৮ ডিসেম্বর প্রথম আলোর কার্যালয়ে মুক্তিযোদ্ধা আমীন আহম্মদ চৌধুরীর সঙ্গে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক আড্ডায় মেতেছিলেন। মুক্তিযুদ্ধ-বিষয়ক সে আড্ডার নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।যে স্বপ্ন নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আর ৩৯ বছর পর এখনকার যে বাংলাদেশ—আপনি এ দুই স্বপ্নের মধ্যে কোনো ফারাক দেখেন কি?আমাদের স্বপ্ন ছিল শোষণমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। অর্থনৈতিক বৈষম্য কমিয়ে বাঙালির জীবনমান উন্নয়নের স্বপ্ন। পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিন্তু রাজনৈতিকভাবে খুব সচেতন ছিল। তখন ভাষা আন্দোলনের পর বাঙালি জাতীয়তাভিত্তিক একটা আন্দোলন গড়ে ওঠে। আমাদের অত্যন্ত উন্নতমানের সাংস্কৃতিক ঐতিহ্য, এর ওপর বরাবরই পাকিস্তানিরা আধিপত্য বিস্তার করে বিজাতীয় সংস্কৃতি চালিয়ে দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে এ দেশের সর্বস্তরের মানুষ ছিল সোচ্চার। আমরা উর্দু ভাষার বিরুদ্ধে ছিলাম না। আমাদের বিদ্বেষ আধিপত্যবাদের বিরুদ্ধে। অনৈতিক আধিপত্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। তারা কোন কোন ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল?রাজনৈতিকভাবে তারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। জীবনের সব ক্ষেত্রেই আমরা চরমভাবে অর্থনৈতিক বৈষ্যম্যের শিকার হতাম। আমাদের ভূখণ্ডকে তারা কলোনি মনে করত। সেনাবাহিনীর কথাই ধরো, আমরা বাঙালি সৈনিকেরা রুটি খাব না ভাত খাব, সেটা নিয়েও লড়াই করতে হয়েছে।তারা আমাদের নিম্নমানের মানুষ মনে করত। তারা ভাবত, বাঙালিরা কখনোই নিজেরা নিজেদের শাসন করতে পারবে না। শাসনক্ষমতার দায়িত্ব তাই তাদেরই নিতে হবে। এভাবেই তো বৈষম্যের শুরু। পাকিস্তানি সেনাদের চিন্তার জগৎ ছিল অত্যন্ত সংকীর্ণ। সৈনিক হিসেবে তারা উন্নতমানের হলেও সাধারণ জনগণকে তারা সহজভাবে গ্রহণ করতে পারত না। তাদের মানসিকতা ছিল—ওয়ান বুলেট ওয়ান ডেডবডি।আর আপনারা কী চেয়েছিলেন?বঙ্গবন্ধুর ছয় দফাতেই বাঙালির চাওয়া-পাওয়া স্পষ্ট ছিল। আমরা প্রথমে স্বায়ত্তশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম জনপ্রতিনিধি দিয়ে এই দেশ পরিচালিত হোক। সেখানে রাজা-বাদশার কোনো স্থান থাকবে না। আর পাকিস্তানের মানসিকতা ছিল সম্পূর্ণভাবে আলাদা। এটা তাদের বোঝানো সম্ভব হয়নি। একাত্তরের ১ থেকে ২৫ মার্চ পর্যন্ত পশ্চিম পাকিস্তানি যতগুলো আর্মি অফিসার এসেছে, সবাইকে আমরা বুঝিয়েছি: জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া সমস্যার সমাধান হবে না। তারা সে নীতিতে বিশ্বাসী ছিল না। আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম, তারা পরিপূর্ণভাবে গণতন্ত্রে আস্থা স্থাপন করেছিলাম। অন্যায়ের বিরুদ্ধে জনগণ যেমন লড়েছে, সেই চেতনা আমাদেরও নাড়া দিয়েছে। কিন্তু আমরা তো ডিসিপ্লিন ফোর্স। আমরা সহজে আবেগ দেখাতে পারি না। আমরা বাঙালি অফিসাররা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় থেকেছি। আমরা মানুষের ত্যাগ-তিতিক্ষা দেখেছি। আমরা আসাদকে মরতে দেখেছি। আমরা সার্জেন্ট জহুরুল হককে মরতে দেখেছি। এসব ঘটনা আমাদের জনগণের প্রতি সংবেদনশীল হতে সাহায্য করেছিল।স্বাধীনতার পর আপনারা কি আপনাদের স্বপ্নমতো দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন?