গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে দেখা হয় অং সাই প্রুর (৪৫) সঙ্গে। উপজেলার দুর্গম গজালিয়া ইউনিয়নের বড়পাড়া থেকে এসেছেন তিনি। তাঁর গলায় ব্যথা, সঙ্গে জ্বর ও পেট ব্যথা। বহির্বিভাগে এসেই শুনেন চিকিত্সক নেই। এতে তিনি অসহায়বোধ করেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন ২৫ কিলোমিটার দূরের চকরিয়া সরকারি হাসপাতালে যাবেন। সেখানে সম্ভব না হলে যাবেন বেসরকারি কোনো হাসপাতালে। পুরোনো ৩১ শয্যার ভবনের পাশেই ৫০ শয্যা হাসপাতালের বিশাল ভবন। সুদৃশ্য ভবনগুলো দেখে বোঝার উপায় নেই, শুধু ভবনগুলোই আছে, চিকিত্সক ও চিকিত্সার উপকরণ তেমন নেই। দুপুর পৌনে একটার দিকে হাসপাতালের বহির্বিভাগে দুইজন শিশু চিকিত্সার জন্য চিরকুট (স্লিপ) নেন। দায়িত্বরত চিকিত্সা সহকারী একজনের ওজন মেপে দেখেন। এ ছাড়া আর কোনো রোগী নেই।দোতলার অন্তর্বিভাগে মহিলা ওয়ার্ডে ১৩ ও পুরুষ ওয়ার্ডে ১১ জন রোগী ভর্তি আছেন। বেশির ভাগই শিশু। এদের বেশিরভাগ নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছেন।রোগীরা অভিযোগ করেন, সেবিকারা ভালো সেবা দেন না, তাঁদের ব্যবহারও ভালো নয়। শৌচাগারের অবস্থা খারাপ। মহিলা ওয়ার্ডের ১১ নম্বর শয্যায় জাহানারা বেগম (২৭) এসেছেন পৌরসভার চেয়ারম্যানপাড়া থেকে। ছয় মাস আগে তাঁর যক্ষ্মা হয়েছিল। গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে ভর্তি হয়েছেন। তিনি জানান, বেশির ভাগ ওষুধ বাইর থেকে কিনতে হচ্ছে। গজালিয়া ইউনিয়নের কোম্পানিপাড়ার ছফুরা বেগম ছেলে মোহাম্মদ আবদুল্লাহকে (৮) গত বুধবার ভর্তি করেছেন। মহিলা ওয়ার্ডের ২ নম্বর শয্যায় নিথর দেহ নিয়ে পড়ে আছে আবদুল্লাহ। কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, প্রচণ্ড জ্বর। হাসপাতাল থেকে এক্স-রে করতে বলা হয়েছে। ‘কিন্তু কোথায় করব এক্স-রে, আমরা গরিব মানুষ চকরিয়ায় যাওয়ার সামর্থ্য নেই।’ বললেন ছফুরা বেগম। সোয়া এক ঘণ্টা অবস্থানকালে একজন চিকিত্সককেও পাওয়া যায়নি হাসপাতালে। দুইজন সেবিকা ও দুইজন চিকিত্সা সহকারী সবকিছু সামাল দিচ্ছেন।লামা উপজেলায় জনসংখ্যা প্রায় এক লাখ। এই বিশাল জনগোষ্ঠীর জন্য দুইজন মাত্র চিকিত্সক। হাসনাত ওয়াহিদুল হক প্রেষণে কক্সবাজার থেকে আসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ফিরোজুর রহমান দাপ্তরিক কাজে প্রায় বাইরে থাকেন। ফিরোজুর রহমান বলেন, ‘পাহাড়ি এলাকা হওয়ায় এখানে কাউকে নিয়োগ দেওয়া হলেও যোগদান করেন না। তদবির করে অন্যত্র চলে যান।’ চিকিত্সা সহকারী মৃদুল কান্তি দেব বলেন, ‘টিএইচও স্যার ঢাকায় একটি প্রশিক্ষণে গেছেন। ওয়াহিদ স্যার সকালে এসে চলে গেছেন।’ তবে ওয়াহিদুল হক হাসপাতালে আসেননি বলে একাধিক সূত্র জানায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ওয়াহিদকে পাওয়া যায়নি।ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, ‘ডাক্তারই তো নেই, চিকিত্সা হবে কীভাবে।’ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালের সমস্যা ও চিকিত্সকসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লেখা হলেও সাড়া পাওয়া যায়নি।