যেভাবে করোনার সঙ্গে লড়ছি পুরো পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাস।
প্রতীকী ছবি

যখন এই লেখা লিখছি, তখনো আমার বাবা হাসপাতালের বিছানায়। করোনার সঙ্গে লড়াই করছেন প্রাণপণে। নিজে করোনা নেগেটিভ হয়ে ধীরে ধীরে যখন কিছুটা সুস্থতা অনুভব করছি, তখনই আরও আশঙ্কা। করোনায় আক্রান্ত হওয়ার পর স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেও নানাবিধ জটিলতায় ভুগছে। মা, ছেলে–মেয়ে, ভাই, ভাইয়ের স্ত্রী, তাঁদের সন্তানেরা সবাই অসুস্থ। পুরো পরিবার মিলে একটা ভয়াবহ সময় পার করছি আমরা।

গত বছর করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। বেশির ভাগ সময় আদালত ও চেম্বারের কাজ করেছি ভার্চ্যুয়ালি। মনে একটা সাহস ছিল, হয়তো করোনা সহজে আমাদের ছুঁতে পারবে না। বেশির ভাগ সময় নিত্যপ্রয়োজনীয় বাজার করেছি অনলাইনে। গত ৮ জুন আমি আর আমার স্ত্রী সাদেকুন নাহার নিয়েছি সিনোফার্মের কোভিড টিকার প্রথম ডোজ। মাচের্র শেষ সপ্তাহে আমার ছোট ভাই এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর করোনায় খুব বিপজ্জনক অবস্থা হয়েছিল। এরপর থেকে আরও সাবধান হই। কিন্তু শেষ রক্ষা হলো না।

গত ২০ জুলাই রাতে প্রথমে আমার স্ত্রীর সর্দি ও মাথাব্যথা শুরু হয়। পরদিন থেকে হালকা জ্বর। ওর আগে থেকেই অ্যালার্জি সমস্যা ছিল, তাই শুরুতে সে রকম কিছুই ভেবেছিলাম। কিন্তু জ্বর বাড়তে থাকে। পাল্লা দিয়ে বাড়ে মাথাব্যথা ও কাশি। মা–বাবা আগে থেকেই বাসায় ছিলেন।

২২ জুলাই আমার স্ত্রী বেশ সুস্থ হয়ে ওঠেন। ২৩ জুলাই রাতে আমার হঠাৎ তীব্র জ্বর, সেই সঙ্গে মাথাব্যথা। মনে খানিকটা খটকা লাগে। পরদিন স্ত্রীর জ্বর আবার বাড়তে থাকে। এরপর আমরা আমাদের ছয় বছরের ছেলে এবং দুই বছরের মেয়েকে আলাদা করে ফেলি।

প্রথমে আমরা ডেঙ্গু জ্বরের পরীক্ষা করতে দিই। ফলাফলে জানা গেল ডেঙ্গু হয়নি। এর পরদিন দুজনই কোভিডের জন্য নমুনা দিতে যাই। করোনা টেস্ট করতে গিয়ে আমার স্ত্রী বমি করে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। ভীষণ ঘাবড়ে যাই। কিছুক্ষণ পরে কিছুটা সুস্থ অনুভব করলে তাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে এক চিকিত্সক বন্ধুর পরামর্শে বুকের এক্স–রেসহ রক্তের কিছু পরীক্ষা করাই। বাসায় আলাদা ঘরে আইসোলেশনে থাকা অবস্থাতেই দুজনের অবস্থা খারাপ হতে থাকে। ছোট্ট মেয়েটা ঘরের কোণে এসে উঁকি দিয়ে যায়। এই প্রথম সন্তানদের ছাড়া আমাদের আলাদা থাকা। খুব বিষণ্ন লাগলেও তাদের সুস্থতার কথা ভেবে মনোবল বাড়াই। এদিকে মা–বাবাসহ ভাই ও স্ত্রী, সন্তানদের জন্য চিন্তা বাড়তে থাকে।

