যোদ্ধার মুখে যুদ্ধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনতে তিন বীর মুক্তিযোদ্ধাকে ঘিরে আসর বসেছিল রামু উপজেলা পরিষদসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রণাঙ্গনের বীরত্বগাথা ও বিভীষিকার গল্প শুনে মাঝেমধ্যে শিউরে উঠছিলেন শ্রোতারা। কখনো মনে হচ্ছিল মুক্তিযুদ্ধ যেন চলছে তাঁদের চোখের সামনে। আর এসব গল্পের নায়ক ছিলেন রামুর তিন বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ, মোজাফ্ফর আহমদ ও রমেশ বড়ুয়া।বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনো’ শীর্ষক এ আসরের আয়োজন করে প্রথম আলো রামু বন্ধুসভা। ১৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা ছাড়াও স্থানীয় সুশীল সমাজ, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে স্বাগত জানান। এরপর আয়োজন সম্পর্কে ধারণা দেন বন্ধুসভার সভাপতি অধ্যাপক নীলোৎপল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক সুনীল বড়ুয়া। বক্তব্য দেন কবি সুলতান আহম্মদ মনিরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মোহাম্মদ আলম, জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের পরিচালক প্রসূন বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রামু শাখার সহসভাপতি দুলাল বড়ুয়া প্রমুখ। প্রতিক্রিয়া জানিয়ে মুক্তিযোদ্ধা আবু আহমদ বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সংবর্ধিত করা হয়, ফুল দেওয়া হয়। কিন্তু ভুয়াদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা অসহায়।মোজাফ্ফর আহমদ বলেন, ‘আমি কোনো অনুষ্ঠানে ফুল নিই না। কারণ আমাদের সঙ্গে যুদ্ধাপরাধীদেরও ফুল দেওয়া হয়।’ তিনি এলাকার চিহ্নিত যুদ্ধাপরাধীদের সম্পর্কে খোঁজ নিয়ে তাঁদের সম্পর্কে সতর্ক থাকার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। রমেশ বড়ুয়া বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের শ্রদ্ধা আর ভালোবাসার ফুল পেয়ে মনে হচ্ছে আজই একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলাম।’ তিন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা, স্বাধীনতাবিরোধীদের পরিচয়সহ নানা বিষয়ে প্রশ্নও ছিল বন্ধুসভার বন্ধুদের। প্রশ্ন করেন ঝন্টু বড়ুয়া, দিবস বৈদ্য, দেলোয়ার হোসেন, কাজী মো. ইউসুফ, ইমন বড়ুয়া, রকি বড়ুয়া, সজল বড়ুয়া, অভিষেক পাল, মোহাম্মদ আল আমিন, সৌরভ বড়ুয়া, স্বদীপ বড়ুয়া, মান্না বড়ুয়া, পুলক বড়ুয়া প্রমুখ।