যৌন নির্যাতনের পাশবিকতার ভয়াবহতা উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের শেষ দিন নোয়াখালীর হাতিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

জয়পুরহাটের আরেক মেয়ে গত ২৩ ডিসেম্বর থেকে অচেতন। বর্তমানে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দুই মাস চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছে। তার প্রজনন অঙ্গে একবার অস্ত্রোপচার হয়েছে। এখন পর্যন্ত আধা ঘণ্টা পর পর প্রস্রাবে তার কাপড় ভিজে যায়। শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত ছিল।

এখানে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ধর্ষণের অসংখ্য খবরের মধ্যে তিনটি ঘটনার উল্লেখ মাত্র। ফলোআপ সংবাদ অনুযায়ী এ তিনটি ঘটনারই মামলা হয়েছে, কিন্তু মামলা বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। যেসব ঘটনায় ধর্ষণের পর নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে বা ঘটনার পর নিজেরাই আত্মহত্যা করছে, সেসব ক্ষেত্রে তো বলার থাকে না কিছুই।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১৬ ও আসকের পর্যালোচনামূলক প্রতিবেদন বলছে, ২০১৬ সালে নারী নির্যাতনের সংখ্যাগত দিকের পাশাপাশি এর মাত্রা ও ধরনে ছিল ভয়াবহতা। বছরটিতে নারীকে উত্ত্যক্ত করা, যৌন হয়রানি, নির্যাতন, হত্যা ও সালিসের মাধ্যমে শারীরিক নির্যাতনের ঘটনা আগের বছরের চেয়ে বেড়েছে।

আসকের হিসাব বলছে, ২০১৬ সালে ৭২৪ জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে ধর্ষণের পর ৩৭ জনকে হত্যা করা হয় এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেন ৮ জন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মস্থলে যৌন নির্যাতন ও বখাটের উত্ত্যক্তের শিকার হন ২৪৪ জন। এর মধ্যে ৬ জন নারী আত্মহত্যা করেন। যৌন হয়রানির প্রতিবাদ করায় খুন হন ৭ জন নারী ও ৭ জন পুরুষ। বখাটেদের প্রতিবাদ করায় লাঞ্ছিত হয়েছেন ১৩৮ জন। স্কুলে যাওয়া বন্ধ হয়েছে পাঁচ ছাত্রীর। শিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, উত্ত্যক্তকরণসহ ১ হাজার ৩৪টি ঘটনা ঘটে এবং মামলা হয় ২৬০টি।

গত রোববার বাংলাদেশ মহিলা পরিষদ সংবাদ সম্মেলন করে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিষদের কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকারি-বেসরকারি উদ্যোগ থাকার পরও গত বছর নারীর প্রতি সহিংসতার ভয়াবহতা ও মাত্রা নারী উন্নয়ন, বিশেষ করে সামগ্রিক উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বছরটিতে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়াসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন ৪ হাজার ৮৯৬ জন নারী ও কন্যাশিশু। ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ৫০টি। গণধর্ষণের শিকার হন ১৬৬ জন। ধর্ষণের পর হত্যা করা হয় ৪৪ জনকে। আসক ও মহিলা পরিষদ যে তথ্য-উপাত্ত দিয়েছে, তা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা। এর বাইরে অনেক ঘটনা ঘটছে, যা গণমাধ্যম পর্যন্ত আসতেই পারছে না, তার আগেই আপস হয়ে যাচ্ছে বা ধামাচাপা দেওয়া হচ্ছে পারিবারিক ও সামাজিকতার ভয়ে।

২০১৫ সালেও দেশের নারী ও কন্যাশিশুরা ধর্ষণ ও অন্যান্য যৌন হয়রানির ছোবল থেকে রক্ষা পায়নি। বাংলাদেশ মহিলা পরিষদ ‘বাংলাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতন চিত্র: ২০১৫’ শীর্ষক একটি সমীক্ষা প্রকাশ করেছে। এতে ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের চেষ্টা, ধর্ষণের পর হত্যা এবং যৌন নিপীড়ন ও উত্যক্তকরণের চিত্র তুলে ধরা হয়েছে। গত বছরের শেষ দিকে প্রকাশিত সমীক্ষা বলছে, বছরটিতে (১৪টি দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে) ধর্ষণের ঘটনা ঘটে ৭৭৭টি। ধর্ষণের শিকার মোট নারীর ৭৫ শতাংশই ছিল কন্যাশিশু। পরিপূর্ণ নারী হওয়ার আগেই তারা এই অমানবিক নির্যাতনের শিকার হয়। একইভাবে ৫৩ থেকে ৫৭ বছর বয়সীদের ক্ষেত্রে ধর্ষণের শিকার হন ১ শতাংশ। অর্থাৎ এ ধরনের নির্যাতনের জন্য বয়স কোনো বিবেচ্য বিষয় নয়। সমীক্ষা বলছে, ১১ বছরের ছেলে থেকে শুরু করে ৬০ বছরের প্রবীণ পুরুষও ধর্ষকের ভূমিকায় ছিলেন।

মহিলা পরিষদের সমীক্ষায় ধর্ষণের শিকার নারীর বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা, নির্যাতনের প্রভাব, অভিযুক্ত ব্যক্তির বয়স, পেশা, নির্যাতনের স্থান, আত্মীয়স্বজনের ভূমিকা, আইনগত পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এতে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তির ১০ দশমিক ৫ শতাংশ আত্মীয়স্বজন বা অভিভাবক অভিযুক্ত ব্যক্তিকে দোষ না দিয়ে ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিবারকে হুমকি দিয়েছেন, মীমাংসা করতে বলেছেন।

নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিন রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় নাজিমউদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বাড়ির পাশের একটি মাঠে শিশুটি খেলছিল। এ সময় নাজিমউদ্দিন শিশুটিকে কৌশলে নিজেদের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে। এর আগে-পরেও বেশ কিছু ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে।

কুমিল্লায় ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর ঘটনায় করা নালিশ ৪৮ ঘণ্টার মধ্যে এফআইআর হিসেবে গণ্য করে আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণসহ অন্যান্য যৌন নির্যাতনের মাত্রা বেড়েছে। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি রাষ্ট্রের দায়িত্ব।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ধর্ষণসহ অন্যান্য যৌন নির্যাতনের সংখ্যার পাশাপাশি পাশবিকতা ও ভয়াবহতাও বেড়েছে। নারী আন্দোলনের একজন কর্মী হিসেবে বলতে পারি, বিষয়টি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। আগে উত্ত্যক্তকরণ বলতে ওড়না ধরে টান বা বাজে মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন তারা যাচ্ছে ছুরি হাতে। ফলে খাদিজা, রিসার মতো ঘটনাগুলো ঘটছে। সামাজিক অবক্ষয়ের পাশাপাশি সহিংসতা ও সংঘাতের রাজনৈতিক সংস্কৃতিও এর পেছনে দায়ী। রাজনৈতিক দল, সমাজ—সব জায়গায় এই সন্ত্রাসীরা আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হচ্ছে না।