যেন পদ্মা-মেঘনা পাশাপাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুর্তজা বশীরের নিজ বাড়িতে গত সোমবার তোলা ছবি l জিয়া ইসলাম
মুর্তজা বশীরের নিজ বাড়িতে গত সোমবার তোলা ছবি l জিয়া ইসলাম

শিল্পী মুর্তজা বশীরের ৮৫তম জন্মদিন আজ। একই দিনে তাঁর বন্ধু কবি শামসুর রাহমানের দশম মৃত্যুবার্ষিকী। আমরা শিল্পীর কাছে গিয়েছিলাম তাঁদের গল্প শুনতে।

মুর্তজা বশীরের আঁকা শামসুর রাহমানের প্রতিকৃতি l সংগ্রহ: গৌতম চক্রবর্তী
মুর্তজা বশীরের আঁকা শামসুর রাহমানের প্রতিকৃতি l সংগ্রহ: গৌতম চক্রবর্তী

কিছুক্ষণ আগের ফোনালাপের রেশ ধরে বললেন, ‘তুমি তো শামসুর রাহমানের সঙ্গে আমার সখ্যের গল্প শুনতে চাইছিলে...।’
আমরা জানতাম, ৮৫-তে পা রাখতে যাচ্ছেন যিনি এই ১৭ আগস্টে (আজ); তাঁর কথায়, আচরণে কোথাও জড়তা নেই, বার্ধক্য যেন তাঁকে দেখে দৌড়ে পালায়। তাই কথা শুরু করলে তিনি যে আশপাশের সবকিছু ভুলে যাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কবি শামসুর রাহমানও ২০০৬ সালের এই দিনটিতেই মারা যান।
‘শামসুর রাহমানের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল ২০০৬ সালের ২৭ মে। সেদিন ছিল আমার বিবাহবার্ষিকী।’ ভেবে নিয়ে বললেন মুর্তজা বশীর। ‘সেদিন দৃক গ্যালারিতে ২৮ জন গুণী মানুষের ডিজিটাল বায়োগ্রাফি আলোকচিত্র প্রদর্শনী হচ্ছিল। আমি একটু আগেই চলে গিয়েছিলাম সেখানে। খুঁজছিলাম শামসুর রাহমানকে। তিনি যখন এলেন, আমি একটু আঁতকেই উঠলাম। একটু ন্যুব্জ হয়ে হাঁটছেন। ক্লান্ত, অবসাদগ্রস্ত। আমাকে দেখে চিনলেন। স্বভাবসুলভ স্মিত হেসে খোঁজখবর নিলেন।’
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল মুর্তজা বশীরের বুক থেকে। ত্রস্ত হাতে একটি যন্ত্র বসালেন তর্জনীর ওপর। রিডিং দেখলেন, বললেন, ‘না, সব ঠিক আছে।’
‘আমাদের পরিচয় কিন্তু হয়েছিল সেই ১৯৫০ সালে। আমি তখন ১৯ বছরের যুবক। শামসুর রাহমানের ২১। কবি হাসান হাফিজুর রহমানই বুঝি আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার ‘দেয়াল’ প্রদর্শনীর কথা জানা আছে তোমার?’
‘হ্যাঁ, ওটা ছিল আপনার প্রথম একক প্রদর্শনী।’
‘ঠিক! ১৯৬৭ সালে যখন সেই প্রদর্শনী করি প্রেসক্লাবে, তখন শামসুর রাহমানই ছিলেন সে প্রদর্শনীর উদ্বোধক। তখন কিন্তু শামসুর রাহমানের এ রকম খ্যাতি ছিল না। তখনো আহসান হাবীব, সৈয়দ আলী আহসানরা ছিলেন। ফররুখ আহমদ ছিলেন। তাঁদের কাউকে উদ্বোধক করিনি আমি। কেন জানো? সেটা ছিল একজন বন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি।’

আমরা জানি, ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘শহীদদের সমাধিলিপি’ বা ‘এপিটাফ ফর মার্টায়ারস’ নামে মুর্তজা বশীরের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এটি ১৯৭২ সালে শুরু হয়েছিল প্যারিসে, শেষ হয়েছিল চট্টগ্রামে। শামসুর রাহমান সেই চিত্রাবলিতে খুঁজে পেয়েছিলেন কবিতার মাধুর্য। দৈনিক বাংলারউপসম্পাদকীয়তে তিনি লিখেছিলেন, ‘কী করে মুর্তজা বশীর পাথরের ফর্মকে এমন সংগীতময় করে তুলতে পারলেন? আমার তো মনে হয়, যেন প্রস্তরখণ্ডের ভেতরে প্রবেশ করে তিনি জেনে নিয়েছেন পাথরের রহস্য। কবিদৃষ্টি নিয়ে তিনি দেখেছেন পাথরের রূপ। তাই পাথর আর পাথর থাকেনি, হয়ে উঠেছে একগুচ্ছ কবিতা।’

