যেমন ছিল তেমনই আছে পতেঙ্গা সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় ও সমুদ্রঘেরা বন্দরনগর চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে। দেশি-বিদেশি পর্যটকদের ভিড় জমবে এখানে। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দেবে পর্যটকদের। এসব মাথায় রেখে নগরকে আরও আকর্ষণীয় করে তুলতে সিটি করপোরেশন ও বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিচ্ছে। উচ্ছেদ হচ্ছে ভাসমান হকার। বসছে নানা ভাস্কর্য। কিন্তু চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় স্থান পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রবেশমুখের অবৈধ ভাসমান দোকান সরানোর কোনো উদ্যোগ নেই। বিশ্বকাপ উপলক্ষে উন্নয়নের ছোঁয়া লাগেনি সৈকতে।সরেজমিনে দেখা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রবেশমুখে সারি করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শ খানেক দোকান। এখানে শামুক-ঝিনুকসহ বিভিন্ন কারুপণ্যের দোকান যেমন রয়েছে, তেমনি রয়েছে চা ও খাবারের দোকানও। এসব দোকানের কারণে দর্শনার্থীদের সৈকতে নামতে সমস্যা হয়। এই বিড়ম্বনা থেকে পর্যটকদের মুক্তি দিতে ব্যবস্থা নেওয়া দরকার বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।গত শুক্রবার নগরের পাঁচলাইশের বাসিন্দা পরিবার-পরিজন নিয়ে পতেঙ্গা সৈকতে গিয়েছিলেন। তিনি বলেন, যে হারে দোকান হয়েছে, তার জন্য বাঁধের ওপর দাঁড়িয়ে সৈকত দেখা যায় না। আর সৈকতে নামতে গেলে এসব দোকানের ছোট অলিগলি পার হয়ে যেতে হয়। কক্সবাজারে যেখানে সৈকতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, সেভাবে এখানে হয় না কেন?শুধু দোকান নয়, দোকানের পর দর্শনার্থীদের মাড়াতে হয় বড় বড় পাথরও। বাঁধ রক্ষার জন্য এসব পাথর দেওয়া হয়েছে। কিন্তু এসব পাথর ডিঙিয়ে বালুকাবেলায় নামতে সমস্যায় পড়ে দর্শনার্থীরা। এখানে পড়ে গিয়ে অনেকে পা-ও ভেঙেছেন অতীতে। এ জন্য সরকারিভাবে কোনো সিঁড়ির ব্যবস্থা করা হয়নি। কয়েকজন দোকানদার নিজ উদ্যোগে বাঁশের সিঁড়ি বানিয়ে ব্যবসা খুলে বসেছেন। টাকার বিনিময়ে দর্শনার্থীদের তারা সৈকতে ওঠানামা করান।জানা গেছে, কিছুদিন আগে সৈকত এলাকার দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার এসব দোকান আগের স্থানে বসে যায়। দোকানগুলো পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা কেড়ে নিয়েছে। এগুলোর কারণে পর্যটকদেরও বিড়ম্বনায় পড়তে হবে।এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, ‘সৈকতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে নামতে পারে, সে জন্য আমরা সিঁড়ির ব্যবস্থা করে দেব। এখানে সব দোকান অবৈধ। আমরা তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছি। এ ছাড়া দোকানগুলোর কারণে যদি চলার পথ ছোট হয়, তাহলে তা সম্প্রসারণের ব্যবস্থা করা হবে।’এছাড়া বিশ্বকাপ চলাকালে সৈকত এলাকায় পর্যাপ্ত পুলিশী ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে।