যেসব উপসর্গ অবহেলা করতে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বর জ্বর ভাব হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। মডেল: অর্পিতা। ছবি: অধুনা
জ্বর জ্বর ভাব হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। মডেল: অর্পিতা। ছবি: অধুনা

এমন লক্ষণ উপসর্গ হয়, যা আমরা নজরে আনি না। মনে করি তুচ্ছ এসব উপসর্গ, কিছু হয়নি। কিন্তু এগুলো হতে পারে বড় কোনো অসুখের আভাস। আগেভাগে একে খেয়াল করলে, চিকিৎসকের পরামর্শ নিলে সমস্যার অন্ধকার কেটে যায়, স্বস্তি ফিরে পাওয়া যায় জীবনে।
যেমন শরীরের ওজন কমছে, অকারণে। জীবনযাপনে কোনো পরিবর্তন করা হয়নি, খাওয়াও কমানো হয়নি, ব্যায়ামও করা হচ্ছে না। ব্যাখ্যা নেই।
গত ছয় মাসে শরীরের মোট ওজনের ১০ শতাংশ কমে গেল, কিন্তু জীবনযাপনে কোনো পরিবর্তন আনা হয়নি। তাহলে পরীক্ষা করে নেওয়া ভালো, চিকিৎসক দেখানো উচিত। বিষণ্নতা, ডায়াবেটিস বা থাইরয়েড রোগ হতেও তো পারে।
খুব ক্লান্ত বোধ করেন? বর্তমান জীবনে কাজের ক্ষেত্রে অনেক চাপ, চাপ পারিবারিক জীবনে, ব্যস্ততার শেষ নেই, ক্লান্ত হবেন বটে। কখনো এ জন্য ঘুমও হয় না ঠিকমতো। নিয়মিত ক্লান্ত বোধ করেন তাই। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় কেন এ ক্লান্তি? আবেগীয় সমস্যা, যা মোকাবিলা করা যাচ্ছে না? বিষণ্নতা তার আভাস!
ডায়াবেটিস বা আরও বড় রোগও হতে পারে। তবে চিকিৎসক দর্শন করলে নিশ্চিত। আর আগাম ধরা পড়লে ও চিকিৎসা হলে কুশল বার্তা পাবেন। হঠাৎ চোখের সামনে ফুলকি দেখছেন, ভেসে বেড়াচ্ছে। চোখের ভেতর জেলির মতো বস্তু স্বাভাবিকভাবে ভেঙে যায়, তখন চোখের সামনে ভাসে ফুলকি। বয়স হলে তা দেখা যায় বেশি।
অনেকের প্রায়ই জ্বর আসে বা জ্বর জ্বর ভাব হয়। তখন নিজে নিজেই ওষুধ খাবেন না। চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।
আবার বেশি বেশি যদি দেখা যায়? মাথায় বড় আঘাত পেলে, কোনো ওষুধের কারণে বা বুড়ো হলেও এমন দেখা যায়। মাত্র কয়েকটি ভাসমান ফুলকি, চিন্তার কিছু নেই। কিন্তু হঠাৎ করে যদি অনেকগুলো ফুলকি ভেসে বেড়ায় চোখের সামনে, আর তা সংখ্যায় বাড়ছে ক্রমে ক্রমে তাহলে চোখের ডাক্তার দেখানো উচিত, রেটিনা দীর্ঘ হলে এমন হওয়া বিচিত্র নয়। তাই নিশ্চিন্ত হতে আপত্তি কেন?
আমাদের বুকের ভেতর আছে নানা যন্ত্র, তাই বুক ব্যথা মানেই হার্টের ব্যথা তাও নয়। ঠান্ডা সর্দি বা ফ্লু হলেও বুকে ব্যথা হয়। অসুস্থ হলে যে ঝিল্লিগুলো পাঁজরকে ধরে রাখে এগুলোতে প্রদাহ হতে পারে সংক্রমণ ঘটলে। তখন শ্বাস নিতে ব্যথা হয়, কারণ ফুসফুস পাঁজরদের সামনে-পেছনে নাড়ায়।
অনেকে বুক জ্বালাকে বুক ব্যথা বলে ভ্রমও করেন। তবে ব্যথাটি হয় ব্রেস্ট বোন বা অংশ ফলকের পেছনে।
আবার ব্যথা যদি বুককে গুঁড়িয়ে দেওয়ার মতো হয়, চাপটি কয়েক মিনিটের বেশি থাকে তাহলে অ্যাম্বুলেন্স ডাকতেই হবে। হতে পারে হৃদ্রোগ হার্ট অ্যাটাক! কে জানে। তবে অনেক সময় বুকে চাপ চাপ ব্যথা, বুক থেকে ব্যথা যদি সরে যায় বাহুতে, চোয়ালে বা পিঠে তাহলেও ডাক্তার দেখাতে হবে। হার্ট অ্যাটাক অনেক সময় পরিচিত উপসর্গ নিয়ে আসে না।
অনেক রোগের উপসর্গ পুরোটা প্রকাশ পায় ধীরে ধীরে, দেরিতে। আমরা একে দেখেও তুচ্ছতাচ্ছিল্য করি। একসময় শরীরে পানি এসে গেল, আমরা একে ‘শোথ্বলি’ বলি। পানি জমলে হাতে, গোড়ালিতে, মুখে বিশেষ করে (চোখের চারপাশে ঘুম থেকে ওঠার পর) ফুসফুসেও পানি জমতে পারে, হয় শ্বাসকষ্ট। চিকিৎসক দেখাবেন চটজলদি। ক্রনিক কিডনি রোগ এভাবেই অনেক সময় প্রকাশ পায়। আগাম চিকিৎসা হলে অনেকটা নিরাময়। সে সঙ্গে শরীর দুর্বল লাগতে পারে, ক্লান্তি বোধ হবে, শীত শীত লাগে শরীর। এমন হয় যে চোখে ঝাপসা দেখছেন, চশমা নিলেন, আবার পাওয়ার বদল হচ্ছে, আবার চশমা বদলালেন। ত্বকে ঘা, শুকাচ্ছে না কোনো মলমে। চুলকানি হচ্ছে শরীরে, ঝিনঝিন করছে হাত-পা। অনেক সময় অবহেলা করি আমরা। মনে করি তেমন কিছু না। আবার চিকিৎসকও দেখালেন শেষ পর্যন্ত। চিকিৎসাও হলো। কিন্তু ভালো হচ্ছেন না। হঠাৎ চিকিৎসক বললেন, সব তো করা হলো, এবার রক্তের সুগার মেপে দেখুন তো। ধরা পড়ল ডায়াবেটিস। মনে করেছিলেন ডায়াবেটিস হলে বারবার প্রস্রাব হবে, খুব ক্ষুধা লাগবে, পিপাসা হবে খুব—কিছু তো হলো না। ডায়াবেটিস অনেক সময় অন্য রকম জানান দিয়ে আসে। তাই বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা, রক্তের সুগার, কোলেস্টেরল, ক্রিয়েটিনিন পরীক্ষা করা ভালো। রক্তচাপ মাপানো ভালো। আগাম ধরা পড়লেও চিকিৎসা হলে নিরাময় নিশ্চিত।
লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।