যেতে হবে বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবে মুখে বোল ফোটার আগ থেকেই মেয়েটি নাচের ঘুঙুর নিয়ে নাড়াচাড়া করত। তাকে গান শেখানোর জন্য না চাইতেই তাঁর কাছে চলে আসত হারমোনিয়াম। তারপর দিনে দিনে সবার কাছে পরিচিত হয়ে উঠল সে। অবশেষে মফস্বলের গণ্ডি পেরিয়ে একদিন পৌঁছে গেল ঢাকায়, নাচের ছন্দে মাত করল আসর।যশোরের মেয়ে অনা মার্জিয়া, পরিচিতজনেরা যাকে এ্যানি নামে চেনেন। তাঁর বেড়ে ওঠার গল্পটি অবশ্য এতটা মসৃণ ছিল না। প্রতিমুহূর্তে পায়ে পায়ে ছিল বাধা। আর এসব বাধা ডিঙিয়েই যশোরের মানুষের কাছে সম্ভাবনাময় তারকা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি, হয়ে উঠেছেন নিজ ক্যাম্পাসের প্রিয়মুখ।‘বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই।’ নিজের কথা বলতে বলতে অনা মার্জিয়া জানালেন তাঁর বেড়ে ওঠার কাহিনি। সেই কাহিনির ভেতর আরও কত গল্প জমা হলো! মেয়েকে ডাক্তার বানানোর বাসনায় মেয়ের নাচ-গান-আবৃত্তির বিষয়ে প্রথম থেকেই খানিকটা আপত্তি ছিল বাবা আসগর আলীর। তাই অনা মার্জিয়ার হারমোনিয়ামটি যখন নষ্ট হলো, সেটিকে আর সারানোর উদ্যোগ নেননি তিনি। ফলে অনেক সময় বাবাকে না জানিয়ে, নানা জায়গা থেকে নাচের পোশাক ধার করেও বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বিভাগীয় পর্যায়সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তবে নাচের ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় স্বীকৃতিটি এসেছে ২০১০ সালে। এ বছর প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিওগ্রাফি দলের সদস্য হিসেবে নাচ পরিবেশন করেন তিনি।‘আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন কবিতা আবৃত্তি করতাম, ছবি আঁকতাম। পাশাপাশি নাচও করতাম। মায়ের কাছেই প্রথম নাচের হাতেখড়ি। পরে শিখেছি সেলিম হোসেনের কাছে। আমার নাচের বিষয়ে বাবার নিরুৎসাহ থাকলেও মায়ের উৎসাহ ছিল প্রচণ্ড।’ অনা মার্জিয়া বলে চলেছেন তাঁর ফেলে আসা দিনগুলোর কথা। সেই কথার ভেতর জ্বলজ্বল করছে প্রাণোচ্ছ্বাস। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি লেখাপড়ায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখছেন তিনি। পদার্থবিজ্ঞান নিয়ে যশোরের এমএম কলেজে পড়ছেন তৃতীয় বর্ষে। এ ছাড়া তিনি চাঁদের হাট নামের একটি প্রতিষ্ঠানে নৃত্যশিক্ষক হিসেবেও কর্মরত। তবে যশোরের মানুষের কাছে তাঁর প্রধান পরিচয় সম্ভাবনাময়ী নৃত্যশিল্পী হিসেবে। ‘এখন নাচই আমার ধ্যান-জ্ঞান’ বলতে বলতে মার্জিয়া জানালেন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বাধনী মঞ্চে তাঁর অংশ নেওয়ার বিষয় সম্পর্কে, ‘তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। সামনেই প্রথম পর্বের পরীক্ষা। এমন সময় সেলিম স্যার বললেন, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য সারা দেশ থেকে ছেলেমেয়ে বাছাই করা হবে। আমি চাই তুমি বাছাইয়ে অংশ নাও। স্যারের কথা শুনে রাজি হয়ে গেলাম। কিন্তু ভয় ছিল বাবা যদি যেতে না দেন। অবশেষে বাবাও সম্মতি দিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শিবলী মহম্মদের তত্ত্বাবধানে বাছাইপর্বে অংশ নিলাম। সারা দেশের দুই শতাধিক নৃত্যশিল্পী এখানে অংশ নিয়েছিল। ২০১১-এর ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নেচেছি আমি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না!’যশোরের এই তরুণ নৃত্যশিল্পী বলে চলেছেন নিজের জীবনের কাহিনি। সেই কাহিনির ভেতর এবার ভেসে এল তাঁর বন্ধুদের মুখ। বললেন, ‘ক্যাম্পাসের বন্ধুদের মধ্যে থাকলে আমি যেন নতুনভাবে বেঁচে উঠি। আমাকে নিয়ে ওদের যে কত উচ্ছ্বাস, তা হয়তো বলে বোঝানে সম্ভব নয়।’ শিশুশিল্পী হিসেবে একদিন অনা মার্জিয়ার যে যাত্রা শুরু হয়েছিল, দিনে দিনে সেখানে কেবল নৃত্য নয়, আবৃত্তি ও অভিনয়শিল্পী হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। যশোরে থেকেই এখন নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে।নৃত্যছন্দে তাঁর এই এগিয়ে চলায় অনা মার্জিয়ার বাবাও এখন খুশি। মেয়ে প্রতিভার স্বীকৃতি পাচ্ছে—ডাক্তার হওয়ার চেয়ে এটাই বা কম কি। অনা মার্জিয়া জানালেন, আরও অনেক দূরে যেতে চান তিনি। মফস্বলের গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকাকেও মাতাতে চান তাঁর নূপুরের নিক্বণে।