যেভাবে শুরু মঙ্গল শোভাযাত্রা

১৯৮৪ সাল। বাংলা ১৩৯০ সনের চৈত্র মাসের শেষ দিন। স্বৈরশাসনের অবরুদ্ধ সময়ের সেই দিনে চট্টগ্রামবাসী এক নতুন ঘটনার অভিজ্ঞতা লাভ করল। তখনকার নন্দনকানন এলাকাটি ছিল শান্ত ও নির্জন। কিন্তু সেদিন বিকেলে ডিসি পাহাড়ের সামনে ছিল শত শত মানুষের কোলাহল। ছিল ঢাকের বাদ্যি, ঢোলের আওয়াজ, বাঁশির আওয়াজ, স্যাক্সোফোনের সুর আর তারুণ্যের উচ্ছ্বাস। বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সেজে, রংবেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি শুরু হয় ডিসি পাহাড়ের সামনে থেকে। বৌদ্ধমন্দির সড়ক হয়ে শোভাযাত্রাটি শহীদ মিনার, কে সি দে সড়ক, লালদীঘি, আন্দরকিল্লা, মোমিন রোড হয়ে আবার ডিসি পাহাড়ে ফিরে আসে। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে পয়লা বৈশাখকে কেন্দ্র করে সেই প্রথম শোভাযাত্রার শুরু হলো চট্টগ্রামে।
সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার বললেন, ‘তখন দেশের পরিস্থিতি আমাদের দেশের ঐতিহ্য, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের অনুকূলে ছিল না। দেশে চলছিল স্বৈরশাসন, বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে চলছিল রাষ্ট্রযন্ত্র। এই সবকিছুর বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদস্বরূপ পয়লা বৈশাখের আয়োজনে নতুন মাত্রা আনতে আমরা চট্টগ্রামে শোভাযাত্রা শুরু করেছিলাম। পুরোনো বছরকে বিদায় জানিয়ে, নতুন বছরকে স্বগত জানাতে এই আয়োজনটি আমরা করেছিলাম।’

১৯৭৮ সালে নগরে প্রথম নববর্ষের আয়োজন হলেও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এর ছয় বছর পর। প্রথম নববর্ষের অনুষ্ঠানের উদ্যোক্তা একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বললেন, ‘ওই সময় এই ধরনের সাংস্কৃতিক জাগরণের প্রয়োজন ছিল। রাজনৈতিক কোনো কর্মকাণ্ড স্তব্ধ ছিল সামরিক শাসন ও স্বৈরশাসনের দিনগুলোতে। আমরা চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা তাই এক যোগে মিলিত হয়ে চট্টগ্রামে ঘটা করে নববর্ষ পালন শুরু করি বাংলা ১৩৮৪ (১৯৭৮ সাল) সন থেকে। এই আয়োজনে ব্যাপক সাড়া মিলল। এক অবরুদ্ধ দমবন্ধ পরিবেশে মানুষ যেন প্রাণ ফিরে পেল, মুক্ত হওয়ার অবকাশ পেল। শুরুতে আমাদের আয়োজনে অবশ্য শোভাযাত্রা ছিল না। পরবর্তী সময়ে আয়োজনে যুক্ত হলো বর্ষ বিদায়ের অনুষ্ঠান এবং শোভাযাত্রা।’
চট্টগ্রামে পয়লা বৈশাখের দিনই মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয় বাংলা ১৪১৩ সনের (২০০৬ সালে) নববর্ষে। এর উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন। এই আয়োজনের অন্যতম সংগঠক সুব্রত বড়ুয়া রনি বললেন, ‘ডিসি পাহাড়ের আয়োজনের পাশাপাশি আমরা প্রথম পয়লা বৈশাখের আয়োজন শুরু করলাম একটু ভিন্নভাবে। বছরের শুরুর দিনটাকে অর্থবহ করে তুলতে শোভাযাত্রা করার চিন্তা মাথায় আসে। মূলত বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে চেয়েছিলাম আমরা। এ জন্যই এ শোভাযাত্রায় দেখা যেত বড় বড় মুখোশ, কাগজ আর বাঁশ দিয়ে বানানো বিভিন্ন ভাস্কর্য। এতে ছিল রঙের বাহার আর উৎসবের মেজাজ। অশুভ সবকিছুকে ঝেড়ে ফেলে নতুন বছরে সকল সৌন্দর্যকে বরণ করার প্রত্যয়ে আমরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করি।’
শিল্পী আহমেদ নেওয়াজ, বিজন মজুমদার, সুকান্ত চৌধুরী, সুজাউদ্দিন, বিশ্বজিৎ তলাপাত্র, রেজাউল করিম, মোহাম্মদ জসিম উদ্দিনসহ চারুকলা কলেজের বহু প্রাক্তন শিক্ষার্থীর প্রচেষ্টায় এই মঙ্গল শোভাযাত্রা চট্টগ্রামের ঐতিহ্যে পরিণত হয়। তাঁদের উদ্যোগে ২০১৪ সাল পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন হতো। বর্তমানে পূর্বসুরিদের এই দায় নতুন প্রজন্মের কাঁধে এসে পড়েছে। এখন প্রতিবছর নববর্ষের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমাদের সংস্কৃতির প্রতীক মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এর ফলে এই উৎসব আরও মর্যাদাপূর্ণ হলো। এই পয়লা বৈশাখে আরও নতুন উদ্যমে, আরও নতুন সাজে মঙ্গল শোভাযাত্রা মুখরিত করবে রাজপথ। আর এভাবেই আমাদের ঐতিহ্যের বার্তাগুলো প্রজন্মান্তরে প্রবাহিত থাকবে।