যেন যুদ্ধের ময়দান
বিমান বিধ্বংসী কামানের চালকের আসনে বসে তীক্ষ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন ইমরান হোসেন। কামানের চারপাশ ঘিরে অপেক্ষমাণ আরও পাঁচ-ছয়জন তরুণ। কাছেই একটু পরপর গর্জে উঠছে পদাতিক বাহিনীর মেশিনগান। আর সার্ভিলেন্স রাডার ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান নির্ণয় করছেন সেনা সদস্যরা। ২৪ মার্চ সকালে নগরের আউটার স্টেডিয়ামে আয়োজিত ‘সমরাস্ত্র প্রদর্শনী ও মেলা- ২০১২’তে আসা কলেজ ছাত্র ইমরান হোসেন কৌতূহল মেটাতে উঠে বসেছিলেন কামানে। তিনি বলেন, ‘এতদিন নানা রকমের যুদ্ধাস্ত্র শুধু টেলিভিশনের পর্দায় দেখেছি। আজ সামনাসামনি দেখলাম। তাই সবকিছু একটু নেড়েচেড়ে দেখছি। সেনাবাহিনীর সদস্যরা কামানের কার্যক্রম বুঝিয়ে দিচ্ছেন।’ ইমরানের মতোই নানা বয়সী দর্শনার্থীর নজর কেড়েছে সমরাস্ত্র মেলা। কৌতূহল মেটাতে মেলায় আসা নগরবাসীর কেউ চড়েছেন সাঁজোয়া যানে, কেউ কাঁধে নিয়ে তাক করেছেন এয়ার মিসাইল।গত শনিবার সকাল সাড়ে নয়টায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবীন চৌধুরী। ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’ চট্টগ্রামে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করে ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম অঞ্চল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদদ্ীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ।উদ্বোধনের পরই গত শনিবার সকালে মেলা প্রাঙ্গণ সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই দিন লাইনে দাঁড়িয়ে আগ্রহী লোকজনদের মেলায় প্রবেশ করতে দেখা গেছে।মেলা প্রাঙ্গণের শুরুতেই একটি স্টলে ছিল পাবর্ত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষের মাটির তৈরি প্রতিমূর্তি। এখানে বড় পর্দায় দেখানো হচ্ছিল ‘পার্বত্য ইতিকথা ও উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক প্রামাণ্য চিত্র।এ স্টলে রাখা ছিল একটি কাঠের টেবিল। ওই টেবিলেই ১৯৮৫ সালের ২১ অক্টোবর খাগড়াছড়ি জেলায় জনসংহতি সমিতির সঙ্গে সরকারের প্রতিনিধির শান্তি আলোচনা হয়েছিল।মেলার মাঠের ডান পাশে পর্যায়ক্রমে প্রদর্শিত হচ্ছিল ইতালি ও পাকিস্তানে তৈরি মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার, চীনে তৈরি বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় কামান, ৩৭ মিলি মিটার এক ব্যারেল এডি কামান, কিউ ডব্লিউ সারফেস টু এয়ার মিসাইল, চার ব্যারেল এডি এমজিসহ বিভিন্ন ধরনের স্বল্প ও দূর পাল্লার যুদ্ধাস্ত্র। মেলা প্রাঙ্গণের মাঝের অংশে ছিল বেশ ভিড়। এগিয়ে যেতেই দেখা যায়, এখানে সেনা সদস্যরা অস্ত্রবিহীন দ্বন্দ্ব যুদ্ধের মহড়া দিচ্ছেন। এর পাশের আর্মি স্কুল অব মিউজিকের স্টল থেকে ভেসে আসছিল দেশাত্মবোধক গানের সুর। একটি বড় স্টলে ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নানা বীরত্বগাথার স্থির চিত্র প্রদর্শিত হয়।পদাতিক বাহিনীর ফায়ারিং পিট ও স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। শিশু ও তরুণেরা দেখছিল জলে-স্থলে চলতে সক্ষম আর্মড পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, বাংকারে বসানো নিয়ন্ত্রণ কক্ষ। এখানে স্থাপিত হালকা মেশিনগান গর্জে উঠছিল নিয়মিত বিরতিতে।মাঠের পশ্চিম পাশের শেষ প্রান্তে ১৯৭১ সালে আগরতলায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ হাসপাতালের একটি মডেল স্থাপন করা হয়। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছিলেন মো. সারোয়ান (৫০)। তিনি বলেন, সেনাবাহিনীর কাজ নিয়ে সবারই আগ্রহ আছে। কিন্তু এ বিষয়ে জানার কোনো সুযোগ এতদিন ছিল না। মেলায় সেনাবাহিনীর কার্যক্রম, অস্ত্র পরিচালনা, যুদ্ধ পরিচালনার নানা কৌশল দেখানো হচ্ছে। আছে মুক্তিযুদ্ধের ইতিহাসও। এককথায় এটা দারুণ আয়োজন।