শচীন টেন্ডুলকার। সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। জন্ম ১৯৭৩ সালের ২৪ এপ্রিল। টেস্টে ৫১টি সেঞ্চুরিসহ ১৪ হাজার ৬৯২ রান এবং ওয়ানডে ক্রিকেটে ৪৬টি সেঞ্চুরিসহ ১৭ হাজার ৬৫৭ রানের মালিক তিনি। বর্তমান বিশ্বকাপ নিয়ে শচীন খেলছেন পঞ্চম বিশ্বকাপ। আমার স্পষ্টভাবেই মনে পড়ছে। আমার বয়স তখন সবে সাত বছর, জীবনের প্রথম ক্রিকেট ব্যাটটা হাতে পেলাম এবং তখন থেকেই আমার ক্রিকেট-জীবন শুরু। আমার বড় বোন আমাকে ওই ব্যাটটা উপহার দিয়েছিলেন কাশ্মীর ভ্রমণ থেকে ফিরে। ব্যাটটি ছিল কাশ্মীরের উইলো কাঠ দিয়ে তৈরি। সেটা যে খুব আহামরি কিছু ছিল তা নয়, তবে আমার কাছে সেটা ছিল সোনার চেয়ে দামি। আমি স্বপ্ন দেখতাম ভারতীয় দলে খেলব, চার-ছয় হাঁকাব, দর্শকেরা আনন্দে আত্মহারা হবে। টেনিস বল ছেড়ে শক্ত ক্রিকেট বল দিয়ে খেলা শুরুর সময় ওই ব্যাটটা ভেঙে যায়। ব্যাটটা না ভাঙা পর্যন্ত আমি ওটা দিয়েই খেলতাম।মুম্বাই শহরের প্রাণকেন্দ্রে এক অ্যাপার্টমেন্টে আমার বেড়ে ওঠা। মধ্যবিত্তদের জন্য চমৎ কার এক জায়গা ছিল সেটা। আমরা তিন ভাই ও এক বোন। চারজনের মধ্যে অবশ্য আমিই ছিলাম সবার ছোট। আমাদের বাসার সামনে এক টুকরো সবুজ মাঠ ছিল, যেখানে বন্ধুদের সঙ্গে অবসরে আমি খেলাধুলা করে সময় কাটাতাম। সকাল-বিকেল সব সময়ই খেলা নিয়ে মেতে থাকতাম। সব খেলাই খেলতাম—ফুটবল, ভলিবল, হকি এবং অবশ্যই ক্রিকেট। আমি উচ্চতায় খাটো ছিলাম বলে আপনাআপনিই ব্যাটিং করার সুযোগ মিলত। কারণ, যারা দীর্ঘদেহী তাদের পছন্দ ছিল বোলিং। আর আমার মতো যারা খর্বাকৃতির ছিল, তাদের ব্যাটিং ছাড়া কোনো বিকল্প ছিল না। ক্রিকেটের প্রতিই যে আমার একমাত্র অনুরাগ ছিল তা নয়, আমি অনেক দিন টেনিস খেলেছি এবং আমি মোটামুটি ভালোই খেলতাম। জন ম্যাকেনরো ছিলেন আমার প্রিয় টেনিস খেলোয়াড়। আমি তাঁর মহাভক্ত ছিলাম। আমার পরিবারের সদস্য এবং বন্ধুরা সবাই বিয়ন বোর্গকে সমর্থন করত। বিপরীতে আমিই ছিলাম জন ম্যাকেনরোর একমাত্র সমর্থক। জন ম্যাকেনরোর স্টাইল অনুসরণ করতাম বলে সবাই আমাকে ‘ম্যাক’ বলে ডাকত। আমি লম্বা চুল রেখেছিলাম এবং ম্যাকের মতো হেডব্যান্ড কিনে দিতে বাবাকে বাধ্য করেছিলাম। আমার সে সময়ের ছবি দেখলে আমাকে কেউ চিনতেই পারবে না! তা ছাড়া আমি ছিলাম ভয়ানক দুষ্ট-প্রকৃতির। আমাকে দেখভাল করা ছিল ভয়ংকর কঠিন এক কাজ। আমি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গাছগুলোয় বেয়ে বেয়ে উঠতাম এবং আম-পেয়ারা সাবাড় করে নিয়ে আসতাম। ফলের গাছগুলো সবার বিশেষ নজরদারিতে থাকত। তাই এ জন্য আমি সন্ধ্যাবেলাটিকে বেছে নিতাম। কারণ, এ সময় সবাই ঘরে বসে টিভি দেখায় ব্যস্ত থাকত। আমাকে দেখাশোনা করার জন্য একজন বুয়া রাখা হয়েছিল। আমি মোটেও ঘরে ফিরতে চাইতাম না, আমার পেছনে দৌড়াতে দৌড়াতেই তার ২৪ ঘণ্টা চলে যেত। কৈশোরে আমি যখন বেশি করে ক্রিকেট খেলা