যেন বঙ্গমাতা কবিতার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ তাঁর ‘বঙ্গমাতা’ কবিতায় লিখেছিলেন, ‘পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে/ মানুষ হইতে দাও তোমার সন্তানে/ হে স্নেহার্দ্র বঙ্গভূমি— তব গৃহক্রোড়ে/ চিরশিশু করে আর রাখিও না ধরে।’ আমাদের আম্মা রবিবাবুর সেই ডাক যেন শুনতে পেয়েছিলেন; তিনি ঘোষণা করে রাখলেন, আমার সব ছেলেকে গাছে চড়া, সাইকেলে চড়া আর সাঁতার কাটা জানতে হবে, পারতে হবে। আমার শৈশবের বেশির ভাগটা কেটেছে গাছের ডালে ডালে। কোন ছোটবেলায় গ্রামের বাড়ির বন্যাপ্লাবিত নদীতে সাঁতার শিখেছি, সেটা নিজেও জানি না। সারা দিন বৃষ্টিজলে ভিজে বিকেলে বাড়ি ফেরার পর রাতে আসত অবধারিত জ্বর, তখন আম্মা সাগু বা বার্লির ভয়াবহ তরলটা মুখে ধরে কপালে জলপট্টি দিতে দিতে বলতেন, ‘যা, ক্যানালের পানিতে গিয়া ঝাঁপাল পাড়, পানি তোদের ডাকছে।’ আমরা পিঠেপিঠি চার ভাইবোন, সিরিয়ালি জন্ম নেওয়া, টুটুন, লিটুন, মুনমুন আর আমি মিটুন। আমার নয় বছর বয়সে হলো আমাদের সবচেয়ে ছোট ভাই মিলন। আম্মার জীবনের একটা ব্রত ছিল, ‘মানুষ হইতে দাও তোমার সন্তানে।’ মানুষ করার উপায় হলো, পরীক্ষার ফল ভালো করা, আর তার জন্য উত্তম-মধ্যমই ছিল সর্বোত্তম দাওয়াই। আম্মাও তাঁর লক্ষ্য স্থির করে ফেললেন, আমার ছেলেমেয়েদের বৃত্তি পেতে হবে আর স্ট্যান্ড করতে হবে। আমার বড় ভাই হলেন আম্মার এই প্রকল্পের প্রধান টার্গেট। টুটুন ভাই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন। তাঁর ঘুম ভাঙত আম্মার পিটুনির চোটে। চোখ মেলে তিনি শুনতে পেতেন, ‘পড়, ঘুমাস কেন!’ এই সময় আমাদের বাঁচাতে এগিয়ে আসতেন আমাদের বড় আম্মা। ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের দুজন আম্মা, বড় আম্মা আর ছোট আম্মা, বড় আম্মা নিঃসন্তান, কিংবা বলা চলে, আমরাই তাঁর সন্তান। আমাদের খাওয়ানো-পরানো, গোসল করানো, সর্ষের তেল মাখিয়ে রোদে দেওয়া, এই সব কাজ ছিল বড় আম্মার। তিনি আমাদের টিউবওয়েলের পাড়ে নিয়ে গিয়ে জোর করে গোসল করাতেন, গায়ে সাবান মাখতেন আর আওড়াতেন তাঁর প্রিয় সংলাপ, ‘অরা কী কালো, গোসল না করিয়া করিয়া ময়লা জমিয়া কালো দেখায়।’ ছোট আম্মা এই মুহূর্তে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমাদের গ্রামের বাড়িতে। ছোটবেলায় যাকে বলতাম দাদার বাড়ি। আম্মা সেখানে গেছেন ধান তুলতে। এইটা আম্মার প্রিয় কাজ। এর বাইরের বেশির ভাগ সময় তিনি রংপুরে থাকেন। ছোট ভাইও রংপুরে থাকে। ওখানে আমাদের পুরোনো বাসার পাশেই বড় ভাই একটা চারতলা বাড়ি করে রেখেছেন। সবাই ওই বাসাতেই থাকে। আমরাও সব ভাইবোন ঈদে রংপুর গেলে ওই বাসায় চাঁদের হাট বসিয়ে ফেলি। কথাটা আমি আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের কাছ থেকে ধার করে বললাম। স্যারকে রংপুর জিলা স্কুলের পুনর্মিলনী উপলক্ষে ২০০৭ সালে ঈদের সময়ই আমাদের বাসায় একটুক্ষণের জন্য নিয়ে গিয়েছিলাম, আমাদের সব ভাইবোন, ভাবি, ছেলেমেয়েকে একসঙ্গে দেখে স্যার এই কথা আমাদের বাসাটা সম্পর্কে বলেছিলেন।