যোগাযোগ বাঁচায় অনেক জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ১২ জানুয়ারি এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি। রিখটার স্কেলে সাত মাত্রার এ ভূমিকম্পে রাজধানী পোর্ট অ প্রিন্স পরিণত হয় ধ্বংসস্তূপে। নিহত হয় প্রায় দুই লাখ মানুষ। দুর্গত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। খাদ্য, চিকিত্সা সরঞ্জামসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করে দেশগুলো। কিন্তু এসবের পাশাপাশি আরেক ধরনের সহায়তা নিয়ে হাজির হয় টেলিকমস সঁ ফ্রঁতিয়ের্স (টিএসএফ)। ফ্রান্সভিত্তিক বেসরকারি এই টেলিযোগাযোগ সংস্থাটি ভূমিকম্পে বেঁচে যাওয়াদের জন্য বিনা মূল্যে ৭৬৫ ঘণ্টা টেলিযোগাযোগের সুযোগ দিয়েছিল। টেলিকমস সঁ ফ্রঁতিয়ের্সের মতে, যখন কোনো স্থানে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন দুর্গতদের জন্য খাদ্য, পানি ও আশ্রয়ের মতো যোগাযোগও খুব গুরুত্বপূর্ণ। তাই সংস্থাটি হাইতিতে ‘ডিজাস্টার রিলিফ ২.০’ নামক একটি সেবা কার্যক্রম চালু করে। ভূমিকম্পে দেশটির অভ্যন্তরীণ টেলিযোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কয়েক দিনের মধ্যে টেলিযোগাযোগ ও ইন্টারনেট যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার করে টিএসএফ। ভূমিকম্পের পরের দিনই টিএসএফের প্রতিষ্ঠাতা মনিক লেনে পেতি হাইতি যান।সেখানে গিয়েই তিনি পোর্ট অ প্রিন্সের সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের কাজ শুরু করে দেন। মনিক বলেন, ‘হাইতি পৌঁছানোর পরদিন আমরা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্যাটেলাইট সংযোগ স্থাপন করি। কেননা প্রধানমন্ত্রীর বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করাটা জরুরি ছিল। সে সময় হাইতিতে জিএসএম মোবাইল ফোন সংযোগ খুবই দুর্বল ছিল। মোবাইল ফোনে এসএমএস পাঠানো গেলেও মাঝেমধ্যেই তা ব্যাহত হচ্ছিল। ভূমিকম্পে হাইতির অনেক টেলিফোন টাওয়ার বিধ্বস্ত হয়। এর ফলে মোবাইল ফোন ও ল্যান্ডফোনের সেবা কার্যক্রম অচল হয়ে পড়ে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বহির্বিশ্বের সঙ্গে হাইতির সংযোগ রক্ষাকারী ফাইবার অপটিক কেব্লটি।’ মনিক লেনে বলেন, ‘সব মিলিয়ে আমরা পোর্ট অ প্রিন্সে সাতটি টেলিযোগাযোগ কেন্দ্র স্থাপন করেছি। এর মাধ্যমে ১০ হাজার পরিবারকে আমরা টেলিসংযোগের আওতায় এনেছি। এসব পরিবারে লোকসংখ্যা গড়ে ছয়জন করে। এই টেলিসংযোগ জীবনরক্ষাকারী বলে প্রমাণিত হয়েছে। টিএসএফ হাইতি সরকারকে ১০০টিরও বেশি দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করেছে। এসব সংস্থার মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফ ছিল। টিএসএফ ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে হাইতিতে অবস্থান করে। এ সময় হাইতির জনগণের জন্য বিনা মূল্যে ৭৬৫ ঘণ্টা টেলিযোগাযোগের সুবিধা দিয়েছে। এ ছাড়া টিএসএফ অনলাইনে নিখোঁজদের তালিকা প্রকাশ করে। তারা নিখোঁজদের খুঁজে বের করতে তাদের পরিবারগুলোকে সহায়তা করে।’জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির টেলিযোগাযোগ বিভাগের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা গ্যাব্রিয়েলা আলভারাদো টিএসএফের মতো ভূমিকা পালন করেন সুদানে। ২০০৭ সালে ভয়াবহ বন্যায় সুদান বিপর্যস্ত হয়ে পড়ে। সে সময় আলভারাদো সেখানে ত্রাণসামগ্রীর পাশাপাশি বন্যার্তদের জন্য জেনারেটর ও দুটি কম্পিউটার যোগাযোগ স্যাটেলাইট নিয়ে যান। স্থাপন করেন একটি ছোট অফিস। সেখান থেকে তিনি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের কাজটি সারেন। এ প্রসঙ্গে আলভারাদো বলেন, দুর্যোগের সময় টেলিযোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটুখানি যোগাযোগ বাঁচায় অনেক জীবন। তিনি বলেন, ‘আমার সঙ্গে থাকা ল্যাপটপ কম্পিউটারটি আমার যে কী উপকারে আসে তা বলার নয়।’ বিবিসি অবলম্বনে