যেভাবে গিলাদ শালিতের মুক্তি
অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিত। ফিলিস্তিনের কট্টরপন্থী দল হামাসের সঙ্গে ইসরায়েলের এক বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এ চুক্তি অনুযায়ী হামাসের হাতে কয়েক বছর ধরে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে ইসরায়েলে বন্দী এক হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে।সব মিলিয়ে বিষয়টি নিয়ে উভয়পক্ষের প্রতিক্রিয়া মিশ্র। একজন মাত্র ইসরায়েলি সেনার বিনিময়ে হাজার ফিলিস্তিনির মুক্তি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসরায়েলিদের কেউ কেউ। মুক্তিপ্রাপ্তদের অনেকে জড়িত ছিলেন ইসরায়েলে বোমা হামলার মতো অপরাধে। এর মাধ্যমে ‘সন্ত্রাসী’ হামাসের হাত শক্তিশালী করা হলো কি না, তা-ও অনেকের প্রশ্ন। আর ফিলিস্তিনি পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, গোটা গাজা উপত্যকাই একটা কারাগার। এক হাজার ফিলিস্তিনির মুক্তিতে কিছু এসে যায় না।২০০৬ সালে হামাসসহ কয়েকটি ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসরায়েল-মিসর সীমান্তের সেনা চৌকি থেকে গিলাদ শালিতকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল।হামাস-ইসরায়েল নিরন্তর বৈরিতার মধ্যে ঠিক এ সময় কেন ও কীভাবে এ বন্দী বিনিময়ের সমঝোতাটি হলো—এ প্রশ্ন অনেকেরই। কারণ চুক্তির বিষয়বস্তু থেকে স্পষ্ট, এ ঘটনা অনেক আগেই ঘটতে পারত। এ চুক্তির বেশির ভাগ বিষয় নিয়ে কয়েক বছর ধরে দরকষাকষি চলছিল। বরাবরই যে বিষয়টি নিয়ে অগ্রগতি আটকে ছিল, তা হচ্ছে মারওয়ান বারগুতি এবং পিএফএলপির নেতা আহমেদ সাদাতের মতো প্রভাবশালী ফিলিস্তিনি নেতাদের মুক্তি। তাহলে অবস্থার পরিবর্তনের পেছনে কী কাজ করেছে? কাজ করেছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা। ইসরায়েলিরা বলেছে, গত আগস্ট মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভাষণ দিয়ে মঞ্চ থেকে নামতে না নামতেই কার্যত আলোচনার টেবিলে আসতে রাজি হয় হামাস। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের দাবি তুলে ফিলিস্তিনিদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন মধ্যপন্থী আব্বাস ও তাঁর ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অথচ ফিলিস্তিনিদের মধ্যে গাজা উপত্যকার নিয়ন্ত্রক কট্টরপন্থী হামাসের জনপ্রিয়তা দিন দিন কমছে। এ অবস্থায় জনপ্রিয়তা ধরে রাখতে হামাসও কিছু সাফল্য দেখানোর জন্য মরিয়া হয়ে ওঠে।ইসরায়েল এই প্রথমবারের মতো আরব বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে। চুক্তি অনুসারে দুই ধাপে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবেন। ২০০৬ সালে গাজা উপত্যকার নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে কট্টরপন্থী হামাসের জনপ্রিয়তা ধীরে ধীরে কমেছে। ইসরায়েলের সঙ্গে নিয়মিত রকেট এবং ক্ষেপণাস্ত্র বিনিময় জনমত পক্ষে টানায় সহায়তা করেনি বিশেষ। উল্টো ইসরায়েলের প্রতিশোধমূলক অবরোধ গাজার অধিবাসীদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে কৌশলে পরিবর্তন এনে গাজা এবং মিসরের মধ্যে টাকা পাচারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ইসরায়েলের একজন মন্ত্রী সম্প্রতি বলেন, ইসরায়েলি বিমানবাহিনী নিম্ন পর্যায়ের লক্ষ্যবস্তুতে আঘাত করছে বটে, কিন্তু লক্ষ্যবস্তুগুলো নিম্ন পর্যায়ের হলেও তারা প্রচুর টাকা বহন করে। এ কারণে হামাস ক্রমেই অর্থ সংকটে পড়ে। এদিকে সিরিয়ার গোলযোগপূর্ণ পরিস্থিতির জন্য হামাসের একটি নতুন আশ্রয়ের প্রয়োজন হওয়ার সম্ভাবনা দেখা দিলে দলটির নেতারা মিসরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর মিসর ইসরায়েলের সঙ্গে চুক্তির জন্য হামাসকে চাপ দিচ্ছিল।১১ অক্টোবর রাতে হামাস ও ইসরায়েলি কর্মকর্তারা কায়রোর দুটি আলাদা হোটেলে অবস্থান নেন। চুক্তির শর্ত বিনিময়ে তাঁদের উভয়পক্ষের মধ্যে কাগজপত্র চালাচালি করেন মিসরের কর্মকর্তারা। এভাবেই চূড়ান্ত মতৈক্য হয়। এক ইসরায়েলি সেনার বিনিময়ে হাজার ফিলিস্তিনিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে হামাস প্রশংসিত হচ্ছে। সে তুলনায় আবার যেন রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গেলেন মাহমুদ আব্বাস। কিন্তু এ বন্দী বিনিময় চুক্তির বাইরে রয়ে গেছেন অধিকৃত এলাকায় বীর হিসেবে পরিচিত অনেক ফিলিস্তিনি নেতা। পর্যবেক্ষকেরা তাই মনে করছেন, হাতের একমাত্র টেক্কাটি ব্যবহার করে হামাস একটি রাউন্ড জিতেছে মাত্র। পুরো খেলায় জেতার জন্য এটা যথেষ্ট কি না, এখনই বলা কঠিন। সাফিউল হাসান