
‘আমি বেশি কিছু চাই না, আমি চাই আমার সন্তান যেন একজন ভালো মানুষ হয়।’ অনেক মা–বাবা মুখে হয়তো এ কথা বলছেন, কিন্তু কার্যত সন্তানকে নানাভাবে বিভিন্ন অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছেন। অনৈতিকভাবে সফলতা লাভের জন্যও সন্তানকে উৎসাহিত করছেন। এতে ‘ভালো মানুষ’ হওয়ার লক্ষ্য থেকে সে নানাভাবে দূরে চলে যাচ্ছে। সন্তানের মনোজগৎ দাপিয়ে বেড়াচ্ছে যেনতেন প্রকারে সফল হওয়ার দৈত্য। বেশির ভাগ ক্ষেত্রে এই দৈত্যকে আমন্ত্রণ জানান মা–বাবারাই। আমার ছেলে বা মেয়ে হবে সবার চেয়ে সেরা, এটা সব মা–বাবারই চাওয়া। এই চাওয়ার মধ্যে দোষের কিছু নেই; কিন্তু সমস্যাটা হচ্ছে সন্তানকে ‘সেরা’ বানাতে গিয়ে অনেক সময় তাঁরা সজ্ঞানে বা মনের অজান্তে এমন কিছু আচরণ করে ফেলেন, তাতে সন্তান হয়তো আপাতসফল হয়, কিন্তু তার নৈতিক বিশ্বাসে ফাটল ধরে। শিশুর নৈতিকতার বিকাশের পর্যায় আশপাশ দ্বারা প্রভাবিত হয়।
মার্কিন গবেষক লরেন্স কোহলবার্গ মানুষের নৈতিকতার বিকাশের পর্যায় ব্যাখ্যা করতে গিয়ে তিনটি স্তরের বর্ণনা দেন। জন্ম থেকে প্রথম কয়েক বছর শাস্তি এড়াতে শিশুরা নিয়মকানুন মেনে চলে, এরপর বয়ঃসন্ধিতে নিজের কাজের স্বীকৃতির জন্য সামাজিক রীতিনীতির সঙ্গে একাত্মÄহয়ে ‘ভালো ছেলে’ বা ‘ভালো মেয়ে’ হতে চায়। আর নৈতিকতার বিকাশের তৃতীয় স্তর শুরু হয় ১৬-১৭ বছর বয়সের দিকে। তখন সে নৈতিকতাকে নিজস্ব ধারণার জগতের সঙ্গে মিলিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিতে থাকে। তৃতীয় পর্যায়েই সে চারপাশ দেখে নিজের চিন্তা ও আচরণকে নিজের মতো করে গড়ে নেয়।
মা–বাবারা সন্তানের মনোজগতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকেন। সন্তানের কাছে মা–বাবার আচরণগুলো সব সময়ই অনুকরণীয় এবং মা–বাবার আচরণ দিয়ে সে নিজের আচরণগুলোর বৈধতা পেতে চায়। একদম প্রাক্–স্কুলপর্যায় থেকেই সন্তান দেখে, স্কুলে ভর্তির জন্য মা–বাবা তার জন্মসনদে বয়স কমবেশি করে দিয়েছেন! একটি তার আসল জন্মসাল, আরেকটি ভুয়া জন্মসাল—এই ধরনের একটি গুরুতর অনৈতিকতার দর্শন নিয়ে সে শিক্ষাজীবন শুরু করে। ভর্তিযুদ্ধেও দেখে তার পড়ালেখা, মেধা আর পারফরম্যান্সের চেয়ে মা–বাবার কানেকশন, তদবির আর ডোনেশনের গুরুত্ব বেশি। এরপর সামনের একটা বড় সময় নৈতিকতা বিষয়ে নিজের প্রাথমিক ধারণার সঙ্গে আশপাশে ঘটে যাওয়া অনেক কিছুর মিল খুঁজে পায় না, এতে তার চিন্তাজগতে দ্বন্দ্ব তৈরি হয়—ভাবনার সঙ্গে তো বাস্তবতা মিলছে না। আবার মা–বাবা মুখে এত সুন্দর কথা বলেন অথচ কাজের ক্ষেত্রে অনৈতিকতার চর্চা করেন। এগুলো তাকে ‘ভালো মানুষ’ হতে বাধা দেয়, সে আর ‘ভালো মানুষ’ হতে চায় না। সে চায় কেবল ‘সফল মানুষ’ হতে, তা–ও যেকোনো উপায়ে। এ জন্য অন্যায় করাটাকেও সে নিজস্ব যুক্তি দিয়ে বৈধতা দেয়। স্কুলে সে দেখে, মা–বাবা লাইন ভেঙে সবার আগে বেতন কাউন্টারে চলে যাচ্ছেন, রাস্তায় দেখে মা–বাবা গাড়ির চালককে উল্টো দিক দিয়ে গাড়ি চালাতে উৎসাহিত করছেন।
প্রায়ই দেখে, মা–বাবা তাকে নিয়ে লিফটে লাইনে দাঁড়াচ্ছেন না, বরং লাইন বা কিউ ভেঙে সামনে যাওয়াটাকে নিজেদের অধিকার আর জোর হিসেবেই সন্তানের সামনেই প্রকাশ করছেন। আরও ভয়ংকর বিষয় হচ্ছে, সন্তানের বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষার হলের সামনে, পরীক্ষা শুরুর ঠিক আগে ‘হলেও হতে পারে’ ধরনের ফাঁসকৃত (?) প্রশ্নের সমাধান দেখার জন্য সন্তানকে সঙ্গে নিয়েই মুঠোফোনের ওপর হুমড়ি খেয়ে পড়ছেন! বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়ার জন্য লাখÿটাকা খরচ করছেন, পরীক্ষার আগের রাতে সন্তানকে ব্যস্ত রাখছেন প্রশ্ন সংগ্রহের জন্য।
