যেভাবে হবেন সিনিয়র স্টাফ নার্স
দেশব্যাপী নার্স নিয়োগ করে থাকে বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তর। ২০০১ সালে যাঁরা ডিপ্লোমা-নার্সিং ও ডিপ্লোমা-ইন মিডওয়াইফারি বা অর্থোপেডিকস নার্সিং পাস করেছেন, তাঁদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সেবা পরিদপ্তর। এই পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ বা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিক মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে যাঁরা এই কোর্সে পাস করেছেন, তাঁদের নিয়োগ প্রদান করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাঁরা ২০০১ সালে এই কোর্স থেকে পাস করেছেন, তাঁদের ১৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু মুক্তিযোদ্ধা কোটায় নার্স নিয়োগ করা হবে। এ বিষয়ে সেবা পরিদপ্তরের উপপরিচালক ফরিদা বেগম বলেন, ‘আমরা প্রতিবছর পর্যায়ক্রমে পাস করা প্রার্থীদের মধ্য থেকে নার্স নিয়োগ করে থাকি।’ বাংলাদেশে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর জন্য কেন্দ্রীয়ভাবে নার্স নিয়োগ করে থাকে এই সেবা পরিদপ্তর। কোটা ছাড়া সাধারণ প্রার্থীদেরও একইভাবে নিয়োগ দেওয়া হয় বলে তিনি জানান। যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সঙ্গে সঙ্গে প্রার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো সেবা ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা-ইন নার্সিং এবং এক বছর মেয়াদি মিডওয়াইফারি বা অর্থোপেডিক নার্সিং পাস হতে হবে। প্রতিবছর এসব নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কোর্স করা শিক্ষার্থীদের নিয়মিতভাবে এবং পরিদপ্তরের প্রয়োজনের ভিত্তিতে নার্স নিয়োগ করা হয়। এ জন্য সময় সময় পরিদপ্তর দেশের জাতীয় পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নার্সিং কোর্স করার বিষয়ে বিএসসি নার্সিং কলেজের অ্যাক্টিং নার্সিং ইন্সট্রাক্টর তাপসী ভট্টাচার্য বলেন, সেবা পরিদপ্তরের নার্স হিসেবে যোগদানের জন্য প্রার্থীদের অবশ্যই এসব নার্সিংয়ের ওপর কোর্স করা থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলে নিবন্ধন থাকতে হবে। এসব কোর্স সমাপ্ত করার পর তাঁদের সেবা পরিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে নার্স হিসেবে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার জন্য। সে ক্ষেত্রে নিয়োগের জন্য যথাযথ পদক্ষেপ প্রার্থীদের নিজেদেরই নিতে হবে। নার্সিং পেশায় যোগদানের জন্য আপনাকে প্রথমে এসব কোর্স করতে হবে। এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন হতে হয় এবং কোর্সে পাস করতে হয়। এই কোর্স করার পর প্রার্থীদের নিয়মিতভাবে তাঁদের নিবন্ধন হালনাগাদ করাতে হয়। নিবন্ধন হালনাগাদ করে বাংলাদেশ নার্সিং কাউন্সিল। সেবা পরিদপ্তরের নার্স হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীদের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হয়। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সব কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে জমা দিতে হয়। আবেদনপত্র সেবা পরিদপ্তরের প্রধান কার্যালয়, মতিঝিলে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হয়। ফরিদা বেগম বলেন, আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। তাপসী ভট্টাচার্য বলেন, বছরের বিভিন্ন সময়ে নার্সিং ইনস্টিটিউট ছাত্রছাত্রী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। যাঁদের আগ্রহ এই পেশায় আসার, তাঁরা এসব ইনস্টিটিউট বা দৈনিক পত্রিকায় খোঁজ রাখতে পারেন বলে জানান তিনি।