যেদিন আমি ‘বিয়ের সোফা’য় বসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লরা হঠাৎ করেই আমাকে ফোন দিল, ‘আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি।’ আমি বললাম, ‘কোথায় যাবে, বসুন্ধরা না গাউছিয়া?’ আমার এহেন কথার কারণ হলো, এর আগে লরা সব সময়ই বাসা থেকে মার্কেটের উদ্দেশে বের হওয়ার আগে আমাকে তার বের হওয়ার খবর জানাত। ওই দিনটা যেহেতু ছিল ঈদের আগের দিন, অতএব আমি বসুন্ধরা কিংবা গাউছিয়ার নাম নিতেই পারি। কিন্তু ঝাড়ি খেলাম, ‘আরে বুদ্ধু, আমি বাসা থেকে একেবারে বের হয়ে গিয়েছি। আমার এক কলিগের বাসায় উঠেছি। তুমি কি আসতে পারবে?’ আমি তখন নরসিংদী চলে গেছি ঈদ করতে। কিন্তু লরার প্রশ্নটা শুনে আমার মনে গুঞ্জরিত হতে লাগল সেই গানটি—‘নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি’। নিজেকে বোঝালাম—এই গানের দৃশ্যে কেউ বাড়ি থেকে বের হয়ে আসেনি, তবু আরেকজন নীল সাগর পার হয়ে তার কাছে চলে এসেছে। আর আমার জন্য একজন বাড়ি থেকে বের হয়ে এসেছে সিএনজিওয়ালাকে এতগুলো টাকা দিয়ে, তার জন্য আমি নরসিংদীর মাঝের রাস্তাটুকু পার হয়ে ঢাকা আসতে পারব না? তাও আবার নরসিংদী এবং ঢাকার মধ্যে কোনো নীল সাগর নেই। আমি এলাম। তার কলিগের বাসা ছিল লালমাটিয়ায়। আমি আসাদগেট এসে বললাম, আমি প্রায় চলে এসেছি। আসাদগেট থেকে বাসার দূরত্ব যা, তাতে পনেরো মিনিটের বেশি লাগার কথা না। অথচ সোয়া এক ঘণ্টায়ও আমাকে বাসায় পৌঁছাতে না দেখে লরা ফোন করে জানতে চাইল আমি কোথায়। আমি কিছু বলতে পারলাম না। কীভাবে বলব, লোকেশন না চেনার একটা রোগ যে আমার মধ্যে ছিল, সেই রোগটা ওই দিন ভালোভাবেই মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমি বাসা খুঁজতে খুঁজতে প্রায় ধানমন্ডির ছায়ানটের দিকে চলে গেলাম। তারপর নতুন উদ্যমে আবার খুঁজে যখন বাসা পেলাম, তখন বিকেল হয়ে গেছে। লরাকে তার এই কলিগের বাসা থেকে নিয়ে গেলাম তার আরেক কলিগ এথেল দিদির বাসায়। সেটা গ্রিন রোডে। আগে বিয়ে না করলেও বিয়ে করতে যে সাক্ষী লাগে এটা অন্যদের মতো আমিও জানতাম। কিন্তু আমাদের সঙ্গে কোনো সাক্ষী নেই। বেশ কজনকে ফোন দিলাম। আমি জানি, তারা ঈদ উপলক্ষে কখনো গ্রামে যায় না। তবু যখন তারা বুঝল পালানো বিয়েতে সাক্ষী হতে হবে, তারা জানাল—তারা এক সপ্তাহ ধরে গ্রামের বাড়িতে। আজ আমাদের বিয়ে না হলে যদি ঈদের পরে হয়, আর তখন যদি সাক্ষী হতে হয়, সেই ভয়ে কেউ কেউ এটাও বলে দিল—ঈদের পর মাস খানেকের মধ্যে ঢাকায় ফিরবে না। অবশেষে তিনজন পাওয়া গেল। আমার বন্ধু ফারুক, আর দুই ছোট ভাই রনক ও শাকিল। ফারুকের ব্যাপারে একটু বলি। একবার শোনা গেল সে খুব জিম করছে। হলের পাশেই একটা খেলার মাঠ আছে, সেখানে গিয়ে সে প্রতিদিন নাকি ব্যায়াম করে। একদিন