যোগাযোগ খাতে চট্টগ্রামের জন্য আলাদা বরাদ্দ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে সড়ক যোগাযোগ ও রেল খাতে বরাদ্দ প্রায় ১৮ হাজার কোটি টাকা। অগ্রাধিকার ভিত্তিতে এই বরাদ্দ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রেল যোগাযোগব্যবস্থা ও চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, আমদানি-রপ্তানি পণ্যের সিংহভাগ চট্টগ্রাম দিয়ে পরিবহন হওয়ার কারণে চট্টগ্রামে যোগাযোগ খাতে চাপ বেশি। সংগত কারণে এ ক্ষেত্রে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া উচিত। প্রস্তাবিত বাজেটের মূল্যায়ন করে খলিলুর রহমান বলেন, বাজেটে বড় ধরনের ঘাটতি এবং ঋণ-নির্ভরতার কারণে লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি দেখার জন্য অপেক্ষা করতে হবে। ৭ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন হলে বাজেট গণমুখী হবে। তা না হলে বাজেটের সামগ্রিক চাপ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ওপর পড়বে। খলিলুর রহমানের মতে, প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশের লক্ষ্যে পৌঁছাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সুশাসন ও স্বচ্ছতার অভাবে বিদ্যুৎসহ নানা খাতে যে অপচয় হচ্ছে, তা রোধ করার সঠিক দিকনির্দেশনা প্রস্তাবিত বাজেটে নেই। তিনি মনে করেন, শেয়ারবাজার এবং আবাসন খাতে অপ্রদর্শিত আয় মাশুল প্রদানের বিনিময়ে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক। এতে শেয়ারবাজার পুনরুজ্জীবিত হবে। মূলধনি যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক কমানোর ফলেও বিনিয়োগ উৎসাহিত হবে।