সৈনিকদের কাজ ছিল যুদ্ধ করা। যুদ্ধ পরিচালনা করা। দেশ স্বাধীন হওয়ার পর দেশ কীভাবে পরিচালিত হবে, সেটা ছিল রাজনীতিবিদদের বিষয়। সেখানে আমাদের কিছুই বলার থাকে না। থাকা উচিতও নয়। পলিটিক্স ইজ নট আ কাপ অব টি ফর আ সোলজার। সৈনিকদের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়।মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে নানা কথা শোনা যায়। আমরা ১৯৯৬ সালে বইতে এক রকম পড়লাম, পরের বছর পুরো পাল্টে গেল ইতিহাস। এই বিতর্ক কীভাবে দূর হবে?এ বিতর্ক অনাকাঙ্ক্ষিত। বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, তা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। পত্রপত্রিকা, স্বাধীনতার দলিলপত্রে এর সুস্পষ্ট উল্লেখ রয়েছে। সত্তরের নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু তখন মেজরিটি পার্টির নেতা। তাঁর কাছে জনগণের ম্যান্ডেট ছিল, মেজরিটি পার্টির নেতা হিসেবে তিনি ছাড়া আর কারও স্বাধীনতা ঘোষণার বৈধতা ছিল না। তবে জিয়ার অবদানও অনেক গুরুত্বপূর্ণ। ২৭ মার্চ ঘোষণাপত্র পাঠ ছাড়াও জিয়া কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং পরবর্তী সময়ে জেড ফোর্সের প্রধান। ১৯৭২ সালে দেশে ফিরে বঙ্গবন্ধু যদি জিয়ার গায়ে হাত বুলিয়ে বলতেন, তুই একটা সাহসের কাজ করেছিস। তাহলে এই বিভ্রান্তি বলে কিছু থাকতই না। ইতিহাসে যাঁর যা অবদান, তাঁর মর্যাদা দেওয়া উচিত।ইতিহাস জানতে চাইলে তোমাদের তখনকার পত্রপত্রিকা দেখতে হবে। মৌখিক বক্তব্য শুনে এক পেশে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের কাজ কী? গবেষণা করা। তা না হলে তো বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। তোমরা কলকাতায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে যাচ্ছ না কেন? ইন্ডিয়ান সেনা হেডকোয়ার্টারে যাচ্ছ না কেন? মুক্তিযুদ্ধের কার্যক্রম ডকুমেন্টেড অবস্থায় আছে। তা খুঁজে খুঁজে বের করতে হবে। তথ্যভিত্তিক উপাত্ত নিয়ে ইতিহাস নির্মাণ করতে হবে।অনেকে মনে করেন ৭ মার্চেই স্বাধীনতা ঘোষণা করা উচিত ছিল। আমি মনে করি, তা ছিল না। কারণ, পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অংশ তখনো মানসিকভাবে প্রস্তুত হয়নি। ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি যদি হুকুম দিবার না-ও পারি...।’ এ কথার আগ পর্যন্ত আমরা আকার-ইঙ্গিতে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে তুলতে চেষ্টা করি। তিনি সংলাপ চালিয়ে যাচ্ছিলেন, এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদীতে বিশ্বাসী নয়। পাকিস্তান আক্রমণ করার আগেই আমরা যদি স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আক্রমণ শুরু করতাম, তাহলে বিশ্বজনমত আমাদের বিরুদ্ধে চলে যেতে পারত। বঙ্গবন্ধু এবং তাঁর সহকর্মী রাজনৈতিক নেতারা এ কথা ঠিকই বুঝেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের কোনো স্বার্থকে কখানোই বিসর্জন দিতে চাননি। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ করে বসলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা অনিবার্য হয়ে ওঠে। জনগণ বঙ্গবন্ধুর পক্ষে যত্রতত্র স্বাধীনতা ঘোষণা করে। বিশ্বজনমত আমাদের পক্ষে চলে আসে। মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কিন্তু সামরিক যুদ্ধ নয়। মুক্তিযুদ্ধ হচ্ছে জনযুদ্ধ। এটি একটি রাজনৈতিক ইস্যু।