‘সাদা পোশাকে গত ডিসেম্বরে বিজয় মেলায় গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার এক নারী সহকর্মী। হঠাৎ নজরে এল, মেলায় আসা অন্য কয়েকজন কলেজছাত্রী ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি। পরে ওই ছেলেরা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিল। নারীদের এটুকু হলেও সহযোগিতা করতে পেরে সেদিন খুব ভালো লেগেছিল।’ পুলিশ বিভাগে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানাতে গিয়ে ওপরের কথাগুলো বলছিলেন চট্টগ্রাম নগরে কর্মরত নারী কনস্টেবল রুকসানা (ছদ্মনাম)। পুলিশের কাজ খুব কষ্টের। এমন কষ্টের পেশায় কেন এলেন—এমন প্রশ্নে রুকসানার উত্তর, ‘এমনিতে ছোটবেলা থেকেই আমি প্রতিবাদী স্বভাবের। অন্য দায়িত্বের সঙ্গে নারীদের প্রতি অন্যায়ের প্রতিবাদ বা তাদের সহযোগিতা করার লক্ষ্যেই আমি এ পেশা বেছে নিয়েছি।’ আরও জানালেন, কাজ করতে গিয়ে পুরুষ পুলিশের কাছ থেকে তেমন কোনো বাধার মুখে এখনো পড়তে হয়নি। তবে পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয়। এ নিয়ে মাঝেমধ্যে কষ্ট হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নগরে বিভাগের বিভিন্ন পদে নারী পুলিশ রয়েছে তিন শতাধিক। এর মধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার একজন, সহকারী কমিশনার তিনজন এবং উপপরিদর্শক ১০ জন। বাকিরা কনস্টেবল। বিভিন্ন থানায় উপপরিদর্শকের পাশাপাশি দুই থেকে তিনজন করে কনস্টেবল কাজ করছেন। সম্প্রতি আরও কিছু সংখ্যক নারী পুলিশ যোগ দিয়েছেন। তবে তাঁদের সংখ্যা জানা যায়নি। নারী আসামি গ্রেপ্তার অভিযান, নারী আসামিদের থানা থেকে আদালতে নেওয়া-আনা ছাড়াও নগরের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের সময় ঘটনাস্থলে দেখা মেলে নারী পুলিশদের। সাম্প্রতিক হরতালের সময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিরোধী দলের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুরুষ পুলিশের পাশাপাশি নারী পুলিশদেরও দেখা যায় রণসজ্জায়। তাদের খাওয়া-দাওয়াও চলে পুরুষ পুলিশের সঙ্গে ফুটপাতের কোনো বেঞ্চে বসে। ১২ মে হরতাল চলাকালে নগরের নূর আহমদ সড়কে কথা হয় এক নারী কনস্টেবলের সঙ্গে। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘হরতালের সময় দিনের কার্যতালিকা পাল্টে যায়। ভোর রাতেই উপস্থিত হতে হয় নির্ধারিত স্থানে। রোদ-বৃষ্টি যা-ই হোক সারা দিন রাস্তায় দায়িত্ব পালন করতে হয়। কর্তব্যস্থলে, বিশেষত ফুটপাতে খাওয়া-দাওয়া সেরে নিই। সন্ধ্যায় ব্যারাকে ফিরি।’ তবে এসব কিছুতেই আক্ষেপ নেই আর এক নারী কনস্টেবল সরস্বতীর। কুমিল্লা জেলার বাসিন্দা এই নারী পুলিশের বাড়ি যাওয়া হয় না গত ছয় মাস। বললেন, ‘বাড়ির সবাই দুশ্চিন্তায় থাকে। মুঠোফোনে মা-বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে প্রায় সময় কথা হয়। দেশের পরিস্থিতির কারণে বাড়ি যেতে পারছি না। এ বছরটা হয়তো এভাবেই কাটবে।’নারী সহকর্মীদের বিষয়ে পুরুষ পুলিশ সদস্যদের মূল্যায়ন কেমন? এমন প্রশ্নের জবাবে নগরের পাহাড়তলি থানার উপপরিদর্শক মানস বড়ুয়া বলেন, ‘নারী সহকর্মীরা খুবই পরিশ্রমী। তাঁরা খুব দ্রুত এই পেশার সঙ্গে মানিয়ে নেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।’ বর্তমানে নগরের বন্দর অঞ্চলে অতিরিক্ত উপকমিশনার পদে দায়িত্ব পালন করছেন অনিন্দিতা বড়ুয়া। নারীদের কাজ ও তাঁদের প্রতি পুরুষ পুলিশ সদস্যদের মনোভাব কেমন—এমন প্রশ্ন ছিল অনিন্দিতা বড়ুয়ার কাছে। তিনি বলেন, ‘নারীরা নিজের যোগ্যতা ও পেশাগত দক্ষতায় এখন সব পেশায় এগিয়ে যাচ্ছেন। পুলিশ প্রশাসনও এর ব্যতিক্রম নয়। কর্মস্থলে আমি এ পর্যন্ত কোনো রকম বাধার সম্মুখীন হইনি। অভিযান থেকে দাঙ্গা দমন পর্যন্ত সব কাজেই পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা।’