যেন ফিরে এল ৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম...।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ধ্বনিত হচ্ছিল কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সব ছাত্রের মুখে মুখে। ২৫ জানুয়ারি বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধভিত্তিক ঘটনার অভিনয় দেখে অভিভূত হন শিক্ষক-অভিভাবকেরা। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে শিক্ষার্থীদের নিয়ে ছিল এ ব্যতিক্রমী আয়োজন। বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল্লাহ মুহাম্মদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজে বিদ্যালয় মাঠে হাজির হলো। চোখে সেই কালো ফ্রেমের চশমা, পরনে সাদা পাজামা-পাঞ্জাবি, ওপরে কালো কোট। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শেষ করে সাকিব যখন ‘জয় বাংলা, জয় বাংলা’ বলে স্লোগান দিচ্ছিল, তখন উপস্থিত ছাত্র-শিক্ষকেরাও তার সঙ্গে সুর মেলান। এ সময় অষ্টম শ্রেণীর ছাত্র মো. সাইফুদ্দিন দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। তার পুরো শরীর রক্তমাখা। হানাদার বাহিনীর গুলিতে শরীর ক্ষতবিক্ষত। তার পরও সে বলছে ‘জয় বাংলা’। এভাবে শিক্ষার্থীরা উপস্থাপন করে মুক্তিযুদ্ধের নানা ঘটনা। বিদ্যালয়ের ছাত্রদের চার ভাষা শহীদ—সালাম, রফিক, জব্বার ও বরকত নামের পৃথক চারটি দলে ভাগ করে মুক্তিযুদ্ধভিত্তিক ঘটনা নিয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন বলেন, ছোট ছোট ছাত্রদের মুক্তিযুদ্ধভিত্তিক অতীত ইতিহাস জানানো দরকার। তা ছাড়া মেধার বিকাশ এবং শরীর ঠিক রাখাতে ছাত্রদের নিয়মিত খেলাধুলাও জরুরি। এ ছাড়া ছাত্ররা রিলের দৌড়, মোরগ লড়াই, স্মৃতিশক্তি পরীক্ষা, মার্বেল শিকার, উচ্চ ও লম্বা লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, পেন্টাফেশন ও যেমন খুশি তেমন সাজতে অংশ নেয়।১৯ জানুয়ারি থেকে শুরু হয় এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধন করেন পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী।