যোগাযোগে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জব্স ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান সন্দ্বীপ মুখার্জি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাতেমা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে জায়না ও আসফার যোগ দেন এ অনুষ্ঠানে। ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য। কথাবন্ধু: শুরুতে আপনার ক্যারিয়ারের গল্পটা শুনব আপনার কাছ থেকে।সন্দ্বীপ মুখার্জি: ক্যারিয়ার সম্পর্কে বলার আগে পড়ালেখা সম্পর্কে একটু বলি। আমার জন্ম পশ্চিম বাংলায়, কলকাতা শহরে। ওখানে সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজে আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়। এখান থেকে অর্থনীতিতে স্নাতক করি। আমার সাবসিডিয়ারি ছিল গণিত ও পরিসংখ্যান। তারপর আমার শিক্ষার খোঁজ আমায় নিয়ে যায় মুম্বাইয়ে। সেখান থেকে মানবসম্পদে এমবিএ করি। প্রথম চাকরি জনসন অ্যান্ড জনসন লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। ওখানে দুই বছর থেকে সেখানে অনেক কিছু শিখলাম। এরপর ২০০০ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দিই। ১০ বছর ধরে এখানেই আছি। বিভিন্ন স্তরে, বিভিন্ন স্থানে কাজ করার সুযোগ পেয়েছি। শুরু করি রিক্রুটমেন্ট দিয়ে। এরপর ছোট একটা কোম্পানি স্ট্যান্ডার্ড ফিন্যান্স লিমিটেড আমার হাত দিয়ে শুরু। ৮০ জন লোক নিয়ে কাজ শুরু করেছিলাম। সেখানে তিন হাজার লোক যোগ দিয়েছে। এখানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। এরপর কনজ্যুমার ব্যাংকের এইচ আর পার্টনার হিসেবে বেঙ্গালুরুতে বদলি হয়ে যাই। তারপর মুম্বাইয়ে ফিরে যাই, প্রধান অফিসে। এরপর এক সন্ধ্যায় অফিস আমাকে বাংলাদেশে আসার অফার দিল। সেই থেকে সাড়ে তিন বছরের মতো এখানে। মনে হয়, আমি বাড়িতেই বসে আছি। ফাতেমা: আপনাদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের ক্ষেত্রে সিজিপিএ কত থাকতে হয়?সন্দ্বীপ মুখার্জি: আমাদের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে, কয়েকটি প্রতিষ্ঠান আমরা টার্গেট করি, সেগুলো থেকে প্রাথমিকভাবে কমপক্ষে ৩ দশমিক ২ কিংবা তার কাছাকাছি। এ ছাড়া অন্য কোনো সুবিধাবঞ্চিত এলাকার যদি কেউ থাকে জিপিএ কম কিন্তু নেতৃত্বের প্রশিক্ষণ আছে, তার সহশিক্ষা কার্যক্রমে সে ভালো তবে তখন সিজিপিএ নির্বাচনকে আমরা প্রাধান্য দিই না। আমাদের কাছে সিজিপিএই মূল বিষয় নয়।জায়না: অনেক ছাত্র আছে, যারা পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন কাজ করতে চায়। তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে?