যেন সবাই কমিক হিরো

ভেতরে ঢুকতেই দেখা পরিচিত চরিত্রগুলোর সঙ্গে। যাঁদের সঙ্গে হয়তো পরিচয় »কমিক বই, প্রিয় কার্টুন, টিভি সিরিজ কিংবা সুপারহিরো চলচ্চিত্রের মাধ্যমে। সেখানেই দেখা গেল গোয়েন্দা শার্লক হোমসকে আড্ডা দিতে ম্যাট্রিক্স সিনেমার নিওর সঙ্গে। ডিজনি প্রিন্সেস এলসা আর অ্যানিমে চরিত্র নারুটো একসঙ্গে সেলফি তুলছেন। আবার দেখা গেল ছোট্ট জোকারকেও, যাকে কোলে নিয়ে এসেছে বড় ভাই ব্যাটম্যান! খটকা লাগল বুঝি!
১৫ থেকে ১৭ ডিসেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের ষষ্ঠ তলার চিত্রটা এমনই ছিল। এখানেই জমজমাট আসর বসেছিল ‘ঢাকা কমিকন’ উৎসবের। কমিক কনভেনশন বা সংক্ষেপে কমিকন হলো সব ধরনের টিভি সিরিজ, চলচ্চিত্র ও কমিক বইপ্রেমীদের একটি পপ কালচার উৎসব। বিশ্বজুড়ে এই উৎসসের চল অনেক আগে শুরু হলেও বাংলাদেশে তা বেশি দিন হয়নি। ঢাকা কমিকনের প্রতিষ্ঠাতা সাদি রহমান বলছিলেন শুরুর দিকের কথা, ‘২০১২ সালে আমি ও সাইদ আবু ইউসুফ মিলে প্রতিষ্ঠা করি ঢাকা কমিকন। সে বছরের ডিসেম্বরে ঢাকায় প্রথমবারের মতো এই আয়োজন শুরু হয়।’

এরপর থেকে প্রতিবছরই আয়োজন হচ্ছে এই উৎসবের। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন ‘ঢাকা কমিকন ২০১৭: ইন ব্রাইটেস্ট ডে।’ যেখানে ছিল দেশি-বিদেশি কমিক বই ও পপ কালচার-সম্পর্কিত টি-শার্ট ও হুডি কেনার সুযোগ। সরাসরি সুপারহিরো ক্যারিক্যাচারের আয়োজন করেছিল আঁকিয়ে দল ‘কার্টুন পিপল’। সুপারহিরোর আদলে নিজের কিম্ভূতকিমাকার চেহারা আঁকিয়ে নেওয়ার জন্য সেখানে ভিড়টা জমেছিল বেশ ভালোই।
ঢাকা কমিকনে ডিজে, ব্যান্ড, নাচ প্রতিযোগিতা সবই ছিল। তবে কমিকনের মূল আকর্ষণটাই হলো কসপ্লে। কসপ্লের সোজা বাংলা বলা যায়, ‘যেমন খুশি তেমন সাজো’। উৎসাহী ভক্তরা নিজেদের প্রিয় কমিক, চলচ্চিত্র, গেম, অ্যানিমে অথবা টিভি সিরিজের চরিত্র সেজে আসেন। শুধু সেজে আসা নয়, একদম চরিত্রের ভেতরেও ঢুকে যান তাঁরা। তাই কমিকনে এলেই দেখা মেলে চেনা-অচেনা বিভিন্ন ধরনের চরিত্রের। যাঁদের দেখে সত্যিকার চরিত্র বলেই ভ্রম হয়। কথা হলো নবীন কসপ্লেয়ার সাইব রায়াতের সঙ্গে। মাধ্যমিক পরীক্ষার্থী রায়াত সেজেছিল জাপানি মাংগা সিরিজ টোকিও ঘোলের চরিত্র ‘কেন কানেকি’। রায়াত বলল, ‘ছোটবেলায় কার্টুন দেখে ভাবতাম বড় হয়ে সত্যি সত্যি ব্যাটম্যান হব। এখন তো সেই কথা মনে পড়লে হাসি পায়। কিন্তু যখন প্রিয় কোনো চরিত্রের কসপ্লে করি, তখন খুব ভালো লাগে। মনে হয় প্রিয় চরিত্রটার সম্মানে কিছু করতে পারলাম।’
