যোগাযোগের ক্ষেত্রে বহু পিছিয়ে পাঁচলাইশ শহীদনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশ ওয়ার্ডে যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়া একটি জনপদের নাম শহীদনগর। দুই দশক আগে এলাকাটি সিটি করপোরেশনের অধিভুক্ত হলেও এখানকার অধিকাংশ সড়ক-উপসড়ক রয়ে গেছে আগের মতোই। অথচ ঘনবসতি ও জনগুরুত্বপূর্ণ এই এলাকায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানসহ রয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনা। অথচ এলাকার বিপুলসংখ্যক মানুষ ইটবিছানো সড়ক দিয়ে দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করছে। যানবাহন চলাচলের অযোগ্য এসব সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, পশ্চিম ও পূর্ব শহীদনগরের দুটি প্রধান সড়কই ইট বিছানো। সড়ক দুটির অধিকাংশ অংশই এবড়োখেবড়ো হয়ে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। পশ্চিম শহীদপাড়ার ব্যবসায়ী নাজিমউদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের এলাকাটি যোগাযোগের ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে।’ মোহাম্মদ মন্জুর আলম নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘শহীদনগরের পাশেই রয়েছে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ। এ ছাড়া শহীদনগরে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু মাদ্রাসা ও মক্তব। কিন্তু কার্পেটিং করা সড়ক না থাকায় মনে হচ্ছে এটি একটি অজপাড়াগাঁ।’সিটি করপোরেশন সূত্র জানায়, শহীদনগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যেই কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রকল্প সারপত্র পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিয়ে শহীদনগরের রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগমকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, রাস্তাঘাটের করুণ হাল হওয়ায় শহীদনগরের মানুষ এখনো হাঁটুর ওপর কাপড় তুলে হাঁটেন।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একটি ওয়ার্ডের উন্নয়নের জন্য আমরা বার্ষিক বরাদ্দ পাই দুলাখ টাকা। ওদিকে পুরুষ কাউন্সিলরেরা পান একই সময়ে ১৫ লাখ টাকা।’ তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, শহীদনগরে প্রায় ১৫ হাজার বাসিন্দা আছে। ওই এলাকায় ভোটারসংখ্যাও বেশি। তারা ভোট দিয়ে বার বার কাউন্সিলর নির্বাচিত করেন। নির্বাচিত হয়ে তাঁরা এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কথা ভুলে যান।