যৌতুক দাবি, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরণপোষণসহ স্ত্রীর সব দায়িত্ব স্বামীর। শাহজাহান নামের এক ব্যক্তি বিয়ের এক বছরের মাথায় উল্টো স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি করেন। সময়মতো টাকা না পাওয়ায় স্ত্রীর ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। একপর্যায়ে যৌতুকবিরোধী আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। আদালতে সম্প্রতি এই অভিযোগ প্রমাণিত হয়। স্বামীকে কারাদণ্ড দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। উল্লেখ্য, ঘটনাটি ঘটে নগরের পতেঙ্গা থানা এলাকায়। প্রথম আলোর নীতি অনুযায়ী এক্ষেত্রে স্ত্রীর নাম প্রকাশ করা হয়নি। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। অভিযোগকারী (শাহজাহানের স্ত্রী) জবানবন্দিতে বলেন, ‘আসামি শাহজাহান আমার স্বামী। তাঁর সঙ্গে বিয়ে হয় ২০০৯ সালে। আমার স্বামী আমার কাছে ২০১০ সালের ১০ মে যৗতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করলে আমাকে মারধর করে সন্ধ্যায় ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে আমি মামলা করি।’আদেশে বলা হয়, অভিযোগকারী অভিযোগের সমর্থনে সুস্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছেন। অন্য সাক্ষীরা তাঁকে সমর্থন করেন। অভিযোগকারী এবং তাঁকে সমর্থনকারী অন্য সাক্ষীদের সাক্ষ্য থেকে যদি এমন পারিপার্শ্বিক অবস্থা আদালতের সামনে ফুটে ওঠে, যা অপরাধের সঙ্গে আসামির সম্পৃক্ততাকে নিশ্চিত করে। এক্ষেত্রে আসামিকে দোষী সাব্যস্ত করা যায়। সাক্ষীদের বক্তব্যে আদালতের সামনে ঘটনার যে অবস্থা উপস্থাপিত হয়েছে তাতে আসামি যে নির্দোষ তা কোনোভাবেই বলা যায় না। সবকিছু মিলিয়ে বলা যায়, উপস্থাপিত সাক্ষ্য আসামির নির্দোষিতা নয় বরং দোষিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আদেশে বলা হয়, যৌতুক একটি সামাজিক ব্যাধি। বিয়ের মতো একটি পবিত্র এবং স্বর্গীয় বন্ধনকে পুঁজি করে যৌতুক আদায়ের যে প্রচেষ্টা লক্ষ্য করা যায় তা সত্যি নিন্দনীয়। এই যৌতুক প্রথা বিবাহপূর্ব আলোচনার সময় এবং বিয়ের পরে ভয়াবহ পারিবারিক জটিলতা সৃষ্টি করে। সংসার থেকে পালিয়ে যায় সুখ নামের পাখি। এমনকি বিয়ের আসরেও লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এই যৌতুক সমাজের ওপর একটি অর্থনৈতিক চাপও বটে। অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। হয়ে পড়ে ঋণগ্রস্ত । শুরু হয় এক দুঃখজনক বিড়ম্বনা । রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘হৈমন্তী’ গল্পে সেই মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। গল্পে বলা হয়, ‘....এমনিভাবেই দিন চলিয়া যাইতে পারিত, কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল। ব্যাপারখানা এই—আমার বিবাহে আমার শ্বশুর পনেরো হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়াছিলেন। বাবা তাঁহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে পনেরো হাজার টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে, তাহার সুদও নিতান্ত সামান্য নহে। লাখ টাকার গুজব তো একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাঁহার কোনোদিন কোনো আলোচনাই হয় নাই, তবু বাবা জানি না, কোন্ যুক্তিতে ঠিক করিলেন, তাঁহার বেহাই তাঁহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন...।’অভিযোগকারীসহ অন্য সাক্ষীদের বক্তব্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের আলোকে বিবেচনা করলে যেকোনো সাধারণ বোধসম্পন্ন মানুষের মতো এই আদালত ধরে নিতে পারে—আসামি যৌতুক দাবি করেছেন। এই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। তাই আসামি শাহজাহানকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেওয়া হলো।