শুরু করলাম, বলা চলে তখনই আমি ক্রিকেটে থিতু হলাম। সে সময় আমার শরীরের সবটুকু ক্যালরি পোড়াতাম ক্রিকেট পিচে এবং সেখানেই আমার প্রতিভা বিকশিত হতে থাকে। এ ক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় আমার ভাই অজিতকে। খেলায় আসার পথে সে-ই আমাকে চালিত করেছে। বন্ধুদের সঙ্গে যখন আমি নিচতলায় খেলতাম, তখন সে ওপর থেকে আমার খেলা দেখত, আমাকে বুঝতে দিত না। আমার ব্যাট করার কৌশল, বল পেটানোর ধরন আর আমার ধারাবাহিকতা দেখে তার বদ্ধমূল ধারণা হয় যে আমি ভালো ব্যাট করতে পারি। অজিত আমার থেকে বছর দশেকের বড়। তিনিও অল্পবিস্তর ক্রিকেট খেলেছেন। তিনি আমাকে বলতেন, পেশাদার ক্রিকেটই হতে পারে আমার গন্তব্য। আমার খেলার স্বার্থে স্কুল বদলের জন্য তিনি বাবাকে রাজি করিয়েছিলেন।আমার বাবা লোকান্তরিত হন ১৯৯৯ সালে। একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে তিনি মারাঠি ভাষা শেখাতেন, যা আমার মাতৃভাষা। তিনি ক্রিকেটপ্রেমী ছিলেন না, তিনি ছিলেন লেখক ও কবি। কিন্তু তিনি ঠিকই জানতেন কীভাবে আমার সেরাটা আদায় করা যাবে। তিনি আমাকে সব সময় উৎ সাহ দিতেন এবং মাকে বলতেন, আমার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আমি কখনোই তাঁর বিশ্বাসের অমর্যাদা করিনি। ভাসা ভাসা কোনো কৌশল গ্রহণের ব্যাপারে তিনি সতর্ক করতেন এবং সাফল্য-ব্যর্থতা সব সময়েই মনোযোগ দিয়ে খেলতে বলতেন। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা ক্রিকেট—এর যেকোনো একটি বেছে নেওয়ার সময় এল, তখন বাবা বললেন, ‘তুমি ক্রিকেট খেলতে পারো। এটিই তোমার প্রথম ভালোবাসা। তাই তুমি সে পথেই যাও।’সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে মাত্র ১৬ বছর বয়সে যখন জাতীয় দলে আমার যাত্রা শুরু হলো, তখন বাবা-মা দারুণ খুশি হয়েছিলেন। শুরুতে তাঁরা অবশ্য কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্তও ছিলেন। ভারতে ক্রিকেট অনেকটা ধর্ম সমপর্যায়ের। তাই তাঁদের আশঙ্কা ছিল, এই বয়সে আমি প্রত্যাশা ও চাপ মোকাবিলা করতে পারব কি না? তখন কোনো কোনো খেলোয়াড়ের বয়স ছিল আমার দ্বিগুণ। বছরের বেশির ভাগ সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হতো। পরে অবশ্য সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল।ক্রিকেট আমার কাছে প্রিয়তম এবং বিশেষ কিছু। এটি আমার কাছে গাড়ি-বাড়ি কিংবা ধনসম্পদ উপার্জনের বিষয় নয়। মা-বাবা আমাকে শিখিয়েছেন, সম্মানের সঙ্গে জীবনযাপন করাটাই গুরুত্বপূর্ণ। অর্থলিপ্সা বা জাগতিক লোভ-লালসা মানুষকে সব সময় নিচে নামায়। সে সময় আমার একটাই স্বপ্ন ছিল: ভারতীয় দলের ক্যাপ আর জার্সি পরে জাতীয় ক্রিকেট দলে খেলব। শৈশবের সেই স্বপ্ন আমার পূর্ণ হয়েছে।সানডে টাইমস (২০০৬) থেকে পাওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর: ফিরোজ জামান চৌধুরী