যেতে হলে বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​নীলাচলে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড় l প্রথম আলো
​নীলাচলে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড় l প্রথম আলো

যত খুশি ঘুরে বেড়ানো ও প্রকৃতির বৈচিত্রে্যর মাঝে হারাতে চাইলে যেতে হবে বান্দরবান। এখানকার পাহাড়-নদী, ঝিরি-ঝরনা-হ্রদ, চিরসবুজ প্রাকৃতিক বনের পাশাপাশি ১১টি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি মুগ্ধ করে পর্যটকদের। বান্দরবান বেড়াতে চাইলে যেনে-শুনে আসাই ভালো। কয়েক দিন থাকার প্রস্তুতিও থাকতে হবে। কারণ এখানকার দর্শনীয় স্থানগুলো দেখতে বেশ কয়েক দিন লেগে যেতে পারে।
জেলা শহরের প্রবেশদ্বার প্রান্তিক লেক ও মেঘলা থেকে শুরু করে বড়মদক-লেক্রি, তাজিংডং-কেওক্রাডং, রাইনক্ষ্যং ট্রায়াঙ্গেল ও সিপ্পিতং পাহাড় পর্যন্ত অসংখ্য আকর্ষণীয় স্থান রয়েছে বান্দরবানে। সেই জায়গাগুলোতে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো যায়। তবে জনবিরল এলাকাগুলোর দুর্গম পাহাড়ে দলবেঁধে ট্র্যাকিং করাই ভালো। কিন্তু সেখানকার অতিথিপরায়ণ ও সহজ–সরল আদিবাসীদের সঙ্গে কোনোমতেই বিরূপ আচরণ করা যাবে না।
কোথায় কীভাবে যেতে পারেন: শহর ও শহরতলির খুব কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র। নীলাচল, স্বর্ণমন্দির, রামজাদি, শৈলপ্রপাতসহ অনেকগুলো আকর্ষণীয় স্থানে সারা

অপরূপ স্থাপত্যশৈ​লীতে নির্মিত স্বর্ণ জাদি মন্দির l প্রথম আলো
অপরূপ স্থাপত্যশৈ​লীতে নির্মিত স্বর্ণ জাদি মন্দির l প্রথম আলো

দিন ঘুরে বেড়াতে পারেন। জেলা শহরের ক্যচিংঘাটা থেকে নৌকাভ্রমণও করা যায়। নিজস্ব গাড়ি না থাকলে বাসস্টেশনের কয়েক শ গজ দূরত্বে অফিসার্স ক্লাবসংলগ্ন এলাকায় রেন্ট-এ-কারের সঙ্গে যোগাযোগ করে প্যাকেজ ভাড়া নেওয়া যায়। প্রেসক্লাব চত্বরের সাঙ্গু সেতুর গোড়া থেকে মহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশাও ভাড়া নেওয়া যেতে পারে।
আরেকটু দূরে যেতে চাইলে যেতে পারেন চিম্বুক, সীতাপাহাড়, নীলগিরি, জীবননগর ও থানচি। সেখানে পাহাড়ের নীরবতা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ম্রো আদিবাসীদের
সহজ-সরল জীবনযাপনের দৃশ্য দেখতে পারেন। তবে নিজস্ব গাড়ি থাকলেও চালকের যদি পাহাড়িপথের পূর্ব অভিজ্ঞতা না থাকে বান্দরবানের স্থানীয় গাড়িতে যাওয়াই নিরাপদ।
যদি কেউ অ্যাডভেঞ্চারপ্রিয় হন তবে দুর্গম স্থানগুলোতে গুচ্ছভ্রমণের (প্যাকেজ টুর) পরিকল্পনা নিতে পারেন। থানচির দক্ষিণে তিন্দু, রেমাক্রি, নাফাকুম, বড় মদক হয়ে ঘুরে আসতে পারেন সাঙ্গু প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে। সেখানে রোমাঞ্চকর বন্য প্রকৃতির দৃশ্য উপভোগ করার পাশাপাশি আদিবাসীদের জীবনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আছে। রুমা উপজেলায় বগা লেক, কেওক্রাডং, তাজিংডং এবং আরও দূরে সাইক্ষ্যং যেতে পারেন। অথবা রাইনক্ষ্যং পাহাড় ও পাহাড়ের ওপর রাইনক্ষ্যং পুকুর, বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের ট্রায়াঙ্গেল পাহাড়েও যাওয়া যায়। রোয়াংছড়ির রনিংপাড়া হয়ে সিপ্পি পাহাড়েও ট্র্যাকিং করা যায়। বান্দরবান থেকে থানচি হয়ে রংরাং পাহাড় ও ডিম পাহাড় যাওয়া যায়। সেখান থেকে আবার আলীকদমের আলীসুড়ঙ্গ, লামার মিরিঞ্জা পর্যটন দেখে চকরিয়া এসে চট্টগ্রাম অথবা কক্সবাজারে যাওয়া সহজ।
কীভাবে আসবেন: চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসে সরাসরি বান্দরবানে আসা যায়। অথবা কক্সবাজার হয়ে আসতে চাইলে কক্সবাজার-বান্দরবান বাস সার্ভিস রয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম গাড়িতেও সাতকানিয়ার কেরানিহাটে নেমে বান্দরবানে সহজে আসা যায়। রাঙামাটি হয়ে রাঙামাটি-বান্দরবান রুটের বাসে চড়ে বান্দরবান আসা যায় সরাসরি।