যেদিন বাঘ থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে হারে দেশে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে, তাতে করে অদূর ভবিষ্যতে দেশে কোনো বাঘ থাকবে কি না সন্দেহ। এ দেশে যেদিন একটা বাঘও থাকবে না, সেদিন কী হবে? ভেবেছেন মাহবুব আলম

সন্ধ্যাবিহীন দিন
প্রবাদ আছে, ‘যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়।’ যেদিন দেশে কোনো বাঘই থাকবে না, সেদিন তো আর বাঘের ভয়ও থাকবে না। সুতরাং বাঘের ভয়ের কারণে সন্ধ্যা হওয়া ব্যাপারটা বাঘ না থাকার কারণে বিলুপ্ত হয়ে ইতিহাস বইয়ে স্থান করে নিলে অবাক হবেন না। এভাবেই আমরা একটা সন্ধ্যাবিহীন দিন দেখতে পাব। মানে বিকেলের পর সরাসরি রাত।

ভাইহারা চাঁদ
চাঁদ ও বাঘকে ‘মামা’ বলে সম্বোধন করা হয়। মানে চাঁদ ও বাঘ একে অপরের ভাই। যেদিন দেশে বাঘ থাকবে না, সেদিন মানুষ একজন মামা হারাবে আর চাঁদ হারাবে তার ভাইকে। হয়তো সেদিনই চাঁদ ফেসবুকে একটা আইডি খুলবে ‘ভাইহারা চাঁদ’ নামে।

উপাধির বিলুপ্তি
সাহসী লোকজনকে ‘বাঘের বাচ্চা’ বলা হয়। যদিও মানুষ দেখতে বাঘের বাচ্চার মতো নয়, তবু ঠিক কী কারণে এই উপাধি মানুষকে দেওয়া হয়, তা মানুষ তো দূরে থাক, বাঘসমাজও জানে না। যেদিন বাঘ থাকবে না, সেদিন এই উপাধিও থাকবে না। মানে অবশেষে বাঘেদের মতো এই অযৌক্তিক উপাধিরও বিলুপ্তি ঘটবে।

মিথ্যাবাদী রাখালদের বৃদ্ধি
বাঘ ও রাখাল বালকের গল্প কে না জানে। যেদিন বাঘ থাকবে না, সেদিন এই মিথ্যাবাদী রাখাল অকারণে ‘বাঁচাও বাঁচাও’ লিখে স্ট্যাটাস দিলেও কেউ আর রিপোর্ট করবে না। ফলে এ রকম মিথ্যা স্ট্যাটাস দেওয়া রাখালদের আইডির পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে।

নিদ্রাহীন থাকবে শিশু
শিশুরা না ঘুমালে মায়েরা ‘বাঘ আসবে’ বলে ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। যেদিন শিশুরা জেনে যাবে এই দেশে আসলে কোনো বাঘই আর অবশিষ্ট নেই, সেদিন তারা অযথা ভয় পেয়ে কেন ঘুমাতে যাবে? ঘুমানোর চেয়ে জেগে থেকে শুধু দস্যিপনা করাই ভালো মনে করবে এই শিশুসমাজ।

বাঘের স্মরণে স্ট্যাটাস
‘বাঘ অত্যন্ত নিরীহ একটা প্রাণী। সাধারণত এরা নিরামিষভোজী, তবে মাঝেমধ্যে কেউ রান্না করে দিলে একটু মাংসও খেত। কারও কোনো দিন ক্ষতি করেনি এরা। হরিণদের দেখলে আপন ভাইয়ের মতো আপ্যায়ন করত। আহা! এই মহান প্রাণীটির অস্তিত্ব আজ বিলীন। থাকলে কয়েকটাকে নিজস্ব খরচে নিজের বাসায় এনে রাখতাম। #RIP_Tigers’। যেদিন বাঘ থাকবে না, সেদিন বাঘদের স্মরণে মানুষ এ রকম স্ট্যাটাস দিলে লাভ রি-অ্যাকশন দিতে ভুলবেন না।