মুক্তিযুদ্ধের পর আপনাদের, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজনের কথা আমরা শুনি। ভাই ভাই হয়ে সবাই একসঙ্গে যুদ্ধ করলেন। স্বাধীনতার পর সেটা ভেঙে গেল কেন?আমি বলব, শুধু ব্যক্তিস্বার্থের কারণে। গ্রামের দিকে এটা কম হলেও শহরাঞ্চলে হয়েছে। শহরে থেকে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁরাই বাড়িঘর দখল করার চিন্তায় থেকেছেন। ধনী হতে চেয়েছেন। হয়েছেনও। অথচ মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন নিজে কাপড় কাচতেন। তাজউদ্দীন ও সৈয়দ নজরুল সবাই সরল জীবনযাপন করতেন। একটি ঘরে দুটি চৌকিতে তাঁরা থাকতেন। ভারতীয় সরকার তাঁদের হোটেলে রাখতে চেয়েছিল, কিন্তু তাঁরা রাজি হননি। চারটা ডাল-ভাত খেতেন। তাঁদের হূদয়ে দেশপ্রেম ছিল। বর্তমানে আমাদের রাজনীতিতে দেশপ্রেমের ঘাটতি না থাকলেও সম্পদ আহরণের লোভে আমরা নানা অপকর্মে সদা লিপ্ত হয়ে রাজনীতিকে ভীষণভাবে কলুষিত করে বেড়াচ্ছি। এটাই এ দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য।জাতীয় স্বার্থ কেন ব্যক্তিস্বার্থে পরিণত হলো? কারণ, আমাদের বন্ধনটা শক্ত হওয়ার আগেই আমরা স্বাধীনতা পেয়ে গেছি। যুদ্ধটা যদি পাঁচ বছর চলত, তাহলে সত্যিকারের আগুনে পোড়া মানুষ পাওয়া যেত। যুদ্ধটা যেহেতু নয় মাসে শেষ, অস্ত্র যে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না, এটা শেখার আগেই আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা মানেই কিন্তু লাগাম ছাড়া কাজকর্ম নয়—এই বোধশক্তিটা আমাদের মধ্যে আসতে পারেনি। আমি যুদ্ধ করে এসেছি, সুতরাং দেশটা এখন আমার—এ রকম একটা ভাব ছিল তখন অনেকের মধ্যে। এর মূল্যও দেশকে দিতে হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে ‘আমি’ বলে কোনো শব্দ নেই। সেখানে সব ‘আমরা’। কিন্তু বাংলাদেশের শুরুতে ‘আমি’ খুব প্রবল হয়ে উঠেছিল। যার প্রভাব এখনো এ দেশকে আচ্ছন্ন করে রেখেছে। তোষামোদী এখন একটি লাভজনক পেশা, ক্ষেত্রবিশেষে সম্মানজনকও বটে।স্বাধীনতাযুদ্ধে আদিবাসীদের অবদান আছে কি? অবশ্যই আছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া পার্বত্য চট্টগ্রামের বেশির ভাগ আদিবাসীই মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অংশ নিয়েছে। চাকমা, মারমাসহ অন্যরা যুদ্ধ করেছে। প্রায় ৩৫০ চাকমা যুদ্ধ করেছে। পাকিস্তান ফুটবল দলে খেলতেন কিংবদন্তি ফুটবলার মারি। তিনি মেজর শওকত আলীর স্টাফ অফিসার ছিলেন। মারমা সম্প্রদায়ের সুবেদার ইউকোচিং যে বীর বিক্রম খেতাব পেয়েছেন, তা তিনি জানতেনই না। ময়মনসিংহের হালুয়াঘাটের এক থানাতেই তিন শতাধিক গারো (মান্দি) আদিবাসী যুদ্ধ করেছে। রাজশাহী-রংপুর অঞ্চলে ওঁরাও-সাঁওতালরা যুদ্ধ করেছে। আরও অনেক আদিবাসী যুদ্ধ করেছে। তাদের অবদান খুঁজে বের করা তোমাদের কর্তব্য।মুক্তিযুদ্ধে তাদের অবদানের কি মূল্যায়ন হয়েছে?আমি বলব, এদের মূল্যায়ন কম হয়েছে। অনেক ক্ষেত্রে অবিচারও করা হয়েছে। যেমন: জেনারেল জিয়ার সময় পার্বত্য অঞ্চলে বলপূর্বক বাঙালি বসতি গড়ে তোলা হয়েছে। এটা ঠিক হয়নি। পাঞ্জাবিরা যা আমাদের সঙ্গে করতে চেয়েছিল, আমরাও তাদের সঙ্গে তাই করেছি। ফলে অবিশ্বাস তৈরি হয়েছে। আমি যখন পার্বত্য চট্টগ্রামে কর্মরত, তখন পার্বত্য চট্টগ্রামের ভেতরে কোনো সেনানিবাস না করে বহিরাঞ্চলে যেমন রামগঞ্জ, ফটিকছড়ি, কাপ্তাই অঞ্চলে সেনাক্যাম্প তৈরি করার কথা বলেছিলাম। চাকমা, মারমা, বোমাং—এই তিন সার্কেলে ব্রিটিশরা তাদের ভাগ করেছিল। তাদের আলাদা আলাদা রাজা ছিল। আমরাও যদি সে রকম করতাম। আমরা সেটা না করে আদিবাসীদের নিজস্ব জনজীবন ও প্রশাসনে হাত দিতে গিয়েছি। এ সিদ্ধান্ত সঠিক ছিল না। দীর্ঘদিন যুদ্ধাবস্থাও সেখানে বিরাজ করেছে। