যেয়ো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়িকাঠের জানালায় লতাপাতা পর্দা ওড়ে। পতপত শব্দ হয়। দুপুরের রোদ বিধবা হয়ে তখন বিকেল ছুঁই ছুঁই। আমার দেখতে ভালো লাগে।সেতুর লতাপাতা পর্দা পছন্দ। নিউমার্কেটের রইস উদ্দীনের দোকানে সকাল-সন্ধ্যা পর্দা দেখতে দেখতে সেতু একদিন আবদার করে, ‘আমাদের ঘরের জানালায় এমন একটা পর্দা দিয়ো। খোলা জানালায় আকাশ আর বন্ধ জানালায় শ্যাওলা দেখব!’আমি অবাক হই, ‘খোলা জানালায় আকাশ দেখবে, ঠিক আছে। কিন্তু শ্যাওলা!’সেতু হাসে।—ওই যে লতাপাতা পর্দা। ওখানে তাকালে শ্যাওলা দেখা যায়!—ঠিক আছে, দেব।সেতু হাসে। তার হাসির সঙ্গে জমতে থাকে ছেঁড়া ছেঁড়া কাশফুল স্বপ্ন!সেই কাশফুল স্বপ্ন দীর্ঘদিন পর দীর্ঘশ্বাস হয়ে আমার জানালার পর্দায় দোল খায়! দুই কামরার ঘরে ভুল করে ঢুকে পড়া বোকা প্রজাপতিটার মতো আমিও পথ খুঁজি নিরন্তর। খোলা আকাশ আর কিছু সবুজের তৃষ্ণা আমাকেও উন্মাতাল করে।যেমন উন্মাতাল হতো সেতু। নির্জন দুপুরের নিশ্চিন্ত কবিতায়—আমি তোমার পান্থপাদপ তুমি আমার অতিথিশালা।হঠাৎ কেন মেঘ চেঁচাল—দরজাটা কই, মস্ত তালা?তুমি আমার সমুদ্রতীরআমি তোমার উড়ন্ত চুল।হঠাৎ কেন মেঘ চেঁচাল—সমস্ত ভুল, সমস্ত ভুল?০২.ভুল। সবকিছুই ভুল। ভুল স্বপ্ন। ভুল স্মৃতি। ভুল দহন। ভুল ভালোবাসা। আমি আজন্ম ভুল মানুষ।আমি ভুলের কারিগর।এখনো কোনো কোনো ভুল সন্ধ্যায় ভুল করে সেতুর শিশমহলের সামনে গিয়ে দাঁড়াই। দোতলার বারান্দার দিকে তাকিয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকি।কিছুক্ষণ, বহুক্ষণ, অনেকক্ষণ...।সিঁড়িঘরের বাতিটা বুঝি টুপ করে নিভে যায়। সেতু গেটের তালা খোলে। বাতাসে শিমুল তুলোর মতো ভাসে দুটো ফিস ফিস শব্দ ‘ভেতরে আসো। এক্ষুনি।’আমি হাসি।সেতু বুকের কাছে দাঁড়ায়।—দেরি হলো কেন?—প্রডিউসারের বাসায় গিয়েছিলাম।—পুরুষ প্রডিউসার?—না।সেতু নিশ্চুপ। আমিও। তখন কানা গলির রিকশার টুংটুাং আর দুজন স্বপ্নচারী মানব-মানবী ধুক ধুক বুকের শব্দ অন্ধকারেও গুঁতা খেতে থাকে অনেকক্ষণ। আমি বলি, ‘কিছু বলছ না যে?’—তোমার মহিলা প্রডিউসারের বাসা থেকে এলে?—হ্যাঁ।বড় রাস্তায় একটা পাঁচটনি ট্রাকের ব্রেক কশার শব্দ কানে বাজে। আমি অবাক হই না একটুও। চমকাই না কিছুতেই।যখন চমকাই, তখন সেতু আর আমার কাছে নেই। সরে গেছে।—কী হলো?সেতু নিশ্চুপ। —আমি ওর হাত ধরি। কাঠগড়ায় দাঁড়িয়ে দণ্ডপ্রাপ্ত আসামির মতো দুই হাত জড়ো করি। বলি, ‘আমার তো একটাই ভালোবাসা। বিশ্বাস করো, বেঁচে থাকার জন্য, স্বপ্নের জন্য, তোমার জন্যই শুধু ছুটছি। আমাদের দুই কামরার সংসারের জন্যই মহিলা প্রডিউসারের কাজ করছি। কাজটা শেষ হোক। আর যাব না।’সেতু নিশ্চুপ। অনেকক্ষণ পর শব্দ শোনা যায়। লোহার গেটের তালা খোলার শব্দে অসহায় আমি ফের রাস্তায় নামি। সেতুর পায়ের শব্দ মিলিয়ে গেলে সিঁড়িঘরে আলো জ্বলে!০৩.সেদিনের সেই অসহায় আমি আজও আলোকিত সিঁড়িঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকি। ওপরে সেতু ছবি আঁকে, গান শোনে। জানতেও পারে না কেউ, একজন রোজ সন্ধ্যায় শিশমহলের লোহার গেটে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। কবে কখন কোন আলোয় কোন অন্ধকারে কোন ভিখারি-প্রেমিক শিশমহলের সিঁড়িঘরে ঢুকে সেতুর হাত ধরেছিল, সে কথা হয়তো আর সেতুর মনে পড়ে না!আমার মনে পড়ে। সবকিছু মনে পড়ে। চারুকলায় বসে দুপুরে খাওয়া, পৌষের সন্ধ্যায় একই চাদর গায়ে জড়িয়ে রিকশায় বাসায় ফেরা, ঝুম বৃষ্টিতে ভেজা—সব।বৃষ্টি। বৃষ্টির কথা মনে হলে কোথায় যেন হু হু করে। শূন্যতায় ভরে থাকে পুরো একটা দুপুর। একটা বিকেল আর একটা ভালোবাসায় ভেজা সন্ধ্যা। তার চলে যাওয়া আমাকে ব্যথিত করে। মাতাল করে।এই আমি আজ রাত জাগি, গান শুনি, কষ্ট পুষি। অতঃপর চলে যাওয়া দেখি। চলে যায় ভাড়াটে। লোকাল বাস। চলে যায় হকার। নিশিকন্যারাও। শুধু পড়ে থাকে রাত, আর পড়ে থাকে বিষণ্ন্ন সোডিয়ামে মিশে থাকা ছেঁড়া ছেঁড়া দীর্ঘশ্বাস। শেষ রাতে তক্ষক ডাকে...অন্ধকারে লেপ্টে থাকে হাহাকার। সেই হাহাকারগুলো কান্না হয়ে ঝুলে থাকে ল্যাম্পপোস্টের মতো। ফেরারি বাতাসে ভালোবাসারাও কাঁদে। তবুও অভিমানে বলা হয় না, বলি না বহু প্রাচীন সেই কথা—যেয়ো না!হিমু আকরামঢাকা।