
ধন্যবাদ। আজ এখানে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। কোনো বিশেষজ্ঞ হিসেবে আমি আসিনি। এসেছি একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে। আমি সেই চার লাখ মানুষের মধ্যে একজন, যারা গত রোববার (২১ সেপ্টেম্বর, ২০১৪) নিউইয়র্কের রাস্তায় পদযাত্রায় অংশ নিয়েছিল। আমি সেই কোটি মানুষের একজন, যারা পরিবেশ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে চায়।
একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে বেঁচে থাকার জন্য অভিনয় করতে হয়। আমাকে কাল্পনিক চরিত্র হয়ে কাল্পনিক সমস্যার সমাধান করতে হয়। আমার মনে হয়, জলবায়ু পরিবর্তনকে মানুষ অনেকটা একইভাবে দেখছে। যেন এটা একটা কাল্পনিক ব্যাপার! যেন এটা অন্য কোনো গ্রহে ঘটছে! মানুষ এমন একটা ভাব করছে যেন পরিবেশের ক্রমাগত বদলে যাওয়াটা সত্যি না, আর আমরা কোনো না কোনোভাবে পার পেয়ে যাব। কিন্তু আমার বিশ্বাস বাস্তবতাটা আমরা ভালোমতো জানি। প্রতি সপ্তাহে আমরা নতুন আর অনস্বীকার্য সব প্রাকৃতিক সমস্যার মুখোমুখি হচ্ছি। পরিবেশের ঝুঁকি যে দিন দিন বাড়ছে, সেই প্রমাণ আমাদের হাতে আছে। আমরা প্রচণ্ড অনাবৃষ্টিতে ভুগছি। সমুদ্রের পানি উত্তপ্ত হচ্ছে। পৃথিবীর আবহাওয়া চরম উষ্ণ হয়ে উঠছে। পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলছে অভাবনীয় হারে, আমরা টের পাওয়ার বহু আগে থেকেই।

এসবের কোনোটিই কিন্তু বাড়িয়ে বলা হচ্ছে না, এগুলো পাগলের প্রলাপ নয়। সব সত্যি। বিজ্ঞানীরা জানেন, কারখানার মালিকেরা জানেন, সরকার জানে, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার সম্প্রতি বলেছেন, ‘জলবায়ুর পরিবর্তনই আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি।’
স্পষ্ট করে যদি বলি, পরিস্থিতিটা এমন নয় যে আমি কেবল মানুষকে বলব তোমার লাইট বাল্বটা বদলাও কিংবা একটা পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করো। পরিবেশের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু ব্যক্তিগত চেষ্টায় এটা সামলানো যাবে না। সারা বিশ্বের সব কলকারখানা, সব দেশের সরকারকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
আমি বিজ্ঞানী নই, হওয়ার প্রয়োজনও নেই। বিশ্বের বিজ্ঞানী সম্প্রদায় স্পষ্ট করে বলেছে, সচেতন না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এখন পথে নামার সময়।
সুখবর হলো, নবায়নযোগ্য জ্বালানি শুধু যে ব্যবহার করা সম্ভব তা-ই নয়, এটা আমাদের জন্য বড় আর্থিক উৎসও হতে পারে। একটা গবেষণায় দেখা গেছে, ২০৫০ সালের মধ্যে যে পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব তা দিয়ে সারা বিশ্বের জ্বালানির চাহিদা মেটানো যাবে। সেই প্রযুক্তি এখনই আমাদের আছে। এর মাধ্যমে প্রচুর কর্মসংস্থানও হবে।
একটাই পৃথিবী আমাদের। আমাদের সবার এই বাসগৃহকে বাঁচাতে সবাইকে হিসেবি হতে হবে। এই পৃথিবীতে আমাদের টিকে থাকা নির্ভর করছে সচেতনতার ওপর। এটাই সবচেয়ে জরুরি সময়। সবচেয়ে জরুরি বার্তা।
মাননীয় অতিথি, পৃথিবীর নেতৃবৃন্দ, বাঁচার জন্য অভিনয় করতে হয় আমাকে, আপনাদের না। গত রোববার মানুষ এক হয়ে তাঁদের অবস্থান জানিয়েছে। এই প্রতিবাদের জোর দিন দিন বাড়বে। এখন আপনাদের কিছু করার পালা। পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলার সময় এখন। আমি আপনাদের কাছে শুধু সাহস আর সততা চাই। ধন্যবাদ।
ইংরেজি থেকে অনুবাদ:
মো. সাইফুল্লাহ
সূত্র: গার্ডিয়ান