তার সঙ্গে এ ব্যাপারে কথা হচ্ছিল। সে বলল, জিম করতে ভালোই লাগছে, কিন্তু যাতায়াতে একটু অসুবিধা হয়। আমি বললাম, কী ধরনের অসুবিধা? উত্তরে ফারুক যা জানাল তার সারমর্ম হচ্ছে, সে প্রতিদিন জিমে যায় রিকশা দিয়ে। যা-ই হোক, ফারুক ফোন পেয়েও এই শর্ত জুড়ে দেয়, যদি রিকশা পায় তাহলে আসবে। সেদিনই আমার প্রথম মনে হয়েছিল, ইস, আজ নিজের যদি একটা রিকশা থাকত! শেষ পর্যন্ত নিজের রিকশা ছাড়াই এসে পৌঁছাল সবাই। বোনাস হিসেবে একজনকে পাওয়া গেল। কারণ রনক মতিন নামের একজন বয়স্ক লোককে নিয়ে এসেছিল উকিল বানানোর জন্য। কাজি ডেকে আনা হলো। কাজি প্রথমেই জানতে চাইল সাক্ষী কোথায়। আমি উপস্থিত সবাইকে দেখালাম। কাজি রনক আর শাকিলের দিকে তাকিয়েই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল—এসব নাবালক ছেলেপেলের সাক্ষীতে কাজ হবে না। উল্লেখ্য, প্রায় তিন বছর আগে রনক আর শাকিল দুজনই নাবালক না থাকলেও অন্তত বালক বালক ছিল। আমি পড়ে গেলাম বিপদে। কাজি এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমার দিকে: ‘শোনেন, সাক্ষী নাবালক হলেও সমস্যা নেই। তবে কিছু বাড়তি চার্জ লাগবে। আসলে ঝামেলার কাজ তো!’ আমরা তার মতলব বুঝে গেলাম। রনক বলল, আগে তো জানতাম কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি। এখন তো দেখছি কাজ শুরু হওয়ার আগেই পাজি! কাজি কথাটা খেয়াল করল না। সে খাতায় একটা অ্যামাউন্ট লিখে বলল, তাহলে ১০ লাখ টাকার কাবিন। ১০ লাখ টাকার কাবিনের জন্য দিতে হবে অত হাজার টাকা। এই অ্যামাউন্টটা শুনে অনুমান করতে পারলাম মেয়ের বাবারা কেন পয়সাওয়ালা জামাই খোঁজে। শাকিল বলল, ‘আপনি যে ১০ লাখ টাকার কাবিনের কথা লিখে ফেললেন, বিয়েটা কার? আপনার না ওনার?’‘নাউজুবিল্লাহ! আমার বিয়ে হবে কেন! আমার বউ বাচ্চাকাচ্চা আছে।’ ‘যদি তা-ই হয় তাহলে বরের কাছে জিজ্ঞেস করে নেবেন না?’ কাজি আমতা আমতা করে বলল, ‘ভুল হয়ে গেছে। কিন্তু এখন তো কিছু করার নেই। আমি ১০ লাখ টাকা লিখে ফেলেছি।’ ফারুক বলল, ‘১০ লাখ লিখেছেন তাতে সমস্যা নেই। তবে আমরা আপনার চার্জ পুরোটা আজ দিতে পারব না। আপনারা তো নিশ্চয়ই বকেয়ার জন্য হালখাতা অনুষ্ঠান করেন। ওই সময় দিয়ে দেব। আরেকটা কাজ করতে পারেন, বর যেহেতু এখনো ছাত্র, অতএব হাফ চার্জ নিতে পারেন।’ এবার কাজি এমন সোজা হলো যে আমরা যে অ্যামাউন্টটা বললাম, তা-ই লিখল। বিয়ে হয়ে গেল। তবে পিঁড়িতে বসে নয়, সোফায় বসে। বুঝতেই পারছেন কত আধুনিক ও উন্নত বিয়ে। বিয়ের পর সবাইকে খাইয়েদাইয়ে বিদায় দিতে যাব, তখনই বাধল সমস্যা। ফারুক, রনক আর শাকিলকে বিদায় জানানোর পর উকিল ‘বাবা’কে বিদায় জানাতে গিয়ে মুখ ফসকে বলে ফেললাম, মতিন ‘ভাই’, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।