যেভাবে বাড়বে গ্রাহকসেবা
যেসব প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের সেবা দিয়ে থাকে, তাদের অবশ্যই গ্রাহকসেবা বৃদ্ধির নানা কৌশল খুব দক্ষতার সঙ্গে রপ্ত করতে হয়। এতে গ্রাহকদের সঙ্গে সহজাত বন্ধুভাবাপন্ন আচরণ সম্ভব হয়। কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি সফলতা নির্ভর করে—তারা গ্রাহকদের কতটা বেশি সন্তুষ্ট করতে পারে তার ওপর। গ্রাহকদের সঠিক সেবা দেওয়ার মাধ্যমে নানাভাবে সন্তুষ্ট করতে পারলেই প্রতিষ্ঠানের সফলতা আসবে শতভাগ। কীভাবে গ্রাহকসেবা বাড়ানো যায় এবং এর কৌশল কী কী, এসব বিষয় নিয়ে ঢাকায় ‘গ্রাহকসেবা বৃদ্ধি কৌশল’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গ্রাহকসেবার বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই এ প্রতিবেদন। কর্মশালাটি বেসরকারি প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের কর্মকর্তাদের জন্য আয়োজন করেছিল চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডট কম। দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদার। তিনি গ্রাহকসেবাকে প্রতিষ্ঠানের এবং ব্যক্তিগত পেশাজীবনে সফলতার একটি অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করেন। যিশু তরফদার বলেন, গ্রাহকসেবা দানে পারদর্শী হতে হলে প্রথমে সেবাদাতা কর্মকর্তাকে গ্রাহকসেবা সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। একেকজন গ্রাহকের চাহিদা একেক রকম থাকে। এ জন্য গ্রাহকের ধরন বুঝে কোন দিকটি প্রাধান্য দিচ্ছেন, তার ওপর গুরুত্ব দিতে হবে। সেবা প্রদানে শতভাগ নিবেদিত হয়ে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে। একজন গ্রাহকের মনে কোনো ধরনের সন্দেহের সৃষ্টি হয়, এমন কোনো কাজ করা যাবে না। সেবা নিতে আসা গ্রাহক যেন কোনোভাবেই বিরক্তি নিয়ে ফিরে না যায়, এ জন্য তাকে ঠিকভাবে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। গ্রাহকের সামনে সেবাদাতা কর্মকর্তার নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। প্রতিষ্ঠানের পণ্য ও সেবার ব্যাপারে তাঁর খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে। গ্রাহকের জন্য নির্ধারিত সেবাগুলো ঠিকমতো তারা পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, গ্রাহককে শতভাগ সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারলেই তারা সেই প্রতিষ্ঠানে আসবে। এর ফলে সেই গ্রাহক অন্য স্থানে সেই প্রতিষ্ঠানের প্রশংসা করবে এবং অন্যান্য গ্রাহককে সেই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করার কথা প্রচার করবে। এতে করে প্রতিষ্ঠানের উত্কর্ষতা দিন দিন বেড়েই চলবে। গ্রাহক অনেক সময় উত্তেজিত হয়ে কথা বলতে পারে, এমন সময় গ্রাহকসেবার কর্মকর্তা সেই গ্রাহককে স্বাভাবিক ভাষায় কথা বলে তার সমস্যা দূর করার চেষ্টা করবেন। গ্রাহককে যথাসম্ভব হাসিমুখে কথা বলে তার কথার জবাব দেওয়া ভালো গ্রাহকসেবার একটি বিশেষ বৈশিষ্ট্য। গ্রাহকসেবা অন্য প্রতিষ্ঠান থেকে আরও ভালো ও ব্যতিক্রম না হলে গ্রাহক সেই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী কম হবে। সে জন্য প্রতিষ্ঠানের গ্রাহকসেবা যেন অন্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম ও দ্রুততর হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। সেবা নিতে এসে যেন গ্রাহককে ভোগান্তির শিকার না হতে হয়, এটি নিশ্চিত করতে হবে। গ্রাহকের মনে কোনোভাবেই নেতিবাচক মনোভাব গড়তে দেওয়া যাবে না। গ্রাহকের সঙ্গে ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ ও ইতিবাচক আবেগীয় আচরণ করতে হবে। এটি ঠিকমতো করতে পারলে গ্রাহকের দারুণ আস্থা অর্জিত হবে। গ্রাহকের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বসহকারে নিতে হবে এবং দ্রুত সেগুলোর সমাধান করে দিতে হবে। গ্রাহকেরা যেখানে এসে সেবা নেবে, তা যেন উপযুক্ত পরিবেশ হয় সে বিষয়টি গুরুত্ব দিতে হবে। যাঁরা গ্রাহকদের সেবা দেবেন, তাঁরা কতটা উপযুক্ত, তা যাচাই করে দেখা উত্তম। টেলিফোনে গ্রাহকসেবা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক আচরণ করতে হবে। স্পষ্টভাবে কথা বলতে হবে। ভালোভাবে সমস্যার কথা শুনে তার সমাধান দিতে হবে। ভালো গ্রাহকসেবা দিতে হলে গ্রাহকদের প্রতি আন্তরিক হতে হবে। যাঁরা ভালো গ্রাহকসেবা দেন, তাঁদের অনুসরণ করা যেতে পারে। নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করা হলে নিজেরাই নিজেদের ভুলভাল ধরতে পারবেন। এ-সংক্রান্ত কর্মশালায় অংশ নেওয়া যেতে পারে। কর্মশালায় যিশু তরফদার আরও বলেন, নিজের ব্যবহার, দক্ষতা, দ্রুত সেবামান, সেবার শতভাগ প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি উপায়ে বাড়াতে হবে গ্রাহকসেবার মান। মনে রাখতে হবে, গ্রাহক যেখানে সবচেয়ে ভালো সেবা পাবে, সেখানেই যাবে। এ ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানও হতে পারে এক নম্বর গ্রাহকসেবার মান নিশ্চয়তার প্রতিষ্ঠান, তবেই প্রতিষ্ঠানে আসবে শতভাগ সফলতা। কর্মশালায় অংশ নেন বেসরকারি প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের গ্রাহকসেবাসহ অন্যান্য কর্মকর্তা।