আরও রয়েছে—নানা আলোকিত প্রতিযোগিতায় সন্তানের অংশগ্রহণকে মা–বাবারা উৎসাহিত করছেন। ব্যক্তিত্বের উৎকর্ষ বৃদ্ধি পাওয়ার জন্য এই আলোকিত প্রতিযোগিতায় সন্তানকে অংশগ্রহণ করিয়ে কেউ কেউ শুরু করেন তদবির! সন্তানকে সেরা হতেই হবে—সেরা গায়ক হবে, সেরা ভাষাবিদ হবে, সেরা অঙ্কবিদ হবে, এ জন্য সংশ্লিষ্টদের বশ করার প্রাণান্তকর চেষ্টা চলে। যে প্রতিযোগিতার লক্ষ্য আর উদ্দেশ্য সন্তানের মেধা আর মননের উৎকর্ষ সাধন, মা–বাবার অসুস্থ আর অনৈতিক মনোবৃত্তির জন্য সেই আলোকিত প্রতিযোগিতার লক্ষ্য–উদ্দেশ্য মাঠে মারা যায়।
কী ঘটে
● উদ্দেশ্য হাসিলের অনৈতিক উপায়গুলো দেখতে দেখতে সন্তানের মধ্যে অনৈতিকতাকে বৈধতা দেওয়ার যুক্তি তৈরি হয়। ভবিষ্যতে একজন অসৎ নাগরিক হিসেবে বেড়ে উঠার আশঙ্কা দেখা দেয়।
● কিশোর বয়স থেকেই অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে। নেশা করা থেকে শুরু করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঝুঁকে পড়ে।
● মা–বাবার প্রতি তার শ্রদ্ধাবোধ নষ্ট হয়। ভবিষ্যতে তার পারিবারিক জীবন বাধাগ্রস্ত হতে পারে।
● নিজের বিশ্বাস, নৈতিকতার মূল ধারণার সঙ্গে যখন বাস্তবতার সংঘাত ঘটে, তখন নিজের মধ্যে একটি ধ্বংসাত্মক আচরণ জন্ম নেয়। সমাজবিরোধী মনোভাব তৈরি হয়। সমাজ পরিবর্তনের প্রচলিত পথ ছেড়ে হয়তো ঝুঁকিপূর্ণ ধ্বংসাত্মক পথ বেছে নেয়।
● স্বার্থপর নাগরিক হিসেবে বেড়ে ওঠে। মানুষের প্রতি ভালোবাসাবোধ কমতে থাকে।
● মেধা আর দক্ষতা তার কাছে নিতান্ত খেলো মনে হয়, সফল হওয়ার অনৈতিক উপায়গুলোকে জীবনের মোহ হিসেবে মনে করে।
● ব্যর্থতাকে মেনে নিতে পারে না। কখনো এই মেনে নিতে না পারার কারণে আত্মহননের পথ বেছে নিতে পারে।
মা–বাবাদের কী করা উচিত
● দ্বৈত ভূমিকা পরিহার করতে হবে। ভালো, বিবেকবান, সভ্য নাগরিকের মুখোশ পরে অন্যায় আর অনৈতিকতাকে সন্তান লালনের উপায় হিসেবে ব্যবহার করবেন না।
● সন্তানকে মুখে উপদেশ দেবেন না। তার সামনে নৈতিক আচরণ করে তাকে শেখান নৈতিকতা বিষয়টি কী।
● সমাজ, রাষ্ট্র ও আইনের প্রতি দোষারোপ করবেন না। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। সন্তানের সামনে সমাজ, রাষ্ট্র আর আইনের যত নিন্দা করবেন, তত সে সমাজ, রাষ্ট্র আর আইনবিরোধী হয়ে বেড়ে উঠবে, যার চরম পর্যায়ে সে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে পারে।
● সফলতার পাশাপাশি ব্যর্থতাও যে জীবনের একটি অংশ, তা সন্তানকে শিক্ষা দিন। ব্যর্থতাকে মেনে নিতে শেখান, সফলতার জন্য মেধা আর দক্ষতাকে ব্যবহার করতে উৎসাহিত করুন।
● বাবা-মা সন্তানের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিন। সন্তানের বিষয়ে দ্বন্দ্বে জড়াবেন না। এতে সন্তানের মধ্যে দ্বিধা তৈরি হবে।
● প্রাত্যহিক জীবনে একজন সুনাগরিকের যে দায়িত্বগুলো পালন করা উচিত, সেগুলো নিয়ে উপহাস করবেন না। নাগরিকের দায়িত্বগুলো পালন করুন। সন্তানকে সেই আচরণগুলো শেখান।
● সন্তানের যেকোনো প্রতিযোগিতা—স্কুল পরীক্ষা থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সবকিছুতে তাকে সেরা হওয়ার চাপে রাখবেন না।
● মা–বাবারা যদি মনে করেন, সন্তানকে সেরা বানানোর প্রতিযোগিতা থেকে নিজেদের বিরত রাখতে তাঁদের খুব কষ্ট হচ্ছে, তাহলে প্রয়োজনে বিশেষজ্ঞের কাছ থেকে সন্তান পালন বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা নিতে পারেন।
আহমেদ হেলাল
সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।