>প্রতিবছরের মতো ২০১৬ সালের শুরুতেও অনেক প্রতিজ্ঞা করেছিলেন আপনি। বছর শেষে হয়তো দেখলেন হয়েছে অন্য কিছু। রাশি অনুযায়ী বছর শুরুর প্রতিজ্ঞা আর বাস্তবতাগুলোর আলোকে আপনার বাসিফল নিয়ে ভেবেছে রস+আলো। লেখা: মো. মিকসেতু
আপনি ছাত্র রাশির জাতক হলে

প্রতিজ্ঞা করেছিলেন
* গত বছরের মতো এ বছর পড়াশোনায় একদম ফাঁকি দেবেন না।
* যেভাবেই হোক ৮-৯ ঘণ্টা রুটিন করে পড়াশোনা করবেন।
* ফেসবুকিং কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করে একদম সময় নষ্ট করবেন না।

বাস্তবতা
* ফাঁকিবাজির ওপর কোনো পুরস্কার থাকলে সেটা আপনিই পেতেন।
* ৮-৯ ঘণ্টা পড়াশোনার রুটিন করেছিলেন ঠিকই কিন্তু প্রথম দিন বাদে আর এক দিনও সেটা মেনে চলার কথা মনেই ছিল না।
* ফেসবুকিং তো বেড়েছেই, সেই সঙ্গে বেড়েছে স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামে।
আপনি চাকরিজীবী রাশির জাতক হলে

প্রতিজ্ঞা করেছিলেন
* খুব মন দিয়ে কাজ করবেন। যেভাবেই হোক কর্তাদের চোখে পড়তে হবে, প্রমোশন পেতে হবে।
* বেতন পাওয়ার পর হাত খুলে খরচ করবেন না। মাসের শুরু এবং শেষে সমান খরচ করবেন।
* অবশ্যই কিছু কিছু টাকা জমাতে শুরু করবেন।

বাস্তবতা
* এ সমস্যা সে সমস্যা দেখতে দেখতে কাজ মনোযোগ দিয়ে করা হয়নি। প্রমোশনও হয়নি।
* বেতন পাওয়ার দুই সপ্তাহের মধ্যে পুরো টাকা কর্পূরের মতো গায়েব হয়ে গেছে।
* টাকা জমানো তো দূরের কথা, উল্টো অনেক ধারদেনা হয়েছে।
আপনি ফেসবুকাসক্ত রাশির জাতক হলে

যা প্রতিজ্ঞা করেছিলেন
* ফেসবুকে সময় কম দেবেন।
* নিতান্ত প্রয়োজন না হলে সেলফি তুলবেন না। তুললেও সবগুলো সেলফি ফেসবুকে দিয়ে বন্ধুদের বিরক্ত করবেন না।
* যেভাবেই হোক সস্তা ফ্লার্টিং বাদ দিয়ে মনের মতো একজনকে খুঁজে নেবেনই।

বাস্তবতা
* দিনে যত ঘণ্টা ঘুমিয়েছেন ফেসবুকে ছিলেন তারও বেশি।
* প্রতিদিন অকারণেই অসংখ্য সেলফি তুলেছেন।
* এখনো ফ্লার্ট করেই যাচ্ছেন। (জানুয়ারিতে যাদের মেসেজ দিয়েছিলেন, তারা এই ডিসেম্বরেও আপনার মেসেজ সিন করার প্রয়োজন মনে করেনি।)
আপনি আমজনতা রাশির জাতক হলে

যা প্রতিজ্ঞা করেছিলেন
* বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করবেন না। সিম বন্ধ করে দিলে দেবে।
* ২০ দলের ঈদ-পরবর্তী গণতন্ত্র উদ্ধারকারী আন্দোলন দেখবেন।
* তনু হত্যা, মিতু হত্যা যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, সবগুলোর বিচার দেখেই ছাড়বেন।

বাস্তবতা
* সিম বন্ধ হওয়ার ভয়ে সবার আগেভাগে প্রথম চান্সেই বায়োমেট্রিক পাস করেছেন।
* ২০ দল এখনো ঠিক করেনি, আন্দোলন ঠিক কোন ঈদের পর করা উচিত হবে।
* তনু হত্যাকারীর নাম কেউ জানে না। এসপি বাবুলের পদত্যাগ-নাটক একটা রহস্য। অন্য অনেক বিচার আগের মতোই ঝুলে আছে।