মেস বা হল-জীবনে আমাদের রুমমেট হয় কে? উত্তরে ছারপোকার নাম ওপরের দিকে থাকবে। তবে মানুষের উপস্থিতি তো অস্বীকার করতে পারবেন না কেউই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে একই ছাদের নিচে কাটাতে হয় অনেকগুলো দিন। স্বাভাবিকভাবেই তাদের চলাফেরা, আচার-আচরণেও থাকে ভিন্নতা। রুমমেটদের বৈশিষ্ট্য খুঁজে বের করেছেন রাফি আদনান

হিসাবি রুমমেট
দেখতে অনেক সহজ-সরল হলেও হিসাবি রুমমেটরা মাথার ভেতর শক্তিশালী ক্যালকুলেটর নিয়ে ঘোরে প্রতিনিয়ত। তারা দুই টাকা থেকে দুই হাজার টাকার লেনদেনের সঠিক হিসাব করে ফেলে সেকেন্ডেরও কম সময়ে। এদের সঙ্গে কোথাও শেয়ারে খেতে গেলে অথবা ঘুরতে গেলেই নিজেদের খরচের হিসাবের ব্যাপারে বেশ সচেতন থাকে। এ ধরনের রুমমেটদের সঙ্গে খরচ করতে উদাসীন হওয়া যায় না। উদাসীন হলেও তারাই আপনার উদাসীনতাকে দূরে ঠেলে দেবে নিজেদের কল্যাণেই।
আঁতেল রুমমেট
উচ্চ শব্দে গান শোনা, তাস খেলা বা আড্ডা দেওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় এই শ্রেণির রুমমেটরা। এদের জীবনের উদ্দেশ্য থাকে একটাই—পড়া, পড়া এবং পড়া। এদের দেখলে আপনি মাঝেমধ্যে আফসোসও করেন, ‘ইশ্, ওর মতো যদি পড়তে পারতাম!’
চাপাবাজ রুমমেট
এদের গায়ে জোর থাকুক বা না-ই থাকুক, চাপার জোরে দুনিয়া জয় করে নেওয়ার অদ্ভুত এক ক্ষমতা থাকে। হঠাৎ করে রুমে ঢুকেই তারা গলা ফাটিয়ে বলে, ‘মামা, জানস আজকে কী হইছে? ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাকে লিফট দিছে তার রিকশায়! উফ্ মামা! আর কী কমু!’ খোঁজ নিলে জানতে পারবেন, সে নিজেই আসলে সুন্দরী তরুণীকে রিকশায় লিফট দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং অবধারিতভাবে প্রস্তাবটা নাকচ করে দিয়েছে সেই তরুণী।
চিন্তাবিদ রুমমেট
এরা মাঝেমধ্যে কপালে হাত দিয়ে বসে থাকলে ভাবতে পারেন, পরীক্ষার ফল হয়তো খারাপ হয়েছে। আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন, ‘কী হইছে রে?’ উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলবে, ‘দেশ নিয়া চিন্তায় আছি রে দোস্ত। দেশটা দিন দিন রসাতলে যাইতেছে। কী যে করি!’
রাজনীতিবিদ রুমমেট
এই শ্রেণির রুমমেটদের চুল সাধারণত বড় হয়। শার্ট বা টি-শার্টের চেয়ে পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করে। অনেকের কাছেই তারা ‘ভাই’ নামেই পরিচিত। তবে আশার কথা, এদের বেশির ভাগ সময়েই রুমে পাওয়া যায় না; মিটিং, মিছিল বা আন্দোলনে ব্যস্ত থাকে। মাঝেমধ্যে এদের কল্যাণে ফ্রি খাবারও চলে আসে রাত-বিরাতে।
দেবদাস রুমমেট
যুগের উত্তরোত্তর আধুনিকতার কারণে এখনকার দেবদাসেরা চুল বড় রাখে না। তবে চলাফেরায় খুব করে বুঝিয়ে দেয়, তারা প্রেমে ব্যর্থ হয়ে অত্যন্ত কষ্টের জীবন যাপন করছে। মাঝেমধ্যেই আড্ডার ফাঁকে প্রেম নিয়ে কথাবার্তা চলার সময় তারা প্রেমের অপকারিতা সম্পর্কে বিশেষ জ্ঞানসমৃদ্ধ বুলি ঝাড়তেও ভোলে না। এদের কম্পিউটার বা ফোনের প্লে-লিস্ট ঘাঁটলে সব দুঃখের গানই খুঁজে পাওয়া যায়।
রোমিও রুমমেট
দেবদাসদের ঠিক বিপরীত চরিত্রের অধিকারী এরা। এদের হৃদয় আটলান্টিক মহাসাগরের চেয়েও গভীর বলেই কোনো নারীকেই ফিরিয়ে দিতে পারে না। এ ধরনের রুমমেট প্রেমের উপকারিতা, কোন ধরনের মেয়ে কেমন হয়, কেমন মেয়ের সঙ্গে প্রেম করলে প্রেম টেকার সম্ভাবনা আছে—সবকিছু বলে দিতে পারে এক বসাতেই। পোশাক-আশাক, প্রসাধনসামগ্রী, মোবাইল ফোন এবং ফেসবুক ব্যবহারের বহর দেখলেও সহজে এদের চেনা যায়।
