
ফিউচার লিডারস লিগের অফিশিয়াল ফেসবুক পেজে এ বছর বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়া দলটির কথা লেখা হয়েছে একটু ভিন্নভাবে। ইংরেজি থেকে বাংলা করলে অর্থটা দাঁড়ায় অনেকটা এমন: ‘তানজীর, মাসতুরা ও রাকিব হয়তো বাংলাদেশ থেকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছেন। কিন্তু সবাই জানে, টিম বাংলাদেশ এত অল্পতে সন্তুষ্ট থাকে না!’
কেন এ ধরনের মন্তব্য? প্রশ্নের উত্তর খুঁজতে গত বছরের ফিউচার লিডারস লিগের দিকে তাকালেই বোঝা যায়। ইউনিলিভার আয়োজিত এই বিজনেস কেস প্রতিযোগিতায় গত বছর যে সে পুরস্কার নয়, একেবারে চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়েই ফিরেছিলেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা—আয়মান সাদিক, ইশমাম চৌধুরী ও সাজিদ আলম। তিনজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ বছরও এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডন যাচ্ছেন তাঁদেরই অনুজ, একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী তানজীর ইসলাম, মাসতুরা তাসনিম ও রাকিব ইবনে হোসাইন। ইউনিলিভার আয়োজিত বাংলাদেশের আঞ্চলিক প্রতিযোগিতা ‘বিজমায়েস্ত্রো’তে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তাঁরা অংশ নেবেন বিশ্বের অন্যান্য দেশের রিজিওনাল চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠেয় ফিউচার লিডারস লিগে। আয়োজকেরাও তাই বুঝে গেছেন, ‘টিম বাংলাদেশ’ লড়াই না করে ফিরবে না!
তো মুকুট ধরে রাখার মিশনে প্রস্তুতি কত দূর? উত্তর জানতে ‘স্বপ্ন নিয়ে’র আয়োজনে এক আড্ডায় বসেছিলেন এই বছরের তিন প্রতিযোগী রাকিব, তানজীর ও মাসতুরা। সঙ্গে ছিলেন গতবারের চ্যাম্পিয়ন আয়মান, ইশমাম ও সাজিদ। তাঁরাই প্রশ্ন করলেন এবারের তিন প্রতিযোগীকে। প্রস্তুতির খবর কী? রাকিব বললেন, ‘আমাদের প্রোগ্রাম হবে আগামী মের শুরুতে। আর সমস্যা দিয়ে দেওয়ার কথা এপ্রিলের শুরুতে। সে অনুসারে ওই সময়েই ইউনিলিভার থেকে আমাদের মেন্টর নিযুক্ত করে দেওয়ার কথা। তারপর যাওয়ার আগ পর্যন্ত চলবে চূড়ান্ত প্রস্তুতি।’ তানজীর যোগ করলেন, ‘একই সময়ে প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে বিশ্বের অন্যান্য দেশে ইউনিলিভারের ব্যবসা এবং সেসব দেশের সংস্কৃতি সম্বন্ধে আমাদের ধারণা দেওয়া হবে, যেন অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে না পড়ি।’
অনুজদের সামনে পেয়ে গতবারের চ্যাম্পিয়নরা বললেন তাঁদের অভিজ্ঞতার কথা। সাজিদ বললেন, ‘গত বছর আমাদের প্রতিযোগিতা হয়েছিল চার দিনব্যাপী। পাশেই এক হোটেলে থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে আমাদের সঙ্গে ছিল বিভিন্ন দেশ থেকে আসা রিজিওনাল চ্যাম্পিয়নরা।’ ইশমাম জানালেন প্রতিযোগিতার বিস্তারিত, ‘আমাদের সময় প্রতিযোগিতা হয়েছিল দুই ধাপে। অর্থাৎ প্রেজেন্টেশন দিতে হয়েছিল দুবার। প্রথমে সেমিফাইনাল রাউন্ড, যেখান থেকে বাছাই করা সেরা ১০টি দলকে নিয়ে হয়েছিল ফাইনাল রাউন্ড। দুই রাউন্ডের জন্যই ছিল দুটি আলাদা সমস্যা।’
প্রতিযোগিতার বাইরে গিয়ে কিছু পরামর্শ দিলেন আয়মান। ‘এটা এমন এক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ভাষাভাষীর মানুষ একই ছাদের নিচে এসে প্রতিযোগিতা করে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যেন একটা উৎসব। নতুন নতুন বন্ধু তৈরি, সবাই মিলে একসঙ্গে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, আনন্দ করা এবং দিন শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া—নিঃসন্দেহে অসাধারণ কিছু অভিজ্ঞতা পেতে যাচ্ছ তোমরা।’ বড় ভাইদের কাছে মাসতুরার প্রশ্ন, ‘এত বড় প্ল্যাটফর্ম, এত নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে প্রতিযোগিতা করা...একটুও কি নার্ভাস লাগেনি?’ উত্তরটা দিলেন আয়মান। ‘লাগেনি, তা বলব না। তবে আত্মবিশ্বাসটা ধরে রেখেছিলাম। আমরা আমাদের প্রেজেন্টেশন নিয়ে, আইডিয়া নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম বলেই হয়তো অতটা নার্ভাস ছিলাম না। আর ওখানে গিয়ে সবার সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে কখনোই ভাবিনি, কে কত বড় দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিতা করতে এসেছে।’
যেতে যেতে তানজীর করলেন শেষ প্রশ্ন। ‘গতবার সবচেয়ে অসাধারণ মুহূর্ত ছিল কোনটি?’ চিন্তা করতে একটুও সময় নিলেন না আয়মান, ইশমাম কিংবা সাজিদদের কেউ। সবাই একমত—চ্যাম্পিয়ন হওয়ার পর বুকপকেট থেকে বাংলাদেশের পতাকাটা বের করে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়া, সেটাই সেরা মুহূর্ত! সাজিদ মনে করিয়ে দিলেন, ‘হার-জিত যা-ই হোক না কেন, সঙ্গে দেশের পতাকা নিতে ভুলো না।’