যেভাবে পেয়েছি ইউরোপের ইরাসমাস মুন্ডাস বৃত্তি

ভিনদেশে উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে যাঁরা তৈরি হচ্ছিলেন, করোনা তাঁদের জন্যও একটা বড় ধাক্কা হয়ে এসেছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বৃত্তির নিয়ম বদলে গেছে, অনেকে ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছেন। নানা সমস্যা সত্ত্বেও বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাওয়া কিন্তু থেমে নেই। কীভাবে বাধা পেরিয়ে শিক্ষার্থীরা বৃত্তিসহ ভিনদেশে পড়তে যাচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামে বন্ধুদের সঙ্গে আনিকা শাহজাবিন (বাঁ থেকে প্রথম)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ শেষ করে করোনা মহামারি শুরুর আগে থেকেই উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। নানা বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছি। পূর্বপ্রস্তুতি হিসেবে ২০১৯ সালেই ভাষা দক্ষতা সনদের জন্য আইইএলটিএস ও জিআরই পরীক্ষায় অংশ নিয়েছিলাম।

২০২০ সালে করোনার প্রকোপ শুরু হওয়ার পর আবেদনপ্রক্রিয়া এগোচ্ছিল ধীরে। সে বছরেরই জুন মাসে ইউরোপের ইউনিভার্সিটি অব প্রাগ ও জার্মানির ফ্রেইবার্গ ইউনিভার্সিটিতে বৃত্তিসহ পড়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমার স্নাতকোত্তর করতে ভিনদেশে যাওয়া বন্ধ হয়ে যায়। বৃত্তি ও ভর্তির সুযোগ পেয়েও তখন যেতে পারিনি আমি।

খুব দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্য দিয়ে সময় গেছে। কিন্তু হাল ছাড়িনি। এরপর ইরাসমাস মুন্ডাস বৃত্তির জন্য আবেদন শুরু করি। এ সময়টায় দেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে গবেষণা নিবন্ধ প্রকাশের চেষ্টা করেছি। দেশের একটি স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি অনলাইনে নানা কোর্সে অংশগ্রহণ তো চলছিলই।

নিজ আগ্রহেই ইউরোপিয়ান পার্লামেন্টে ট্রেইনিশিপের জন্য আবেদন করি। সুযোগটা পেয়েও যাই ২০২১ সালের জানুয়ারি মাসে। ঢাকার বেলজিয়াম কনসুলেটে ভিসার জন্য কাগজপত্র জমা দেওয়ার পরও করোনার কারণে এক মাসের কাজ দুই মাস লেগে যায়। অনেক দোটানার মধ্যে উঠে পড়ি ঢাকা-দুবাই-ব্রাসেলসের ফ্লাইটে।

২০২১ সালের মার্চে পা রাখি বেলজিয়ামে। এখানকার অধিবাসীরা ফরাসি ভাষায় কথা বলেন বলে শুরুর দিকে কিছুটা সমস্যা হয়েছিল, এখন সামলে নিয়েছি।

২০২১ সালের এপ্রিল মাসে আমি ইরাসমাস মুন্ডাস বৃত্তি পাই। সবকিছু ঠিক থাকলে, শিগগিরই যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর শুরু করব। ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসে। বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে ফ্লাইট চালু নেই বলে আমাকে জার্মানি হয়ে যুক্তরাজ্যে যেতে হবে।

যাঁরা উচ্চশিক্ষার জন্য এ সময় বিদেশে আসতে চান, কিন্তু করোনার কারণে আটকে আছেন, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। উচ্চশিক্ষার জন্য স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা বেশ কাজে লাগে। তাই স্বেচ্ছাসেবার কাজে যুক্ত থেকে সময়টা কাজে লাগাতে পারেন। এ ছাড়া কোর্স–সংশ্লিষ্ট বিভিন্ন বই ও জার্নাল পড়লে এগিয়ে থাকবেন। লেটার অব রিকমেন্ডেশন, স্টেটমেন্ট অব পারপাসের মতো বৃত্তি ও ভর্তিসংশ্লিষ্ট কাগজপত্র তৈরি রাখা দরকার।