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর থেকে সেখানে প্রায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। পার্বত্য চুক্তি অনেক ভালো, যদি এর যথার্থ প্রয়োগ হয়।বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?বঙ্গবন্ধু ছিলেন উদার মানুষ। যুদ্ধের সময় সংঘটিত ভয়াবহ সব ঘটনার সঙ্গে আপনাকে এর মানবিক দিকটাও দেখতে হবে। একজন জাতীয় নেতার মধ্যে এ ধরনের বড় মহৎ গুণ থাকা একান্তভাবে বাঞ্ছনীয়। জিঘাংসার বশবর্তী হয়ে বঙ্গবন্ধু কোনো কাজ করেননি। দেশ স্বাধীনের পর ৩৭ হাজার দালাল ও রাজাকারকে গ্রেপ্তার করা হয়েছিল। ধর্ষণ, খুন ও ঘরবাড়ি জ্বালানো বা কোনো ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে, তাদের ছাড়া বাকিদের তিনি মাফ করে দিয়েছিলেন। এর পরও ১০ হাজার ৭০০ জন বিচারাধীন ছিল। তার থেকে ৭৩৭ জনের বিরুদ্ধে শাস্তির রায়ও দেওয়া হয়েছিল। এ অবস্থায়ই ঘটে ১৯৭৫-এর ১৫ আগস্টের মর্মান্তিক রাজনৈতিক পালাবদল। সে বছরের ডিসেম্বরেই দালাল আইনটাই রহিত করা হয়। বলা হয়, বঙ্গবন্ধু সবাইকে মাফ করে দিয়েছেন—এটি অসত্য কথা। এসব বলে বিচারাধীন আসামিদেরও ছেড়ে দেওয়া হলো। যারা শাস্তি পেয়েছে, তাদেরও ছেড়ে দেওয়া হয়। এসবই ছিল মারাত্মক ভুল ও অন্যায়। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, সে সমান অপরাধী।কিছু চিহ্নিত রাজাকার বলা শুরু করেছে, ১৯৭১ সালের যুদ্ধটা ছিল আসলে ভারত-পাকিস্তান যুদ্ধ। এ বিষয়ে আপনার কী মত?এটা হয়তো কিছু যুদ্ধাপরাধী নিজেদের অপকর্ম ও গর্হিত সব কদর্য অপরাধ আড়াল করার জন্য বলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কেউ এ রকম কথা বললে বুঝতে হবে, স্বাধীন বাংলাদেশে তার বিশ্বাস নেই। বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে। তবে এটা ঠিক, বাংলাদেশের স্বাধীনতায় ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইন্দিরা গান্ধীর অবিস্মরণীয় অবদান রয়েছে। এককভাবে বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গঠনে ইন্দিরা গান্ধী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছিলেন। বস্তুত, ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে পড়ালেখা করেছেন। রবীন্দ্রনাথের স্নেহে তিনি ধন্য হয়েছিলেন বলেই বাঙালি সংস্কৃতির সঙ্গে তাঁর ভালো বোঝাপড়া ছিল বলেই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এমন করে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৬ ডিসেম্বর ভারত আমাদের স্বাধীনতার স্বীকৃতি দিলেও পরোক্ষভাবে ভারত আমাদের স্বাধীন দেশ বলে মেনে নেয় ২১ নভেম্বরেই। সেদিন বাংলাদেশ-ভারত একসঙ্গে মিলে যৌথ কমান্ড গঠন করা হয়। যৌথ কমান্ডের প্রধান ছিলেন বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট। আর ফিল্ড কমান্ডার হিসেবে রইলেন জেনারেল অরোরা। আত্মসমর্পণ অনুষ্ঠান নিয়ে যে সমালোচনা, সেটাও অযৌক্তিক। যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে বলেই যৌথ বাহিনীর ফিল্ড কমান্ডার জেনারেল অরোরা এর নেতৃত্ব দেন। আমাদের স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সেনাদের বিরাট অবদান রয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের প্রায় তিন হাজার সেনা মারা গেছে।