যেভাবে তাঁরা চাপ সামলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট
কেট উইন্সলেট

‘আমি আসলে চাপ সামলাই না, চাপই আমাকে সামলায়!’ স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন অভিনেতা মোশাররফ করিম। তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এত কাজের চাপ আপনি সামলান কীভাবে! অনেকেই কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন৷ অসুস্থ হওয়ার ঘটনাও কম ঘটে না! কিন্তু জনপ্রিয় তারকারা কীভাবে কাজ, পরিবার, ভক্তদের চাপ সামলে চলেন? এই প্রশ্ন অনেকের মনেই থাকে৷ সারা বছরের কথা বাদ দিলাম, ঈদের আগে অভিনেতা মোশাররফ করিমের কথা তো অনেকেই জানেন টেলিভিশন বা পত্রিকার কল্যাণে৷ সকাল থেকে রাত, রাত থেকে সকাল—তিনি কাজ নিয়েই পড়ে থাকেন৷ একটার পর একটা নাটকে শুটিং করেন৷ কীভাবে সামলান এই চাপ? প্রশ্নের উত্তর তো ওপরের এক কথাতেই জানিয়ে দিলেন তিনি৷

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

তারকাদের চাপ সামলানোর দাওয়াই জানার আগে বরং চাপ সম্পর্কেই একটু জেনে নিই। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘চাপ শুধু তারকাদের ক্ষেত্রেই হয় তা নয়, সব ধরনের কাজের ক্ষেত্রেই চাপ রয়েছে। আমাদের দুই ধরনের চাপ ক্ষতিগ্রস্ত করে। একটি সময়ের চাপ, অন্যটি কাজের চাপ।’
তারকাদের জীবন চলে ঘড়ি ধরে। অতিরিক্ত কাজ, পরিচালকের সঙ্গে মনোমালিন্য, কাজে সফল হতে না পারা, বিচ্ছেদ, জনপ্রিয়তায় ভাটা পড়া কিংবা সময়ের বেড়াজালে আটকে পড়া—এ রকম চাপ সামলাতে হয় অনেককেই। এত কিছু সামাল দিয়ে তারকারা একনিষ্ঠ মনে কাজ করেন কীভাবে। পর্দার আড়ালের গল্প লুকিয়ে নির্ভার চেহারায় আমাদের সমনে হাজিরই বা হন কী করে। আবার ফিরে যাই অভিনেতা মোশাররফ করিমের কাছে, ‘চাপের চাপে চিড়েচ্যাপ্টা হয়ে যাই কখনো৷ অনেক সময় আমি বুঝতেই পারি না কী করা উচিত। তবে যাঁদের সঙ্গে কাজ করি, তাঁদের সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় চাপ অনুভব করি কম। এ ছাড়া কোনো কাজের আগে স্ক্রিপটা একটু পড়ে নিই, ভালো না লাগলে এড়িয়ে যাই, সময় মেনে চলার চেষ্টা করি। তারপরও স্বস্তির জন্য আমার ঘনিষ্ঠ বন্ধু মহলে আড্ডা দিই।’

রণবীর সিং
রণবীর সিং

কাজ নিয়ে ব্যস্ত আরেক অভিনেত্রী ও মডেল পিয়া বিপাশা বলেন, ‘কাজের সময় রক্ষা করে চলার চেষ্টা করি। অনেক সময় হয়তো পেরে উঠি না। তখন অনেক চাপ বোধ করি। সে ক্ষেত্রে গান শুনি, পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাই।’
এবার চোখ রাখা যাক বলিউড আঙিনায়। আকাশচুম্বী জনপ্রিয়তা, নতুন কোনো ছবি মুক্তি পাওয়ার সঙ্গে যাঁদের নজর থাকে বক্স অফিসের দিকে, তাঁরা কেমন চাপে থাকেন? ৭৩ বছর বয়সেও অভিনেতা অমিতাভ বচ্চন পুরোদস্তুর ব্যস্ত অভিনেতা। শুটিং, পণ্যের প্রচারণা, ব্লগ লেখা, পরিবার—কত শত কাজেই না যুক্ত রয়েছেন। তবু কাজের ফাঁকে দুদণ্ড সময় পেলেই সুর তোলেন পিয়ানোয়, যা তাঁকে সাহায্য করে চাপমুক্ত থাকতে। তবে ভালো বাজাতে পারেন এমন কথা এড়িয়ে গিয়ে তিনি সহজাত ভঙ্গিতে বলেন, ‘আমি শুধু পিয়ানোতে তাল তুলি, তারপর সেটি অনবরত বাজিয়ে যাই।’

শাহরুখ খান
শাহরুখ খান

আপনি হয়তো অবাক হবেন শাহরুখ খানের কথা শুনে। চাপে চৌচির হয়ে নাকি নিজের জীবযাপন থেকে তিনি চাপকে নিয়েছেন জীবনের পাথেয় হিসেবে। বলিউড বাদশা শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘চাপ না থাকলে জীবনটাকে আমার অলস মনে হয়। চাপে না থাকলে আমি হয়তো মরেই যাব!’
কিন্তু সবাই তো আর শাহরুখ খান নন। রণবীর সিং যেমন চাপ কাটাতে ভিডিও গেম খেলেন, শোনেন উদ্বুদ্ধকরণ কথাবার্তা। ‘উদ্বিগ্নতা কাটাতে আমি ভিডিও গেমস খেলি। ফিটনেস ট্রেইনারের কাছে শোনা উদ্ধুদ্ধমূলক কথা আবার বাবার কাছ থেকে উৎসাহব্যঞ্জক কথাগুলোও চাপ কাটাতে সাহায্য করে,’ বলেন রণবীর সিং।
বলিউডের বাইরে হলিউড তারকাদের নিশ্চয় বেশি চাপে থাকার কথা। কিন্তু বাস্তবতা বলছে, তাঁদের কেউ কেউ এতটা গোছালো যে কাজের ক্ষেত্রে চাপ অনুভব করেন না। যেমন অভিনেত্রী কেট উইন্সলেট। নিজের ঘরদোর থেকে সবকিছু চলে তাঁর পরিকল্পনা অনুয়ায়ী। কেট উইন্সলেট যেমনটি বলেন, ‘বাচ্চাদের কোথাও পৌঁছানো বা নিয়ে আসা থেকে শুরু করে সবকিছু আমি আগে থেকে পরিকল্পনা করি। আমার ঘরের প্রতিটি জিনিস কোথায় রাখা, তার বিবরণ ও মানচিত্র আছে।’
তারকাদের কথা তো শুনলাম। জানা যাক চাপ থেকে নিস্তার পাওয়ার কিছু কৌশল। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘প্রথমত আমাদের ভাবনার পরিবর্তন করতে হবে। প্রতিটি কাজকে ইতিবাচকভাবে দেখতে হবে। সময়-সচেতন হতে হবে। শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই হবে না৷ নিজের জন্যও একটু বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। যেমন সহজভাবে চাপ এড়াতে চেয়ারে আরাম করে বসে দেয়ালের একটি বিন্দুতে স্থির দৃষ্টিতে জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়া যেতে পারে৷ নিয়মিত ব্যায়াম করা, কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে একটু কথা বলা বা ধ্যানের চর্চা করতে পারেন।’
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, এমএসএন

মোশাররফ করিম
মোশাররফ করিম
পিয়া বিপাশা
পিয়া বিপাশা