যোগ মিউজিক ফাউন্ডেশনের সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্রুপদ, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি আর হারানো দিনের গান গেয়ে আসর মাতালেন কৃষ্ণা বড়ুয়া, শিল্পী দাশগুপ্তা ও অনিন্দিতা সেনগুপ্তা। ৯ এপ্রিল সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে যোগ মিউজিক ফাউন্ডেশনের আয়োজনে এই তিন শিল্পীর সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। কবি খুরশীদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত এবং ওমর কায়সার। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শেখ রায়হান আনোয়ার।
অরুণ দাশগুপ্ত বলেন, বাঙালির শিরায় শিরায় সংগীত মিশে আছে।
ওমর কায়সার বলেন, কালের স্রোতে আজ শুদ্ধ সংগীত হারিয়ে যাচ্ছে। আর স্রোতের বিপরীতে যোগ মিউজিকের এই আয়োজন প্রশংসার দাবি রাখে।
কথামালা শেষে প্রদান করা হয় সম্মাননা। এতে মরণোত্তর সম্মাননা পান তবলাগুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরী। সম্মাননা পাওয়া অন্যান্য শিল্পী হলেন ওস্তাদ আজিজুল ইসলাম, মৃণাল ভট্টচার্য ও জয়ন্তী লালা।
আসরে অনিন্দিতা সেনগুপ্তার গাওয়া ‘আমি যে জলসা ঘরে’, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ গানগুলো বেশ দর্শকপ্রিয়তা পায়। কৃষ্ণা বড়ুয়া গেয়ে শোনান ‘আমায় মুক্তি যদি দাও’, ‘না সজনী না’ ও ‘রইল বলে রাখলে’সহ বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত। শিল্পী দাশগুপ্ত গেয়ে শোনান নজরুলসংগীত। তাঁর গাওয়া গানগুলোর মধ্যে ছিল ‘পরজনমে যদি আসি’, ‘মোর প্রথম মনের মুকুল’।
নাসরিন ইসলাম ও এম সাখাওয়াৎ হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত সমন্বয় করেন তপন চক্রবর্তী।