যুদ্ধাপরাধের বিচার নিয়ে আপনি কতটা আশাবাদী? এর আগেও একবার শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। বিচারটা হয়নি। আমরা তরুণ প্রজন্ম হতাশ, এই বিচার আসলে হবে কি না। আপনি কি মনে করেন, যুদ্ধাপরাধীদের বিচার এই সরকারের আমলে হবে? আমি আশাবাদী। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাহস থাকতে হবে। আর বিশ্বাস করতে হবে যে তারা যুদ্ধাপরাধী। বিশ্বাস রাখতে হবে যে আমি একটা দোষী লোককে শাস্তি দিচ্ছি। তবে এর সঙ্গে রাজনৈতিক লাভ-লোকসানের বিষয় জড়িয়ে পড়লে বিচার বাধাগ্রস্ত হতে পারে। যখনই কেউ রাজনৈতিক ফায়দা লুটতে চাইবে, তখনই তাকে পিছে হটতে হবে।তবে যুদ্ধাপরাধীদের বিচার একটা আইনি প্রক্রিয়া। সিনিয়র মুক্তিযোদ্ধাদের অপরিণামদর্শী সব কার্যকলাপের কারণে যথাসময়ে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়নি। এ লজ্জা আমাদের সবার। আমরা তখন চেয়ার দখল নিয়ে ব্যস্ত থেকেছি। আর তারা ফাঁকতালে আমাদের ভেতরে এমনকি প্রশাসনে অনুপ্রবেশ করতে সক্ষম হয়।যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের এখনো আইনের অধীনে শাস্তি দেওয়া সম্ভব। তবে স্বাধীনতার পরপরই বিচারটা করা যত সহজ হতো, এখন ততটা সহজ নয়। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাটা যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে বিচার করাটা কঠিন হবে। তবু যত কঠিনই হোক, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা থাকাটা কতটা যৌক্তিক? বিসিএস পর্যায়ে মুক্তিযোদ্ধা কোটার কারণে অনেক মেধাবী পিছিয়ে পড়ছে। আপনার কী মত?ব্যক্তিগতভাবে আমি বলব, বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধার পোষ্য কোটা থাকা উচিত নয়। মেধার কোনো বিকল্প নেই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে ৫ বা ১০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকতে পারে। দেশের স্বার্থে প্রশাসনের শীর্ষ পর্যায়ে মেধার ভিত্তিতেই নিয়োগ হওয়া উচিত। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এ রকম একটা পথও অবশ্যই থাকতে হবে। আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কি মনে করেন সমাজে মুক্তিযোদ্ধাদের পুরোপুরি মূল্যায়ন করা হচ্ছে?মূল্যায়নের জন্য কি কেউ যুদ্ধ করেছে? আমি তো কারও পরামর্শ নিয়ে যুদ্ধ করিনি। কারও মূল্যায়নের জন্য অপেক্ষা করিনি। আমার মা জানতেনই না, আমি কোথায় আছি। কিন্তু তিনি আমার জন্য নামাজ পড়ে দোয়া করতেন। মাকে যে ভালোবাসে, সে অন্যের মূল্যায়নের প্রতি তাকাতে অভ্যস্ত নয়। আমরা মায়ের মতো দেশটাকে ভালোবেসে যুদ্ধ করতে গিয়েছি। কোনো কিছু পাওয়ার জন্য, কোনো পদবি-পদক বা স্বীকৃতি পাওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি। আমাদের সবচেয়ে বড় গৌরবের সম্মান যে আমি একজন মুক্তিযোদ্ধা।বাংলাদেশের প্রায় সাড়ে সাত কোটি মানুষই যুদ্ধ করেছে। অস্ত্র হাতে যুদ্ধ করেছে এক লাখ ৩২ হাজার থেকে দেড় লাখ। এর মধ্যে ৯০ শতাংশ লোক ছিল গ্রামের মানুষ— প্রধানত কৃষক শ্রেণীর। যাদের মুখে কোনো ভাষা ছিল না। চোখে ছিল আগুন। সেই আগুনে পুড়ে মরেছেন ইয়াহিয়া খান। তাদের ভাষা ছিল না বলে তারা লিখে যেতে পারেনি তাদের যুদ্ধের কাহিনি। তাঁরা মূল্যায়নের জন্য যুদ্ধ করেননি।জীবনযুদ্ধে সেই সব কৃষক-মুক্তিযোদ্ধারা এখনো লড়ছে। আপনি কি মনে করেন?