বাড়িমুখো রুমমেট
যেকোনো সরকারি ছুটির আগের রাত থেকেই এদের আর দেখা পাওয়া যায় না। শহরের যান্ত্রিকতা ও ব্যস্ততাকে বিদায় দিয়ে সুযোগ পেলেই গ্রামের দিকে যাত্রা করে এরা। ফেসবুকে স্ট্যাটাস দেয়, ‘অনেক দিন পর বাড়ির উদ্দেশে যাত্রা, দোয়া কোরো ফ্রান্স!’ দুদিন আগে বাড়ি থেকে ঘুরে এলেও একই কথা বলবে এরা।
লেখক বা কবি ধাঁচের রুমমেট
দৈনন্দিন জীবন সম্পর্কে চরম মাত্রার উদাসীন। মাঝেমধ্যেই পড়তে বসে উদাস হয়ে যায় এবং খাতার পেছনের পৃষ্ঠায় রচনা করে ফেলে কোনো সনেট অথবা উচ্চমার্গীয় কবিতা। কি-বোর্ড কাঁপিয়ে লিখে ফেলে হাজার শব্দের গল্প। বাস্তবতা বলে, এই শ্রেণির রুমমেটদের স্বরচিত কবিতা বা গল্প কখনোই চেখে দেখে না তাদের রুমমেটরা।
শো-অফ প্রিয় রুমমেট
নিজেকে বন্ধু মহলে তুলে ধরতে এই শ্রেণির রুমমেটের জুড়ি নেই। স্থান, কাল, পাত্রবিশেষে তারা কিঞ্চিৎ চাপাবাজও হয়। হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ নিয়ে সশব্দে রুমে প্রবেশ করেই এরা দাবি করে, ‘দোস্ত, এই শার্টটা কিনলাম এক বিদেশি ব্র্যান্ডের দোকান থেকে। দাম তিন হাজার নিছে। ভালো হইছে না?’ অথচ গত সপ্তাহে একই শার্ট দেড় শ টাকায় দরাদরি করে এসেছেন আপনি।
আধিপত্য বিস্তার করা রুমমেট
নতুন শার্ট বা টি-শার্ট কিনে এনে এই শ্রেণির রুমমেটদের কাছে লুকিয়ে রাখতে প্রয়োজন হয় উচ্চতর বিদ্যা অর্জনের। কারণ, টি-শার্ট বা শার্ট যারই হোক, তার ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করার অধিকার এরা রাখে সব সময়। ক্ষেত্রবিশেষে আবেগপ্রবণ হয়ে যায় এরা।
অতিব্যস্ত রুমমেট
সব সময় ব্যস্ত না থাকলেও ব্যস্ত থাকার ভান করতে পটু অতিব্যস্ত শ্রেণির রুমমেটরা। পেছনের কারণ খুঁজলে পাবেন ২ বছর ১০ মাস আগে আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল এবং সেই থেকে তারা ব্যস্ত হয়ে গেছে। তা ছাড়া আপনার কাছ থেকে বই বা নোট নিয়েছিল, ব্যস্ততার কারণে আপনাকে সেটা ফেরত দিতে পারছে না। ভুল বোঝার কিছু নেই, হারিয়ে ফেলা বই বা নোট খুঁজতেই তারা ব্যতিব্যস্ত হয়ে থাকে।
শুচিবাইগ্রস্ত রুমমেট
এ ধরনের রুমমেট ভাগ্যে থাকলে কখনো কখনো নিজেকে ভাগ্যবান আবার অভাগা মনে হয়। নিজের বিছানা ও জিনিসপত্র অত্যন্ত যত্নে ব্যবহার করার পাশাপাশি আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জ্ঞান দিতে থাকবে এবং কথার অবাধ্য হলে ঝাড়ি দিতে কার্পণ্য করবে না এতটুকুও।
মুভিখোর রুমমেট
এরা নিশাচর। রাত জেগে সিনেমা দেখে। বাংলা, হিন্দি, তামিল, আরবি, ইংরেজি, ফরাসি, হিব্রু—এমন কোনো ভাষার সিনেমা নেই, যা তারা দেখবে না। আর সদ্য মুক্তি পাওয়া সিনেমা হলে তো কথাই নেই। ব্যাঙ কাটাকুটির মতো চলবে ব্যবচ্ছেদ। বাকিরা উৎসাহ না পেলেও এই আলোচনা-সমালোচনা চলবেই। কোন সিনেমার কোন অংশ নকল, অমুক সিনেমার তমুক অংশ এ রকম না হয়ে ও রকম হলে ভালো হতো—এ ধরনের গবেষণা তো আছেই।
সর্বভুক রুমমেট
ভোজনবিলাসী এই রুমমেটরা সবই খায়। বন্ধু মহলে খাদ্যচক্রের প্রতি স্তরের খাদক হিসেবে এরা বিশেষ বিশেষ পদবি অর্জন করে। অন্যদের খাবার সাবাড় করে মায়াবী হাসি দিতেও এরা বিশেষ পটু। এরা সাইজে একটু ‘অসাধারণ’ হয়। এরা শুধু একাই লিফটে উঠতে পারে। বিছানা বা বসার জায়গার বেলায় এদের অভিধানে ‘শেয়ার’ নামে কোনো শব্দ থাকে না।

পার্টি শেষে
লেখা ও আঁকা: অন্তিক মাহমুদ
হ্যাপি বার্থডে অরিব!
পরে
শিট! পার্টি করতে গিয়ে ক্লাসরুম নোংরা করে ফেলছি!
এখন এটা পরিষ্কার করবে কে?
এ কেমন বিচার?