যেতে হবে বহুদূর...
শেষ বিকেলে ছোটখাটো গড়নের ভিনদেশি এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে চিত হয়ে শুয়ে আকাশ দেখছেন। হাতে আমড়া। আকাশ দেখতে দেখতেই হাতে থাকা ফলে দিচ্ছেন কামড়। কাছে গিয়ে কথা বলতেই জানা গেল, নাম তাঁর বসন্ত। এসেছেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে। মেধাবী শিক্ষার্থী এ দেশে এসে আমড়ার প্রেমে পড়েছেন। ছোট্ট একটা ফলে এত স্বাদ কীভাবে লুকানো থাকে! এটা ভেবে অবাক লাগে তাঁর। ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ‘দক্ষিণ এশিয়া সামাজিক ফোরাম’ শীর্ষক অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে অতিথি হিসেবে পাকিস্তান, ভারত, নেপাল, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসেছেন। এ অতিথিদেরই একজন বসন্ত। ‘অন্য রকম এক দক্ষিণ এশিয়া গড়া সম্ভব’ স্লোগান ও লক্ষ্য সামনে রেখেই এ আয়োজন। আয়োজনে দক্ষিণ এশিয়ার সমস্যা এবং এর সমাধানের পথ খোঁজার করার চেষ্টা করবেন শিক্ষার্থীরা। নিজেদের চিন্তাভাবনা, দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নতির জন্য নিজ নিজ পরিকল্পনাগুলো তুলে ধরা হবে সবার সামনে। আলোচনা সভায় তর্ক-বিতর্ক ও যুক্তিপূর্ণ উপায়ে সঠিক পথ খুঁজে বের করার দিকনির্দেশনা দেওয়া হবে সবাইকে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে রয়েছে মেলা, নাচ, গান, নাটক, বিতর্কসহ হরেক রকম অনুষ্ঠান উপভোগের সুযোগ। তবে সবচেয়ে বড় সুযোগ হলো দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।একা একা আকাশ দেখা হচ্ছে কেন? এ প্রশ্নের জবাবে বসন্ত জানান, আকাশ এখানে অনেক বড়। তাঁর ধারণা ছিল, নেপাল আর বাংলাদেশের আকাশ ভিন্ন। মেঘের আকার আর রঙেও হয়তো আছে ভিন্নতা। কিন্তু ভেঙেছে সেই ভুল ধারণা। যেকোনো দেশের, যেকোনো জায়গা থেকে আকাশ দেখা হলে তা দেখতে একই রকম লাগবে। আকাশে আকাশে নেই কোনো ভিন্নতা, ভেদাভেদ ও লড়াই। বসন্ত দক্ষিণ এশিয়াকে এই আকাশের মতো করে দেখতে চান। দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যাতে এক দেশ থেকে আরেক দেশে অবাধে যাতায়াত ও পড়াশোনার সুযোগ পান; বন্ধুর মতো যেন তাঁরা নিজেদের সমস্যাগুলো দূর করার জন্য একসঙ্গে কাজে নামতে পারেন, এ লক্ষ্য নিয়ে কাজ করবেন তিনি। দরিদ্রতা, শিক্ষা ও শ্রমের ক্ষেত্রে বৈষম্য, বেকার সমস্যা, অপরাধ প্রবণতাসহ সমস্যাগুলোর জন্য একসঙ্গে লড়াই করা সম্ভব হলেই অন্য রকম দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব। ‘তরুণদের কাজ করার সুযোগ দিতে হবে। একমাত্র তাঁরাই পারেন সবকিছু বদলে দিতে। কারণ, নতুন কিছু করার ক্ষেত্রে তরুণদের রয়েছে অসীম আগ্রহ এবং অফুরন্ত সাহস।’ বলছিলেন আলাপে যোগ দিতে আসা পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাগমা শেখ ও সালমান ফরহাদ। এ দেশের শিক্ষার্থীসহ আয়োজক কমিটির বন্ধুত্বপূর্ণ আচরণে তাঁরা দারুণ খুশি! যদিও ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রমেশ অধিকারীর মুখেও শোনা গেল আয়োজক কমিটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। রমেশ অল্প সময়েই পেয়ে গেছেন অনেক বাংলাদেশি বন্ধু। তাঁদের সঙ্গে চৌপর দিন চলছে দারুণ আড্ডা!আয়োজন নিয়ে এখানকার অন্যতম সংগঠক মহসীন আলী বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা যেন মুক্তভাবে চিন্তা করার সুযোগ পান। তাঁরা যেন দিনগুলো উপভোগ করতে পারেন, এর জন্যই পরিশ্রম করে যাচ্ছি আমরা।’বাংলাদেশি বন্ধুর ভাইয়ের বিয়েতে দাওয়াত করা হয়েছে নেপালি বন্ধু রমেশকে। সন্ধ্যার দিকে যেতে হবে সেখানে। রমেশের তাই অনেক প্রস্তুতি। কী দেওয়া হবে উপহার? ছেলে হলেও সামান্য সাজগোজ তো করতেই হবে! দুই বন্ধুর মধ্যকার এই দারুণ সম্পর্কের মতোই সম্পর্ক গড়ে উঠবে দক্ষিণ এশিয়ার সব মানুষের মধ্যে—এমনটা আশা করা খুব কি দোষের কিছু? [email protected]