২৭ জুলাই আমার স্ত্রীর রিপোর্ট পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন হই। তিনি সঙ্গে সঙ্গে বুকের সিটি স্ক্যান করতে বলেন। এক ঘণ্টার মধ্যেই সিটি স্ক্যান করে ফিল্ম দেখেন ডাক্তার। বলেন, ‘রোগীর অবস্থ আশঙ্কাজনক।’ আমরা তাৎক্ষনিক সিদ্ধান্ত নিলাম হাসপাতালে ভর্তির। সরকারি হাসপাতালে রোগীর প্রবল চাপের কথা ভেবে শুরুতেই আমরা বেসরকারি হাসপাতালে সিট খুঁজতে থাকি। তবুও একটি সিটের জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। এর মধ্যেই দুজনরেই কোভিড পজিটিভ রিপোর্ট এলো।

নানাভাবে চেষ্টার পর রাতের মধ্যেই হাসতালে ভর্তি করালাম আমার স্ত্রীকে। এদিকে আমার অবস্থাও খারাপ হতে থাকে। স্ত্রীকে ভর্তি করিয়ে বাসায় ফিরে শুনি বাবার জ্বর এসেছে। মায়েরও দেখি কাশি শুরু হয়েছে। বড় ছেলেটার গায়েও জ্বর। বুঝতে বাকি নেই ঝড় না, সাইক্লোন আসতে চলেছে। মুহূর্তেই মাথায় আসে বাবার ডায়াবেটিস আছে, পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা আগে থেকেই। চিন্তা বাড়তে থাকে। তবুও মা–বাবার ২ ডোজ করে টিকা নেওয়া আছে, সেই ভরসায় মনোবল ঠিক রাখার চেষ্টা করি। দেরি না করে ডেঙ্গু, করোনাসহ অন্যান্য পরীক্ষা করাই। চিকিত্সক সিটি স্ক্যানসহ আরও কিছু পরীক্ষা করতে দেন। ২ আগস্ট এসব পরীক্ষার রিপোর্ট দেখে চিকিত্সক বাবাকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে বলেন।

হাসপাতালে স্ত্রীর অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে স্ত্রীর খালি হওয়া সিটটি বাবার নামে বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করি। তারা সেটা মাথায় নিয়ে বাবার জন্য সিটের ব্যবস্থা করে দেন। এত কিছুর মধ্যে নিজের নাজুক অবস্থা নিয়ে ভাববারই সময় পাইনি। তবে চিকিৎসকের পরামর্শ মেনে চলেছি। স্ত্রীকে বাসায় ফিরিয়ে বাবাকে ভর্তি করালাম হাসপাতালে। ওয়ার্ডে ভর্তি অনেক রোগীর অবস্থাই খারাপ হতে দেখি চোখের সামনে। তবু মনোবল ঠিক রাখার চেষ্টা করি। এদিকে মায়ের ভীষণ কাশি। বাসাতেই মায়ের চিকিত্সা চলতে লাগল। ভাই আর তার স্ত্রীর অবস্থাও খারাপ হতে থাকে। আমার দুই সন্তান ও ভাইয়ের সন্তানদেরও জ্বর, ঠান্ডা-কাশি। চিকিত্সক অভয় দিচ্ছেন, বাচ্চাদের কিছু হবে না।

বাবাকে নিয়ে চিন্তা শেষ হচ্ছে না, বাচ্চারাও পুরোপুরি সেরে ওঠেনি এখনো। আমি ও আমার স্ত্রী এখনো বিধ্বস্ত। জানি না ভয়ংকর করোনার জীবাণু এখনো বাবার শরীরে বাসা বেঁধে আছে কি না। মায়ের কাশিটা রাত হলেই বাড়ছে। সন্তানগুলো কাশতে কাশতে ঘুমের মধ্যে চিত্কার দিয়ে উঠছে। আমাদের বুকের ভেতরটা দুমড়েমুচড়ে ওঠে। পুরো পরিবার মিলে করোনার বিরুদ্ধে এই যে লড়াই, সেটা কাউকে বলে বোঝানোর নয়। শরীর ও মনজুড়ে ভীষণ ক্লান্তি। কবে যে পুরো পরিবার স্বাভাবিক হবে, সেই সুদিনের অপেক্ষায় আছি।

লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী