যেমন আছে বস্তির মেয়েশিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও বস্তিতে পলিথিন দিয়ে তৈরি ৩০ বর্গফুটের একটি ঘরে সালমার বেড়ে ওঠা। এখানেই সে মা-বাবা আর তিন ভাইবোনের সঙ্গে থাকে। সালমার বয়স এখন ১২ বছর। কিন্তু দেখায় আরও ছোট। ঠিকমতো সে খেতে পায় না। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে। চতুর্থ শ্রেণীতে ওঠার পর তার ছোট একটি ভাই হয়। তাকে দেখাশোনার জন্য সে পড়ালেখা ছেড়ে দিয়েছে। মা-বাবা সারা দিন রোজগারের জন্য বাইরে থাকে বলে তার ওপর ভার পড়েছে ছোট ভাইকে দেখাশোনা করার। রোগা লিকলিকে শরীর নিয়ে সে এই কাজটি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করে। তার মা তাকে বলেছেন, ভাই আরেকটু বড় হলে তাকে (সালমা) বিয়ে দিয়ে দেবেন, নয়তো লোকের বাড়িতে কাজ করতে পাঠাবেন। কারণ, আশপাশের ছেলেরা যে এখনই তাকে উত্ত্যক্ত করা শুরু করে দিয়েছে। সালমার মতো অবস্থা ঢাকা নগরের বস্তির অধিকাংশ মেয়েশিশুর। তাদের নেই নিরাপত্তা, নেই শিক্ষা, নেই পুষ্টি। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া থেকে তারা বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে অনেক শিশু।দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরগুলোতে বিশেষ করে রাজধানীতে বস্তির সংখ্যা বাড়ছে। ডেমক্রেসিওয়াচ ২০১০ সালে ঢাকা নগরের বস্তির ওপর জরিপ চালায়। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, রাজধানীতে বস্তির সংখ্যা প্রায় পাঁচ হাজার। তবে এ সংখ্যা এখন আরও বেড়েছে। ঢাকা সিটি করপোরেশনের মতে, এসব বস্তিতে আনুমানিক ৪০ লাখের বেশি মানুষ বসবাস করে। বস্তিতে বসবাসকারী লোকের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে শিশু। বস্তির নোংরা ঘিঞ্জি পরিবেশে তারা মানবেতর জীবন যাপন করছে। নগরে বসবাস করেও নাগরিক সব সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। মালিবাগ, রাজারবাগ, কমলাপুর, মতিঝিল, খিলগাঁওসহ ঢাকার কয়েকটি এলাকার বস্তি সরেজমিনে দেখা গেছে, ছোট ছোট খুপরি ঘরে এদের বসবাস। এসব বস্তিবাসীর অধিকাংশই বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত। যেসব ঘরে বিদ্যুৎ আছে তা অবৈধ সংযোগের মাধ্যমে। একটি বস্তিতে দুটির বেশি চাপকল নেই। একেকটি চাপকল ২০ থেকে ৪০টি পরিবার ব্যবহার করে। কাজেই চাপকল থাকলেও তা থেকে সবাই পানি পায় না। অন্যরা অনিরাপদ উৎস থেকে পানি সংগ্রহ করে। নেই স্বাস্থ্যসম্মত পায়খানা ও পয়োনিষ্কাশনব্যবস্থা। শিশুদের জন্য খেলাধুলার কোনো জায়গা নেই। আবর্জনাগার থেকে কুড়িয়ে পাওয়া বিভিন্ন জিনিসই তাদের খেলনা।আমাদের দেশে মেয়েরা এমনিতেই নানাভাবে নিগ্রহের শিকার হচ্ছে। সেখানে বস্তির মেয়েশিশুদের অবস্থা আরও নাজুক। মূলত নিম্ন আয়ের মানুষেরা বস্তিতে বসবাস করে। বর্তমানে প্রতিটি পরিবারের গড় আয় পাঁচ থেকে সাত হাজার টাকা। একটি ছোট ঘরের ভাড়া কমপক্ষে দুই হাজার টাকা। অপেক্ষাকৃত বড় ঘরের ভাড়া সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা। ঘরভাড়া দিতেই তাদের আয়ের সিংহভাগ চলে যায়। ফলে খাবারের তালিকা ছোট হয়ে আসে। খাদ্যতালিকায় খুব কমই থাকে পুষ্টিসমৃদ্ধ খাবার। যদিও বা পুষ্টিকর কোনো খাবার থাকে, সেটা দেওয়া হয় ছেলেশিশুকে। ফলে বস্তিতে ছেলেশিশুর তুলনায় মেয়েশিশুরা অপুষ্টিতে ভোগে বেশি। শিক্ষার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। মেয়েরা বিদ্যালয়ে ভর্তি হলেও প্রাথমিক পর্যায় শেষ করার আগেই তারা ঝরে পড়ে। মেয়েশিশুদের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতে পাঠানো হয় অথবা বিয়ে দিয়ে দেওয়া হয়। আবার এমনও দেখা গেছে, মা-বাবার নজরদারি না থাকায় মেয়েরা অল্প বয়সে বিয়ে করে ফেলছে। বস্তির মেয়েদের অধিকাংশের বয়স ১৮ বছর হওয়ার আগেই তারা মা হয়। এসব অপুষ্ট মা অপুষ্ট শিশুর জন্ম দেয়। ফলে অপুষ্টির একটা চক্র চলতেই থাকে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা বস্তিবাসীর উন্নয়নে নানা পদক্ষেপ নিলেও তাতে তাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। ঢাকা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বস্তিবাসীদের কল্যাণের জন্য নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ (ইউপিপিআর) প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। দক্ষিণ সিটি করপোরেশনের সোশিও ইকোনমিক এক্সপার্ট মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পরিচালিত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সাত বছর মেয়াদি ইউপিপিআর প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ইউএনডিপি ও ইউএনহ্যাবিট্যাটের কারিগরি সহায়তায় এলজিইডি ১০টি সিটি করপোরেশন ও ১৪টি পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।নজরুল ইসলাম জানান, এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, ২০১৫ সালের মধ্যে নগরকেন্দ্রিক ৩০ লাখ দরিদ্র ও অতিদরিদ্র, বিশেষ করে নারী ও কিশোরীদের জীবনযাত্রার মান উন্নত করা। স্বাভাবিকভাবেই বস্তিগুলো এ প্রকল্পের আওতায় আসছে। ইতিমধ্যে অনেক বস্তিতে প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বস্তিবাসীর উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও বস্তিগুলোতে গিয়ে সে রকম উন্নয়ন চোখে পড়ে না কেন—এমন প্রশ্নের জবাবে ঢাকা সিটি করপোরেশনের সেটেলমেন্ট ইমপ্রুভপমেন্ট এক্সপার্ট রবিউল আলম বলেন, বস্তিবাসীদের উন্নয়নে বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারি সংস্থা কাজ করছে। কিন্তু সে রকম উন্নয়ন চোখে না পড়ার একটি বড় কারণ, বস্তিগুলোতে জনসংখ্যা দিন দিন বাড়ছে। ঝড়, বন্যার কারণে গ্রাম থেকে লোকজন শহরে ভিড় জমাচ্ছে। তাদের ঠাঁই হয় বস্তিতে। বাড়ছে বস্তির সংখ্যাও। ফলে চাহিদার তুলনায় জোগান দেওয়া কঠিন হয়ে পড়ছে।জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফের) শিশু সুরক্ষা কর্মকর্তা শাবনাজ জাহিরিন বলেন, বস্তিবাসীর উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হলেও তার সুফল সবাই পাচ্ছে না। বিভিন্ন সংস্থা বস্তিগুলোর অবকাঠামোগত উন্নয়নে কাজ করলেও স্বাস্থ্য, পুষ্টি ও বাল্যবিবাহের মতো সমস্যাগুলোর ব্যাপারে এখনো কিছু করতে পারেনি। তিনি বলেন, বস্তির মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিসেফ রাজধানীর বেশ কয়েকটি বস্তিতে অল্পবয়সী ছেলেমেয়েদের জন্য কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করেছে। এসব ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের বাল্যবিবাহের কুফলসহ নানা বিষয় অবহিত করা হয়। এ ছাড়া তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়, যাতে তারা পরিবারের জন্য আয় করতে পারে। অপরাজেয়-বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেন, লিঙ্গবৈষম্যের কারণে বস্তির মেয়েশিশুরা চিকিৎসাসেবা ও প্রজনন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। একই কারণে পুরুষ সদস্যরাই খাবারের ভালো অংশটুকু পায়। সামাজিক কুসংস্কারের কারণেও মেয়েশিশুরা ঋতুস্রাব চলাকালে ভালো ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকে। সে কারণে মেয়েশিশুদের বেশির ভাগ অপুষ্টিতে ভোগে। ওয়াহিদা বানু আরও বলেন, বস্তির মেয়েশিশুরা যাতে সহিংসতার শিকার না হয়, সে ব্যাপারে সরকারকে আরও পদক্ষেপ নিতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এনজিও ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।