তদানীন্তন পূর্ব পাকিস্তানে নয় লাখ টন চাল হতো। এখন হয় সাতাশ থেকে উনত্রিশ লাখ টন। কৃষকের এই যে অবদান, তা ভোলার নয়। তারাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। কায়িক পরিশ্রম করে দেশটাকে তারা সচল রেখেছে। দেশের জিডিপির বেশির ভাগ এখনো কৃষি খাত থেকে আসে। কৃষকই এ দেশের বৈজ্ঞানিক, কৃষকই এ দেশের মূল চালিকাশক্তি। আমরা যারা এই প্রজন্মের তরুণ, মুক্তিযুদ্ধ সামনাসামনি দেখিনি। এ প্রজন্মের একজন হয়ে আপনার কাছে জানতে চাই, আমাদের কাছে আপনার প্রত্যাশাটা কী?যে আশা যে উদ্দীপনা, যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেখানে আমরা আশাহত। প্রশাসনে শাসক হিসেবে আমরা এখনো অনেক দুর্বল। সব সরকারের ক্ষেত্রে এটা সত্য। শাসক হিসেবে প্রথম দায়িত্ব হলো নিরপক্ষেতা। আমরা প্রশাসক হিসেবে কোনো ভালো উদাহরণ সৃষ্টি করতে পারিনি। সমালোচনাকে যদি তুমি সহ্য করতে না পার, তাহলে তুমি বড় হতে পারবে না। আমাদের দেশে এটার চর্চা নেই। এটা শুরু করতে হবে।মুক্তিযুদ্ধ তোমাদের একটি পতাকা দিয়েছে। এটাকে ধরে রাখা তোমাদের কর্তব্য। আর ধরে রাখতে হলে ছাত্রছাত্রী হিসেবে প্রধান কাজ হচ্ছে জ্ঞানচর্চা করা। জানোই তো, ছাত্রনাম অধ্যয়নং তপঃ। ‘নো দাইসেলফ’—নিজকে জানো, সক্রেটিসের কথাটা মেনে চলো। নিজের দেশকে জানো। নিজের দেশকে ভালোবাসো। দেশের ভালোবাসার নির্যাসই হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তমনে চিন্তা করবে। মুক্তমনে চিন্তা করে দেশকে ভালোবেসে, যেটা দেশের জন্য কল্যাণকর, শুধু সেটাই করবে।আশা নিয়েই আমরা বেঁচে আছি। ভবিষ্যতে আমি মনে করি, এই প্রজন্মে তোমরা যারা আছ, জনগণকে সঙ্গে নিয়ে তোমরাই সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবা।আড্ডায় যাঁরা অংশ নিয়েছেনমুক্তিযোদ্ধা আমীন আহম্মদ চৌধুরী: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধীনে অষ্টম ইস্ট বেঙ্গলে কোম্পানি কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন।মোস্তফা মাহবুব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় সুধা কুররাতুল, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় নাজমুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় শোভন সাহা, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়নজরুল ইসলাম, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়হাসান মাহমুদ, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়রাকিবুল ইসলাম, শিক্ষার্থী, বাংলাদেশ কলেজ অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিআরিফুল ইসলাম, শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিশিরিন হক, শিক্ষার্থী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশমুন্নুজান ইয়াসমিন, শিক্ষার্থী, হলিক্রস কলেজকাজী শরিফুল ইসলাম, শিক্ষার্থী, সরকারি টঙ্গী কলেজরাবেয়া রহমান, শিক্ষার্থী, লালমাটিয়া মহিলা কলেজমোহাইমিনুল কবির, শিক্ষার্থী, ঢাকা কলেজমুহিত হাসান, শিক্ষার্থী, ঢাকা কলেজরাইসুল আরাফাত, শিক্ষার্থী, ঢাকা কলেজনাহিয়ান বিন খালেদ, শিক্ষার্থী, ঢাকা কলেজসামসুল হক, শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিফাত সামী, শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নাঈমা খাতুন, শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকানাজমুল হাসান, শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজইশতিয়াক খান, শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজপুরো আড্ডার সমন্বয়ক ছিলেন ফিরোজ জামান চৌধুরী