সন্দ্বীপ মুখার্জি: আমরা বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে একটা, যাদের খণ্ডকালীন কাজের পলিসি আছে। খণ্ডকালীন চাকরি যাদের দরকার, তাদের আমরা উৎসাহিত করি। কথাবন্ধু: একটা বহুজাতিক ব্যাংকের নিয়োগের পুরো প্রক্রিয়াটা কেমন?সন্দ্বীপ মুখার্জি: ব্যাংকের নিয়োগের প্রক্রিয়াটা তিন স্তরে হয়। এন্ট্রি লেভেল, মিডেল লেভেল ও সিনিয়র লেভেল রিক্রুটমেন্ট। এন্ট্রিতে কমপক্ষে স্নাতক হতে হবে। আমাদের ওয়েবসাইটে সব চাকরির বিজ্ঞাপন দেওয়া থাকে। আর প্রতিটি চাকরিতে আমরা অভ্যন্তরীণ ও বাইরের লোকদের উৎসাহিত করি। দরখাস্তের পর লিখিত পরীক্ষা। সেখানে সাধারণ জ্ঞান ও মাননিয়ন্ত্রণ পরীক্ষা থাকে। এরপর প্রাথমিক ইন্টারভিউ হয়। সেখানে সফল হলে চাকরি হয়ে যায়। মিডেল লেভেলে আমরা কিছু অভিজ্ঞ ও বিশেষ লোক খুঁজি। আমাদের যাঁরা সিনিয়র ও মিডেল লেভেল আছেন, এর অনেককেই চেনেন। ওই উৎস থেকেই এখানে নিয়োগ হয়। আর সিনিয়র লেভেলে মূলত আমরা খুব অভিজ্ঞ কিন্তু কমসংখ্যক লোক খুঁজে বের করি। তাদের সঙ্গে বিভিন্ন ধাপে ইন্টারভিউ করি। আর সেটা ভারতে, সিঙ্গাপুরে আমাদের মূল অফিসেও হতে পারে।ফাতেমা: ফ্রেশ গ্র্যাজুয়েট যাঁরা, তাঁদের জন্য সহশিক্ষা কার্যক্রম কতটা গুরুত্বপূর্ণ?সন্দ্বীপ মুখার্জি: সেটা অনেক গুরুত্বপূর্ণ। পড়ালেখাটা জরুরি, ভালো ফলটাও আবশ্যক। কিন্তু সেটাই সবকিছু নয়। তার সঙ্গে কমিউনিটিতে কী কাজ তারা করেছে, কেননা আমাদের ব্যাংকে খুব শক্ত করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি এজেন্ডা আছে। আমরা দেখি, দলীয় অবস্থায় তারা কী কী কাজ করেছে? কী কী চ্যালেঞ্জ জয়ী হয়েছে। কথাবন্ধু: আপনারা বোঝেন কীভাবে, এসব যোগ্যতা তার মধ্যে আছে?সন্দ্বীপ মুখার্জি: আমাদের ব্যবস্থাপকেরা যাঁরা ইন্টারভিউ প্যানেলে বসছেন, তাঁরাই বুঝবেন যে প্রার্থী কেবল বলার জন্য বলছে, নাকি আসলেই কাজ জানে।কথাবন্ধু: ব্যাংকে ফ্রেশ গ্র্যাজুয়েটদের ম্যানেজমেন্টে কাজ করার সুযোগ আছে কি?সন্দ্বীপ মুখার্জি: আমাদের এন্ট্রি লেভেল চাকরিটা মূলত সেলসে কিংবা সার্ভিসে। কিন্তু ম্যানেজমেন্টেও আমরা মেধাবী, যোগাযোগ ক্ষেত্রে ভালো এমন প্রার্থীদের নিয়োগ দিই।কথাবন্ধু: বহুজাতিক ব্যাংকে কাজ করার ক্ষেত্রে বিবিএ, এমবিএটা কি খুব জরুরি?সন্দ্বীপ মুখার্জি: সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রটা বেড়ে যাচ্ছে। তাই স্নাতক হওয়ার পর কেউ যদি আলাদা কোনো প্রশিক্ষণ নিয়ে থাকে, তবে সে এক ধাপ এগিয়ে। বিবিএ, এমবিএর ছাত্ররা অবশ্যই এ ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। আসফার: ইন্টার্নশিপের পরে ইন্টার্নিদের কি আপনারা নিয়োগ দেন?সন্দ্বীপ মুখার্জি: সব সময় আমরা নিয়োগ দিই না। কিন্তু কেউ যদি ইন্টার্নির সময় ভালো কাজ দেখাতে পারে, তবে ব্যাংক অবশ্যই তাদের জন্য বিনিয়োগ করবে।