যেভাবে সেলফি আবিষ্কার করলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তখনো এর নাম সেলফি হয়নি। আমি তখন কেবল প্রথম মুঠোফোন কিনেছি। আনন্দে আটখানা অবস্থা! পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তুটি যেন আমার হাতে। আর তাতে যা হওয়ার ঠিক তাই হয়েছিল। বাসায় আসার আগে খেয়াল করিনি, মুঠোফোনটার পেছন দিকটায় একটা ফুটো! শুধু যে ফুটো তা–ই নয়, পাতলা গ্লাস দিয়ে ফুটোটা ঢেকে রাখার অপচেষ্টাও করা হয়েছে! রাগ সামলাতে পারলাম না। অগ্নিশর্মা হয়ে বিক্রেতার কাছে গেলাম। ব্যাটাকে কষে একটা চড় মারার মতো যথেষ্ট সাহস ছিল না। তাই বিনীতভাবেই মুঠোফোনের পেছনের ফুটোটা দেখালাম। বিক্রেতা কিছুক্ষণ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ‘এটা তো ক্যামেরা!’ আমি চাইলাম মুঠোফোন আর পেলাম ক্যামেরা! যা হোক, ওই ক্যামেরা নিয়েই খুশিমনে বাড়ি ফিরলাম। বাসায় ফেরার পর আমার সুপ্ত প্রতিভা বিকশিত হতে শুরু করল। আমি যে এত ভালো ফটোগ্রাফার, তা জানাই ছিল না! 
এরপর দিন–রাত কেবল ক্লিক ক্লিক ক্লিক! গরু, বিড়াল, কুকুর, পোকামাকড়—সবকিছুরই ছবি তুলছি। হঠাৎ খেয়াল করলাম, আমার ছবিই কেবল তোলা হচ্ছে না। কে তুলে দেবে আমার ছবি? চিন্তায় পড়ে গেলাম। অন্য কাউকে দিয়ে ছবি তোলাতে ভরসাও পাচ্ছিলাম না। তাছাড়া আমি নিজেই যখন এত ভালো ফটোগ্রাফার, তখন অন্য কেউ কেন! আর কবি তো বলেছেন, যদি তোর ছবি তুলতে কেউ না আসে, তবে নিজেই তোলো রে! তাই অনেক কায়দা করে ক্যামেরায় বন্দী করে ফেললাম নিজের চাঁদবদনটি। তখন থেকেই আবিষ্কৃত হলো যুগান্তকারী সেলফি! আজ যখন দেখি আমার আবিষ্কৃত সেলফির অনুকরণে বারাক ওবামা, শাকিরা থেকে লিওনেল মেসিদের মতো বিখ্যাত ব্যক্তিরা মাথা ত্যাড়াব্যাঁকা করে সেলফি তুলে টুইট করছেন, তখন আমার বুক গর্বে ভরে যায়! চোখে বেয়ে নেমে আসে অশ্রু! খুশির অশ্রু!
শ্যামলী, ঢাকা