‘আপনি তো শামসুর রাহমানের একটা কবিতার বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলেন?’ জিজ্ঞেস করি।

‘হ্যাঁ, নিজ বাসভূমে। আমি তো সচরাচর প্রচ্ছদ করি না। হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ আর হাসনাত আবদুল হাইয়ের বইয়ের প্রচ্ছদ আমি করেছিলাম। সেটা ছিল বন্ধুত্বের নিদর্শন। তাতে টাকাপয়সার লেনদেন ছিল না। শামসুর রাহমানের বইটার প্রচ্ছদ ছিল মামুলি, কোনো জৌলুশ ছিল না তাতে। তিনি মনে হয় কিছুটা হতাশ হয়েছিলেন। তবে আমাকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। আমি জানি না, তিনি কেন ১৯৬৯ সালে মুলতানের বিখ্যাত মরমি কবি খাজা ফরিদের কবিতার অনুবাদ কাব্যগ্রন্থটি আমার নামে উৎসর্গ করেছিলেন!’

তারপর বললেন, ‘আমি কিন্তু আমার পিতার বিদ্যাপতি শতক বইটির জন্যও সম্মানী নিয়েছিলাম।’

‘আপনি তো শামসুর রাহমানের পোর্ট্রেট করেছেন?’

‘হ্যাঁ হ্যাঁ, করেছি তো! ভূতের গলিতে দেবদাস চক্রবর্তীর বাড়িতে বসে, মিরপুরে অটবির ফ্যাক্টরির
ওপরতলায় নিতুন কুন্ডুর স্টুডিও কাম অফিসে। তবে ওঁর প্রথম প্রতিকৃতি করেছিলাম চট্টগ্রামের কবি ও নাট্যজন শিশির দত্তের অনুরোধে, শামসুর রাহমানের ছবি দেখে। ১৯৮০ সালের ২৪ অক্টোবর শামসুর রাহমানের ৫১তম জন্মবার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠানের স্মরণিকায় সেটা ছাপা হয়েছিল।’

শামসুর রাহমান একবার যাচ্ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজে। চট্টগ্রামে ফেরার আগে মুর্তজা বশীর গিয়েছিলেন তাঁর বাড়িতে দেখা করতে। শামসুর রাহমান বললেন, আপনিও চলুন আমার সঙ্গে। সেটা ছিল কোনো চলচ্চিত্র সংসদ আয়োজিত ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ইতালিয়ান চিত্রকর মদিইয়ানির ওপর নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে শুনে মুর্তজা বশীর গেলেন তাঁর সঙ্গে। আয়োজকেরা চিনতেন না মুর্তজা বশীরকে। বক্তৃতা করার সময় শামসুর রাহমান বললেন, ‘দর্শকের সারিতে উপবিষ্ট আমার বন্ধু এ দেশের খ্যাতনামা চিত্রকর...।’ অনেকেই এবার ঘুরে দেখছেন মুর্তজা বশীরকে। বিব্রত হলেন বশীর। ফিল্ম শেষে সেটা জানাতেও ভুললেন না শামসুর রাহমানকে। শামসুর রাহমান উষ্মা প্রকাশ করে বললেন, ‘আমন্ত্রণ ছাড়াই আপনি এসেছেন, বিদেশে হলে আয়োজকেরা ধন্য হয়ে যেত। তাদের চোখে আঙুল দিয়ে দেখালাম, গুণীকে কীভাবে সম্মান দেখাতে হয়।’

একদম শেষে মুর্তজা বশীর বললেন, ‘আমি আমার বাবার মৃত্যুবার্ষিকী কবে, তা জানি। মায়ের মৃত্যুবার্ষিকী কবে, তা জানি। কিন্তু আমার প্রিয় বন্ধুদের, ভাইবোনের মৃত্যুবার্ষিকী আমি মনে রাখতে পারি না। শামসুর রাহমানই ব্যতিক্রম। আমার জন্মদিনের দিন মারা গিয়ে শামসুর রাহমান আমাকে তাঁর মৃত্যুদিনটিও মনে রাখতে বাধ্য করেছেন। মনে হচ্ছে, এ যেন পদ্মা আর মেঘনা অনন্তকাল ধরে পাশাপাশি।