যেভাবে বেঁচে আছেন কুষ্ঠপল্লির বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও হাত-পায়ের আঙুল নেই। কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি। বেশির ভাগই চলাফেরায় অক্ষম। কাছে-ধারের কোনো লোকালয়ের সঙ্গেও নেই যোগাযোগ। বাইরের লোকজন তাঁদের এড়িয়ে চলেন, দেখলে ভয়ে দূরে সরে যান। চন্দ্রঘোনার চারটি কুষ্ঠপল্লির শ-চারেক কুষ্ঠরোগী এভাবেই বেঁচে আছেন।কুষ্ঠ ছোঁয়াচে নয়, চিকি ৎ সায় ভালো হয়—সরকারের এমন অভয়বাণী-সংবলিত সাইনবোর্ড উপজেলার কত জায়গায়ই তো ঝুলছে। তবু কুষ্ঠভীতি যে কমেনি কুষ্ঠপল্লির বিচ্ছিন্ন মানুষজন তারই প্রমাণ। কুষ্ঠরোগীদের পল্লির পাশেই চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান কুষ্ঠ চিকি ৎ সা কেন্দ্র। কোথাও ঠাঁই না মিললেও সেখানে গেলে ওষুধ-পথ্য মিলে। তাই সমাজ, পরিবার থেকে বিতাড়িত হয়ে কুষ্ঠরোগীরা এই হাসপাতালের পাশেই নিজেদের পল্লি গড়ে তুলেছেন। পল্লিগুলোতে খাবারও সরবরাহ করা হয় হাসপাতাল থেকে।রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান কুষ্ঠ চিকি ৎ সাকেন্দ্রে শয্যা আছে ৬০টি। হাসপাতাল এখন ভর্তি আছেন প্রায় ৫০ জন রোগী। এর বাইরে চারটি কুষ্ঠপল্লির প্রায় ৪০০ জন নিয়মিত চিকি ৎ সা নেন এখান থেকে। তবে মিশনারিদের সাহায্যে পরিচালিত এই হাসপাতালে অর্থাভাবে রোগীদের পর্যাপ্ত চিকি ৎ সা দেওয়া যাচ্ছে না বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মং স্টিফেন চৌধুরী।কুষ্ঠপল্লির মানুষজন মিশনারিদের সাহায্যের ওপর নির্ভরশীল। পল্লির কেউই ভিক্ষা করেন না। দুবেলা খাবার জুটলেও বেঁচে থাকার প্রয়োজনে কাঠ কাটা থেকে শুরু করে পরিশ্রমের সব কাজই করতে হয়ে তাঁদের। স্থানীয় প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা পান না তাঁরা। চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রাম ও লিচুবাগান এলাকার আশপাশে পাহাড়ের কোলে এই চারটি কুষ্ঠপল্লি অবস্থিত। বাসিন্দাদের বেশির ভাগই আদিবাসী। পাহাড়ি বাঁশ-শন আর লতাপাতা দিয়ে ঘর তৈরি তাঁদের ঘর। জলে ভিজে রোদে পুড়ে কোনোভাবে বেঁচে আছেন। চন্দ্রঘোনা বনগ্রাম কুষ্ঠপল্লির বাসিন্দা অলি কিশোর (৫৮) জানান, পল্লির ২০০ গজের বাইরে যান না তাঁরা। ফলে এলাকার কারও সঙ্গে পরিচয় নেই। বাসিন্দাদের সবাই পঙ্গু। অলি অন্ধ। লাঠিতে ভর দিয়ে চলেন। তাঁর স্ত্রীর বাঁ পা নেই। হাতের আঙুলগুলোও বাঁকা। তবুও কাপড়-চোপড়, থালা-বাসন পরিষ্কার করা এবং রান্নার মতো পরিশ্রমের কাজ করেন তিনি। অলির প্রতিবেশী খাটো চাকমা (৬২) ও কিশোরী বালারও (৫৫) হাত-পায়ের আঙুল নেই। তবু কোমর তাঁতে কাপড়ের সাহায্যে বুনেন তাঁরা। সেই কাপড় বিক্রি করেন মিশনারিদের কাছে। কুষ্ঠপল্লির মানুষজনের কাছে খুব পরিচিত নাম ডা. এলভিন সাহা। কুষ্ঠ চিকি ৎ সাকেন্দ্রের বিশেষজ্ঞ চিকি ৎ সক তিনি। নিবেদিতপ্রাণ এই মানুষটি চট্টগ্রাম থেকে প্রতি রোববার এখানে এসে নিয়মিত চিকি ৎ সা দিচ্ছেন কুষ্ঠরোগীদের। হাসপাতাল থেকে এ জন্য কোনো বেতন ভাতাও নেন না। তাঁর সঙ্গে কথা হয় হাসপাতাল ও পল্লির রোগীদের এখনকার অবস্থা নিয়ে। তিনি বলেন, কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, সংক্রামক। তবু ছোঁয়াচে মনে করে মানুষ আক্রান্তদের সংস্পর্শে আসে না। তাই কুষ্ঠরোগে আক্রান্তদের পৃথক স্থানে রেখে চিকি ৎ সা দেওয়া হয়। এ রোগে আক্রান্তদের হাত-পা চোখসহ দেহের অঙ্গহানি হয় বেশি। ফলে কর্মহীন হয়ে পড়েন তাঁরা। এই ধরনের রোগীর সম্পূর্ণ ব্যয় বহন করার মতো অর্থ বরাদ্দ নেই এই হাসপাতালের। এ কারণে প্রয়োজনীয় ওষুধের সবটা দেওয়া যাচ্ছে না রোগীদের।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকি ৎ সক মং স্টিফেন চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকি ৎ সাকেন্দ্রে রোগী আসে। এমনকি ঢাকা মহাখালী কুষ্ঠ হাসপাতাল থেকেও কুষ্ঠরোগী পাঠানো হয় এ কেন্দ্রে। অথচ কেন্দ্রটি পরিচালিত হয় বিদেশি দাতা সংস্থার আর্থিক সহায়তায়। ফলে প্রায় সময় এ কেন্দ্রে আর্থাভাব লেগেই থাকে। প্রতিরোগীর পেছনে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা খরচ হয়। কিন্তু এ টাকা যথেষ্ট নয়। পর্যাপ্ত অর্থের জোগান না পাওয়ায় রোগীদের ভরণপোষণ ও আধুনিক চিকি ৎ সাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আজম সিদ্দিকি এ প্রসঙ্গে বলেন, কুষ্ঠপল্লি ও কুষ্ঠ চিকি ৎ সাকেন্দ্রে সহায়তা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পল্লির মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।