
আমড়া কাঠের তখ্ত পদ্ধতি
আমড়া কাঠের ভীষণ দুর্নাম। এই কাঠ দিয়ে নাকি কোনো আসবাবই বানানো যায় না। বানালেও টেকে না। তাই প্রথমে আমড়া কাঠ দিয়ে একটা বড় তখ্ত বা সিংহাসন বানাতে হবে। যেটা দেখতে হবে অবিকল শেখ হাসিনার আসনটির মতো। তারপর আসল আসনটি চুরি করে নকল সিংহাসন বসিয়ে দিলেই কেল্লা ফতে। তারপর একটা শুভদিন দেখে খালেদা জিয়া একটা হুংকার দিলেই শেষ হাসিনার তখ্ত হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে!

ফেসবুক পেজ পদ্ধতি
এই পদ্ধতির জন্য প্রথমে একটা ফেসবুক পেজ খুলতে হবে। সেটার নাম দেওয়া যেতে পারে ‘তখ্ত উড়ে যাবে’। তারপর ফেসবুকে ষোলো কোটি ফেক অ্যাকাউন্ট খুলে পেজটিতে লাইক দিতে হবে। ফেক আইডিগুলো থেকে চব্বিশ ঘণ্টা অ্যাকটিভ থাকতে হবে লাইক দিয়ে ও কমেন্টস করে। তারপর পেজটি থেকে স্ট্যাটাস দিতে হবে, ‘ষোলো কোটি মেম্বারের লাইকে তখ্ত উড়ে যাবে। তখ্ত নড়বড়ে করতে চাইলে লাইক দিন, ভেঙে দিতে চাইলে কমেন্ট করুন।’ কার্টেসিতে মির্জা আব্বাসের নাম দেওয়ার দরকার নেই। তিনি পেজ অ্যাডমিন।

ফাঁকা আওয়াজ পদ্ধতি
ঈদের পর কঠোর আন্দোলনের হুংকার পুরোনো হয়ে গেছে। তা ছাড়া বছরে মাত্র দুটি ঈদ। দুটি ঈদের পর আন্দোলন করে রহিম মিয়ার তখ্তও ওড়ানো যাবে না। তাই হুংকার দিতে হবে এভাবে, ‘সূর্য উঠলেই কঠোর আন্দোলন’, ‘রোদ বাড়লেই কঠোর আন্দোলন’, ‘ঘুম পেলেই কঠোর আন্দোলন’, ‘শ্বাস নিলেই কঠোর আন্দোলন’। এসব হুংকারের পর আশা করি পৃথিবীর সব তখ্ত নড়বড়ে হয়ে যাবে।

ঘুণপোকা পদ্ধতি
এই পদ্ধতিতে ঘুণপোকার একটি বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তখতের আশপাশে ছেড়ে দিতে হবে। ঘুণপোকার দল তখ্ত খেয়ে শেষ পর্যায়ে চলে গেলে খালেদা জিয়া একটা হুংকার দেবেন। হুংকার দেওয়া মাত্রই সরকারের তখ্ত নড়বড়ে হয়ে ধসে পড়বে।

ফ্যানের বাতাস পদ্ধতি
এই পদ্ধতি প্রয়োগের জন্য মির্জা আব্বাসকে বানাতে হবে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান। ফ্যানটি বানিয়ে তখ্ত বরাবর ফ্যান অন করে হুংকার দিতে হবে। ফ্যানের বাতাসে সব উড়ে যাবে। খেয়াল রাখতে হবে বিদ্যুৎ যাতে চলে না যায়। বাড়তি নিরাপত্তার জন্য হুংকারের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা করলে ভালো হয়।