যোগব্যায়ামের খুদে শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় অনেকেরই একটু-আধটু দৌড়ঝাঁপ করার অভিজ্ঞতা থাকে। কিন্তু তাই বলে এই পুঁচকে বয়সে যোগব্যায়ামের শত কৌশল রপ্ত করা? মোটেও চাট্টিখানি কথা নয়। এমন একটা অসাধারণ কৃতিত্বই দেখিয়েছে ভারতের ছয় বছর বয়সী শ্রুতি পান্ডে। এই এত্তটুকুন বয়সে নিজে তো শিখেছেই; উল্টো বড়দের যোগব্যায়ামের প্রশিক্ষণ দিচ্ছে শ্রুতি।মাত্র চার বছর বয়স থেকেই ভাই হর্ষ কুমারের সঙ্গে আশ্রমে গিয়ে যোগব্যায়াম শুরু করে উত্তর ভারতের এই মেয়েটি। ছয় মাসের মাথায় যোগব্যায়ামের সবচেয়ে কঠিন আসনগুলো রপ্ত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সে। শ্রুতির এই দক্ষতায় মুগ্ধ হয়ে যোগগুরু হরি চেতন দুই বছর আগে তাকে ওই আশ্রমের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেন। সেই থেকে চলছে তার প্রশিক্ষণ দেওয়ার কাজ। ঘড়ির কাঁটায় ভোর সাড়ে পাঁচটা বাজতেই ঝাঁসি শহরের ব্রহ্মনাদ সরস্বতী ধামে ছুটতে হয় তাকে। কারণ, ওখানে যে অনেকেই তার শিক্ষা নেওয়ার জন্য অপেক্ষায় আছে। ‘যখন বড়রা আমার নির্দেশনা অনুসরণ করে, তখন খুব ভালো লাগে আমার। নিজেকে তখন সত্যিকারের শিক্ষক বলেই মনে হয় আমার।’ বলছিল শ্রুতি পান্ডে। শ্রুতি পান্ডেকে নিয়ে অনেকেই এখন হইচই শুরু করে দিয়েছে। কেউ কেউ বলছে, শ্রুতি পান্ডেই বিশ্বের সবচেয়ে খুদে যোগশিক্ষক। ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা