যেভাবে ভেঙে গেল একটি সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবীর হাসান (ছদ্মনাম) একটি অভিজাত হোটেলের ব্যবস্থাপক। তিনি উচ্চশিক্ষিত। বিয়ে করেন শিক্ষিত পরিবারের মেয়েকে। তাঁর নাম আফসানা আবীর (ছদ্মনাম)। প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন ভালোভাবেই কাটছিল। শাশুড়ির মৃত্যুর পর তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। বিশেষ করে আফসানার শ্বশুর এক তরুণীকে বিয়ে করলে সংসারে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুজনার দুটি পথ দুদিকে চলে যায়। আফসানা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান লন্ডনে। এর মধ্যেই বিচ্ছেদের আবেদন জানান আফসানা। চট্টগ্রাম মহানগর হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের বিচ্ছেদ ঘটান। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। শুনানির জন্য নথি নেওয়া হলে আফসানা আবীর (ছদ্মনাম) বলেন, ‘স্যার, আমার অনেক বক্তব্য আছে। আমার কথা একটু দয়া করে শোনা হোক।’ সালিসি পরিষদ অনুমতি দিলে আফসানা বলেন, ‘স্যার, আমি অনেক কষ্ট করেছি। আমার বিয়ের সময়ে শাশুড়ি বেঁচে ছিলেন। ওই সময় আমি মোটামুটি ভালোই ছিলাম। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেন। ওকে দিয়ে আমার ওপর অত্যাচার চালিয়েছেন। ও আমার শিশু সন্তানের হাত ভেঙে দিয়েছে। স্যার, আমি বিচার চাই।’ সাক্ষ্য দেওয়ার এই পর্যায়ে আফসানা কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর নিজেকে সামলে আবার বলতে থাকেন, ‘স্যার, ওরা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। আমাকে লেখাপড়া করানোর কথা থাকলেও তারা পরে বাধা দিয়েছে। বিয়ের সময় আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তাদের কারণে আমি পড়াশোনা শেষ করতে পারিনি। পরে আমি লন্ডনে চলে যাই এবং হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হই। এখনো পড়শোনা চালিয়ে যাচ্ছি। এর আগে আমি বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করেছি। একটি নামকরা স্কুলে ভর্তি করিয়েছি। অথচ পরে ওরা আমার বাচ্চাকে নিয়ে গেছে। তাকে ওরা হোটেলে রেখেছে। আমার ছেলেকে হোটেলের বয়রা দেখাশোনা করে। আমার সাত বছরের শিশুটিকে ওরা অত্যাচার করছে।’ আফসানার মা অশ্রুসজল চোখে সালিসি পরিষদকে বলেন, ‘স্যার, আমার মেয়েটা অনেক কষ্ট করেছে।’ এ কথা শুনে প্রথম পক্ষ আবীর হাসান তাঁকে (আফসানার মা) লক্ষ্য করে বলেন, ‘আপনার জন্যই সব হয়েছে।’ তাঁর কথা আফসানার মা খেয়াল করেছেন কি না, বোঝা যায়নি। তিনি একইভাবে বলে চলেন, ‘স্যার, আমার মেয়ের কিছু প্রাপ্য আছে। দেনমোহর বকেয়া আছে। বাচ্চাকে দেখতে পারছে না। স্যার, আপনি একটু ব্যবস্থা করে দেন।’ তাঁর কথা শুনে আবীর বলেন, ‘স্যার, ওরা পারিবারিক মামলা করেছে। সেখানে এসবের নিষ্পত্তি হবে। আমার তালাক কার্যকর করা হোক। আর সন্তানের জন্য এত দরদ থাকলে কোনো মেয়ে কি বাচ্চাকে ফেলে সুদূর লন্ডনে চলে যেতে পারে?’ জবাবে আফসানা বলেন, ‘তোমরাই সেটা বাধ্য করেছো।’ আবীরের কৌঁসুলি বলেন, ‘স্যার, আপনার করুণা পেতে ও কান্না করছে। তাঁর স্বামী একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক। কাজের খাতিরেই তিনি হোটেলে থাকেন। তাঁর কোনো প্রকার বদ অভ্যাস নেই।’ এ পর্যায়ে আদালত বলেন, ‘নথি পর্যালোচনায় মনে হচ্ছে সম্পর্কটা আর জোড়া লাগানোর পর্যায়ে নেই। দ্বিতীয় পক্ষ দেনমোহরসহ যেসব বিষয় তুলেছেন সেগুলোর জন্য আলাদা এখতিয়ারসম্পন্ন আদালত আছে।’ বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর হলো।