যেন পরিবারের কেউ চলে গেলেন

‘আপনার কোন পরিচয়টার কথা আগে বলব?’ এ পি জে আবদুল কালামের কাছে আমার প্রশ্ন ছিল এটি। ‘রাজনীতিবিদ, নাকি রাষ্ট্রপতি—এমন জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমার পরিচয় আমি একজন শিক্ষক। সারা জীবনই আমি শিক্ষকের কাজটি করেছি। আজ এ পরিচয়টাই বলতে চাই সবাইকে।’
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আয়োজনে গত বছর ঢাকায় এসেছিলেন তিনি। সে সেময় তাঁর সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলাম। এমসিসিআই কমিটির সদস্য হিসেবে এই সুযোগ পেয়েছিলাম। বাংলাদেশের নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছিলেন এ পি জে আবদুল কালাম। আর মঞ্চে তাঁর সম্পর্কে ছোট একটা পরিচিতি দেওয়ার কাজটি করেছিলাম আমি। সেই সুযোগেই তাঁকে করেছিলাম প্রশ্নটা।
ঢাকায় নেমেই নিজের দৃঢ়তার পরিচয় দিলেন আবদুল কালাম। ভারতীয় রাষ্ট্রদূত তাঁকে অনুরোধ করেছিলেন তাঁদের আয়োজনে হোটেলে পৌঁছে দেওয়ার। তিনি ফিরিয়ে দেন সেই প্রস্তাব। বলেছিলেন, ‘যাঁদের আমন্ত্রণে এসেছি, তাঁদের ব্যবস্থাপনাতেই যাব। আপনি বরং আমার সঙ্গে চলুন।’ মুগ্ধ হয়েছিলাম তাঁর সৌজন্যের পরিচয় পেয়ে। ফিরে গিয়ে আমাদের আগেই বরং ধন্যবাদ জানিয়ে ই-মেইল করেছিলেন তিনি।
দুটো দিন তাঁর সঙ্গে থাকাটা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা বলেও মনে করি। তাঁর মৃত্যুসংবাদ শুনে মনে হয়েছিল যেন পরিবারের কেউ চলে গেলেন। খুব আফসোস হচ্ছিল এরপর আর দেখা করা হয়নি বলে। তিনি আমাকে বলেছিলেন, দিল্লি গেলেই যেন তাঁর সঙ্গে যোগাযোগ করি।
বাংলাদেশের ইতিহাস আরও ভালোভাবে জানার আগ্রহ ছিল এ পি জে আবদুল কালামের। আমাকে বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসের ওপর কিছু বই তাঁকে পাঠিয়ে দিতে। খুব বন্ধুত্বপূর্ণ মানুষ মনে হয়েছিল তাঁকে। দক্ষিণ এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ একজন নেতাকে হারালাম আমরা। (অনুলিখিত)
লেখক: ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, মাল্টিমোড গ্রুপ; ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য