আম্মা নিজ হাতে আমাদের পড়াতেন। গ্রামারের টেন্স পড়াতেন উঠতে-বসতে। থার্ড পারসন সিংগুলার নাম্বার আমি আম্মার কাছেই শিখেছি। তো, আম্মার এই একান্ত সাধনার ফল মিলতে লাগল। বড় ভাই ক্লাস ফাইভের বৃত্তিতে ফার্স্ট হয়ে গেল। এরপর শুরু হলো আমাদের ওপরে স্টিম রোলার। ফার্স্ট তোমাকে হতেই হবে। স্ট্যান্ড তোমাকে করতেই হবে। আমি তো ক্লাসে গিয়ে দেয়াল পত্রিকা বের করছি, হাতে লেখা পত্রিকা বের করছি, ডিবেট করছি, নাটক লিখছি। ছোটবেলায় আমার খ্যাতি ছিল ছবি আঁকার। আম্মা খুব ভয় পেতেন। পিটিআইয়ের বার্ষিক পত্রিকায় একটা গল্প ছাপা হয়েছিল, তাতে আর্টিস্ট মানে লেখা ছিল, বড় বড় দাড়ি, ময়লা পায়জামা-পাঞ্জাবি আর ছেঁড়া স্যান্ডেল। সেটা পড়ে আম্মা আমাকে নানাভাবে নিবৃত্ত করতে লাগলেন, যাতে আমি না আবার আর্টিস্ট হয়ে পড়ি। আম্মার ছিল ভীষণ সাহস। মুক্তিযুদ্ধের সময় আমরা বগুড়ার সোনাতলায় হঠাৎ একদিন রব উঠল, মিলিটারি আসছে মিলিটারি। আমরা পিটিআইয়ের কোয়ার্টার ছেড়ে বিল পার হয়ে সবাই পালাচ্ছি, আম্মা একা ঘুরে দাঁড়ালেন। ঘরদোর খোলা, তালা দেওয়া হয়নি, একা ফিরে গেলেন বাসায়, তালাচাবি দিয়ে নামছেন, দেখেন দুজন লোক বাড়ির সিঁড়িতে উঠছে, তিনি বললেন, ‘কী চাও?’ তারা বলল, ‘যদি কোনো সাহায্য লাগে, তাই এসেছি।’ আম্মা বললেন, ‘খুব ভালো করেছ, এই বোঝাটা নিয়ে চলো বিলের ওই পাড়ে।’ আমার মেজো ভাই কানাডা গেছেন এমএস করতে। সারাক্ষণ কান্নাকাটি করেন। দেশে ফিরে আসবেন। আম্মাকে ফোন করে তিনি বললেন, ‘আম্মা, দেশে ফিরে আসি। আপনি কী বলেন?’ আম্মা বললেন, ‘খবরদার, পিএইচডি না করে দেশে আসবে না।’ আম্মা যেন রবীন্দ্রনাথের বাণীই পালন করলেন, ‘শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে/ দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া করে।’আম্মার ছেলেমেয়েদের মানুষ করা প্রকল্প মোটামুটি সার্থক হয়েছে। আমার বড় ভাই নিওরোলজিস্ট; মেজো ভাই প্রকৌশলী অধ্যাপক; বোন হূদরোগ বিশেষজ্ঞ; ছোট ভাই উন্নয়নকর্মী, এই মুহূর্তে প্যারিসে, রংপুরের নীলের ঐতিহ্য পুনরুদ্ধারের অভিযানে বেরিয়েছে। শুধু আম্মার একটা ছেলে তেমন কিছু হতে পারেনি। সে লেখক হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আম্মা, মোসাম্মৎ আনোয়ারা বেগম, এখন ৭০ পেরিয়েছেন। গোবিন্দগঞ্জের কাজলার জমিদারবাড়ির মেয়ে তিনি। ছোটবেলায় তাঁদের কাছারির সামনে দিয়ে লোকে ছাতামাথায় জুতা পায়ে চলতে পারত না, তিনি দেখেছেন। ওই কড়া ভাবটা আম্মার বোধ হয় ছিল। এখন আর নেই। আমার অ্যাকসিডেন্ট হলো ২০০৮ সালে, আমি ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে রইলাম, আম্মা আমার পাশে বসে থাকতেন। আমার ছোটবেলার জ্বর-আক্রান্ত দিনগুলোর কথা মনে পড়ত। ছোটবেলায় আম্মার একটু স্পর্শও কী রকম ধন্বন্তরির মতো লাগত! সত্তরের ঘূর্ণিঝড়ের রাতে আমাদের ওখানেও খুব ঝড়বৃষ্টি হচ্ছিল, আমরা যদিও দোতলা কোয়ার্টারে, তবু খুব ভয় পেয়ে আম্মাকে ডেকে বললাম, ‘আম্মা, চলেন, নিচে যাই। গোয়ালঘরে ঢুকি।’ আম্মা আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘পাগল, ঝড়ের সময় তো দালানই ভালো।’ আজকেও মনে হয়, আম্মার আঁচল সব বিপদ-আপদ থেকে আমাদের রক্ষা করতে পারবে। কিছুদিন আগে হঠাৎ খবর এল, আম্মা অসুস্থ। আমরা এক ঘণ্টার নোটিশে তিন ভাই ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা দিলাম। আম্মা আমাদের দেখেই সুস্থ হয়ে গেলেন। ‘এই! রান্নাবান্না কী আছে, আমার ছেলেরা এসেছে।’আমার সেই কবিতাটা কিন্তু সত্যি সত্যি আম্মাকে নিয়ে লেখা। রংপুরে গেলেই আম্মা ছোটবেলায় আমার যেসব খাবার প্রিয় ছিল সেসব রেঁধে নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে থাকেন। আমি খাই, তিনি দেখেন, যেন খাবার তাঁর পেটেই পড়ছে, তাঁর পেট ভরে উঠছে। হাতে থাকে কাঁসার গেলাসে পানি।‘সেই পানি না খেয়েই ফের যদি ঢাকা চলে আসি আমি/আম্মা গ্লাস হাতে দাঁড়িয়েই থাকবেন দাঁড়িয়েই থাকবেন তিনি যেন বায়েজিদ বোস্তামি।’