঘুমিয়ে পড়ার আগে যোজন যোজন পথ পাড়ি দিতে হবে। আমাদের আছে অঙ্গীকার, আমাদের কথা রাখতে হবে। ড. আইনুন নিশাত বলেছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে, এখনই থামলে চলবে না। জীবন মানেই পরীক্ষা। প্রত্যেকটা স্তরেই ভালো করতে হবে। ভালো জায়গায় ভর্তি হওয়াটা এখন তোমাদের প্রথম অগ্রাধিকার। তারপর বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ায় তোমরা ভালো করবে। পরিশ্রম করবে। তারপর জীবনের প্রতিটি স্তরে ভালো করতে হবে। আমি আর কথা বলি না। এবার ওই দুই শিক্ষাগুরুর কথা আমরা একটু শুনি। তোমাদের আবারও অভিনন্দন।আইনুন নিশাতপরীক্ষাটা জীবনের একটা স্তর, যেটা পার হতে হয়, ভালোভাবে পার হতে হয়। উচ্চমাধ্যমিকে যারা জিপিএ-৫ পেয়েছ, তাদের অভিনন্দন। যারা পাওনি, তাদের বলি, জিপিএ-৫ না পেলেই জীবন ব্যর্থ হয়ে যায় না। মাধ্যমিকের চেয়ে উচ্চমাধ্যমিকটা কঠিন। এটা প্রতিবছরই হয় যে মাধ্যমিকে যারা জিপিএ-৫ পায়, তাদের সবাই উচ্চমাধ্যমিকে ভালো করে না। সংখ্যাটা কমেই যায়। কিন্তু হাল ছেড়ে দিতে হয় না। আবার মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভালো করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ভর্তি হয়, তার তো সেখানে খারাপ করার কথা নয়। কিন্তু দেখা যায়, সেখানেও কেউ কেউ খারাপ করে। কারণটা হলো, হাল ছেড়ে দেয়। তোমাদের সামনে এখন আরেকটা স্তর, ভর্তি পরীক্ষা, সেটাও ভালোভাবে পার হতে হবে। তারপর যখন বিশ্ববিদ্যালয়ে আসবে, তখনো তোমার হাল ছেড়ে দেওয়া চলবে না। ভালো করার জন্য যে পরিশ্রমটা প্রয়োজন, সেটা করে যেতে হবে। আর আমরা দেখি, সবাই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে ভালো বলে গণ্য কতগুলো বিভাগ আছে, সেসবে ভর্তি হতে চায়। আমাদের সময়ে যেমন লেদার টেকনোলজি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অনেকেই আকর্ষণ বোধ করেনি। কিন্তু যে ভালো ছাত্ররা ওই সব বিষয়ে গেছে, তারা পরবর্তী সময়ে খুবই ভালো করেছে।কাজেই জীবনের এই পর্যায়ে এসে একটু চোখ-কান খোলা রেখে বিবেচনা করে দেখতে হবে, সুযোগ ও সম্ভাবনা কোন বিষয়ে বেশি, বিচিত্র ধরনের বিষয়ে বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ কিন্তু এখন তৈরি হচ্ছে। গতানুগতিক বিষয়ে না পড়ে জীবনে কাজে লাগে, এ রকম বিষয় নিয়ে পড়া যেতে পারে। তবে একটা কথা বলে রাখি, সারাটা জীবনই কিন্তু সংগ্রামের মধ্য দিয়েই যেতে হয়, একটা ধাপ তোমরা অতিক্রম করেছ, কিন্তু সংগ্রাম শেষ হয়নি, এখন আরেকটা ধাপে তোমরা এসে পড়লে, এই ধাপটাও ভালোভাবে পেরোনোর জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে।আর যারা ভালো করোনি, তাদের বলি, পরীক্ষায় খারাপ করার তিনটা কারণ থাকে সাধারণত। একটা হলো, অসুখবিসুখ হয়েছিল, সুস্থ থাকাটাও একটা পরীক্ষা, স্বাস্থ্যের দিকে তাই সব সময়ই নজর দিতে হবে। আরেকটা হতে পারে, পারিবারিক বা আর্থিক সমস্যা বা অন্য কোনো কারণে ঠিকমতো পড়াশোনা করা যায়নি। তিন নম্বর কারণ হলো, বিষয়টা পছন্দ হয়নি, হয়তো জোর করে বিজ্ঞানে পড়ানো হচ্ছে, অথচ শিক্ষার্থীর ভালো লাগে মানবিক বিষয়। যা-ই হোক না কেন, কোনো জীবনই একটা পরীক্ষায় খারাপ করলে ব্যর্থ হয়ে যায় না। ভবিষ্যৎ জীবনের জন্য নতুন করে প্রস্তুতি নাও, হতাশ হয়ো না।মুহম্মদ জাফর ইকবালতোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো করেছ, তোমাদের অভিনন্দন। এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর পরই জীবনের মোড় ঘুরে যাবে, কে কোন দিকে যাবে, তা স্থির হয়ে যাবে প্রায়। কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেউ বা মেডিকেল কলেজে ভর্তি হবে, কেউ বেছে নেবে ইঞ্জিনিয়ারিং। তবে আমাদের দেশে সবাই যে কেবল মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বড় বড় সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, পৃথিবীর অনেক দেশেই কিন্তু সে রকম দেখা যায় না। পৃথিবীর বেশির ভাগ দেশে দেখা যায়, ৫০ শতাংশের বেশি ছেলেমেয়ে বৃত্তিমূলক বা ভোকেশনাল শিক্ষার দিকে যায়। একটা কাজ শেখে। কাজের মানুষ হয়ে ওঠে। কাজ করে তাদের জীবনটাকে সুন্দরভাবে পার করে দিতে পারে। আমাদের দেশে এ ধরনের বৃত্তিমূলক বা কারিগরি বিষয়ের প্রতি ছেলেমেয়েদের আমরা আকৃষ্ট করতে পারিনি। এ অবস্থার পরিবর্তন ঘটানো দরকার।আর যারা এই পরীক্ষায় ভালো করতে পারোনি, তারা একদমই মন খারাপ করবে না। সামগ্রিক জীবনের তুলনায় একটা বছর খুব বেশি কিছু নয়। হতোদ্যম না হয়ে এখনকার করণীয়টা ঠিক করে ফেলো। ভবিষ্যতে তোমরা নিশ্চয়ই ভালো করবে। সাফল্য তোমাদের কাছে একদিন ধরা দেবেই। চেষ্টা করো। চেষ্টা করলে সুফল মিলবেই।